মেহেদির রঙে রাঙা কনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেদি ছাড়া বাঙালি বধূর সাজ কি আর পূর্ণতা পায়? সময়ের সঙ্গে সঙ্গে মেহেদি লাগানোর ধরন ও নকশায় অনেক পার্থক্য দেখা দিলেও বাঙালির বিয়েতে এর আবেদন রয়ে গেছে ঠিক আগের মতোই।রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খানের মতে, বিয়ের দিন কনের দুই হাত ভরে মেহেদি দিলেই দেখতে বেশি সুন্দর লাগে। কনেরা হাতের কনুইয়ের আগ পর্যন্ত মেহেদি লাগাতে পারেন। বিয়ের মেহেদির ক্ষেত্রে সাধারণত হাতভরা বিভিন্ন আলপনা ও সূক্ষ্ম নকশাই প্রাধান্য পেয়ে থাকে। এ মৌসুমেও এর ব্যতিক্রম ঘটবে না। তবে পানচিনি বা আকেদর মতো ঘরোয়া অনুষ্ঠানে হাতে হালকা নকশা করার পরামর্শ দেন তিনি। কারণ, এই অনুষ্ঠানের সাজ, গয়না, পোশাক সবকিছুই বিয়ের মূল অনুষ্ঠানের তুলনায় কিছুটা হালকা হয়ে থাকে। তাই সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে হাতের মেহেদির নকশাটাও হওয়া চাই মানানসই।অনেক সময় দেখা যায়, কারও কারও হাতের ওপরের পিঠে মেহেদি লাগালে দেখতে ভালো লাগে না। সে ক্ষেত্রে কানিজ আলমাস খান হাতের ওপরের পিঠে মেহেদি না লাগানোরই পরামর্শ দেন। কারণ, তাঁর মতে, সব মেয়েই চান তাঁর বিয়ের সাজটা হোক যথার্থ এবং এই বিশেষ দিনটায় তাঁকে দেখতে লাগুক সবচেয়ে সুন্দর। এ জন্যই এ দিনে কনের উচিত হবে বেমানান যেকোনো সাজ এড়িয়ে চলা।এ তো গেল বিয়ের মেহেদির নকশার কথা। তবে শুধু মেহেদি লাগালেই তো চলবে না, এর রংও হওয়া চাই একদম পাকা। এখন হাতে মেহেদি লাগিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার দিন শেষ। কারণ, বাজারে এখন নানা রকমের মেহেদির টিউব কিনতে পাওয়া যাচ্ছে, যা রং ধরতে বেশি সময় লাগে না। কিন্তু রাসায়নিক ও কৃত্রিম রং মিশ্রিত থাকে বলে যাঁদের ত্বক একটু বেশি স্পর্শকাতর, তাঁদের মেহেদি নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। কারণ, বিয়ে উপলক্ষে এমনিতেই ওয়্যাক্সিং, ব্লিচ ইত্যাদি নানা রকমের পরিচর্যার ধকল যায় ত্বকের ওপর। তাই মেহেদির মান ভালো না থাকলে অনেক সময় ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে। বিয়ের আগে এমন বিপত্তি না ঘটাতে চাইলে ভরসা করতে পারেন সম্পূর্ণ রাসায়নিকমুক্ত মেহেদির ওপর। ‘মেহেদি আর্ট বাই শঙ্খ’-এর পরিচালক সায়মা ফেয়রুজ নিজের হাতে তৈরি মেহেদি দিয়ে কনের হাতে এঁকে থাকেন দারুণ সব নকশা। তাঁর কাজে সূক্ষ্ম ও স্পষ্ট নকশাই বেশি প্রাধান্য পাচ্ছে। তিনি জানালেন, কনে হাতের কত দূর পর্যন্ত মেহেদি পরবেন, তা অনেক সময় নির্ভর করে ব্লাউজের হাতার দৈর্ঘ্যের ওপর। বড় হাতার ব্লাউজ পরলে সাধারণত হাতের অর্ধেকের বেশি মেহেদি লাগানো হয় না, আবার ছোট হাতার ব্লাউজ পরলে অনেকে কনুইয়ের ওপরে বাজুর মতো করেও মেহেদি লাগাতে পছন্দ করেন। ‘রাসায়নিকমুক্ত মেহেদির রং ভালোভাবে বসানোর জন্য কয়েক ঘণ্টা রাখতে হবে এবং শুকানোর আগ পর্যন্ত এতে পানি লাগানো যাবে না।’ বললেন সায়মা ফেয়রুজ। জানালেন, মেহেদির রং আরও গাঢ় করে তুলতে চাইলে হালকা আগুনের তাপে হাত কিছুক্ষণ রাখতে পারেন অথবা শুকিয়ে যাওয়ার পর লেবুর রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে তা তুলা দিয়ে আলতোভাবে মেহেদির ওপর কয়েকবার লাগাতে পারেন। এতে রং যেমন গাঢ় হবে, তেমনি এই রং থাকবেও বেশি দিন। মেহেদি ধুয়ে ফেলার পর হাতে তেল অথবা লোশন লাগানো যেতে পারে। মেহেদি হলুদের অনুষ্ঠানের পর, বিশেষ করে বিয়ের আগের দিন লাগানোই ভালো।কানিজ আলমাস খান ও সায়মা ফেয়রুজ দুজনের মতেই, রং-বেরঙের মেহেদির চেয়ে মেহেদির আসল রঙেই বাঙালি কনের চিরায়ত রূপ ফুটে ওঠে।