মেহেদি রাঙানো হাত

ঈদের কথা শুনলেই প্রথমে কোন শব্দগুলো মাথায় আসে? ফিরনি, সেমাই, কোরমা, পোলাও, নতুন জামা আর সেলামি। আর চাঁদরাত বলতেই অধিকাংশ মেয়ের সবার আগে মনে আসবে একটি শব্দ—মেহেদি। যুগে যুগে এই একটি জিনিসের দেওয়ার ধরন ও নকশায় পরিবর্তন এসেছে, কিন্তু আবেদন বদলায়নি একটুকুও। কিশোরী হোক আর তরুণী—দুই হাতে মেহেদি না পরলে কি আর উৎসবের আনন্দ হয়?
ঈদ পোশাকের ক্ষেত্রে যেমন একেক বছর একেক রকম চল আসে। মেহেদির নকশাতেও একেক সময় আসে একেক চল। তবে সেটি খুব দ্রুত পাল্টায় না। আর মজার বিষয় হলো মেহেদির নকশা কেমন হবে বা ঈদে হাতে কতটুকু মেহেদি লাগানো হবে, তা কিন্তু অনেকটাই নির্ভর করে পোশাকের নকশার ওপর। জামার হাতা ছোট হলে কবজির নিচ পর্যন্ত নকশা নেমে যেতে পারে। কিন্তু ফুলহাতা বা থ্রি-কোয়ার্টার হলে শুধু হাতের তালুতে মেহেদির নকশা ভালো দেখাবে।

কথা হলো মেহেদি বাই শঙ্খর পরিচালক সায়মা ফেইরুজের সঙ্গে। তিনি বলেন, তরুণীরা এখন ভারী নকশার মেহেদি দিতে পছন্দ করেন না। দেখতে হিজিবিজি মনে হয়, এমন নকশার চেয়ে সাধারণ ও ফাঁকা ফাঁকা নকশার মেহেদিই এখন চলছে বেশি। ইদানীং হাত ভরে মেহেদি না দিয়ে শুধু পাঁচ আঙুলে মেহেদি দেওয়ার চল চোখে পড়ছে। আর ওপর পিঠে অনেকে শুধু একটি আঙুলেও মেহেদি পরছেন। এক আঙুলে মেহেদি দিলে সে ক্ষেত্রে মধ্যমাতে লাগানোই ভালো। সায়মা বলেন, গত বছর পর্যন্ত ঐতিহ্যবাহী নকশায় মেহেদি দিতেন তরুণীরা, কিন্তু এ বছর আধুনিক নকশাই বেশি চলবে। মেহেদি দিয়ে এবার হাতে ফুটিয়ে তোলা হবে ফুল ও লতাপাতার নকশা। সূক্ষ্ম নয়, এবার থাকবে বড় ও মোটা নকশার প্রাধান্য।

তবে একটা বিষয় উল্লেখ না করলে চলবেই না। ফ্যাশনের গতিবিধি পরিবর্তন হয় চলতি ট্রেন্ড বুঝে, কিন্তু প্রত্যেকরই তো নিজস্ব একটি স্টাইল বা পছন্দ থাকে। সেই ব্যক্তিগত স্টাইল অনেক সময় চলতি হাওয়ার ধার ধারে না। কাজেই ঈদে ঐতিহ্যবাহী পোশাক অর্থাৎ শাড়ি, আনারকলি ও কামিজের সঙ্গে চাইলে ঐতিহ্যবাহী নকশার মেহেদিও পরতে পারেন। আর সব ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যায় এমন কিছু করতে চাইলে অর্নামেন্টাল নকশাই যথার্থ। পাশ্চাত্য ঘরানার যেকোনো পোশাকের সঙ্গেও এ ধরনের নকশা দেখতে খারাপ লাগবে না। আর ঈদের সময় ফুর্তি যতই হোক, তার সঙ্গে বাড়িতে কাজকর্ম, অতিথি আপ্যায়নও তো থেমে থাকে না। তাই ঈদের সময় অনেকেই হাতের শুধু ওপর পিঠে মেহেদি লাগান। এটা বেশ ভালো বুদ্ধি। কারণ, ওপরে লাগালেই বেশি চোখে পড়বে। আর এটিই এখনকার ধারা।