সাধারণত মেয়েদেরই দেখা যায় মেহেদির নকশা করতে। হাত ভরে নানা নকশার মেহেদি দেওয়া যে একটা পেশা, সেটাও অনেকে জানেন। বিশেষ দিনে নামকরা মেহেদি আর্টিস্টের কাছে মেহেদি পরার জন্য আগে থেকে বুকিং দিতেও দেখা যায়। তবে একজন ছেলের হাতে মেহেদি দিতে লম্বা লাইন! হ্যাঁ, এমনও আছে। অন্তত শাহরিয়ার আলমের ক্ষেত্রে তেমনটাই দেখা যায়। জনপ্রিয়তার কারণে শাহরিয়ার এখন পেশাদার মেহেদিশিল্পী।
২০০৮ সালে শখের বশেই ঈদের সময় মেহেদি নকশার কাজ শুরু করেন শাহরিয়ার। তখন তিনি কিশোর। তাই মেহেদি পরানোকে যে পেশা হিসেবে নেওয়া যায়, সেটা তিনি জানতেন না। এখন ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেও পেশায় তিনি পুরোদস্তুর মেহেদিশিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আছে ‘শাহরিয়ার্স মেহেন্দি’ নামে পেজও। ফেসবুক ও ইনস্টাগ্রামে তাঁর অনুসারী আছে দেড় লাখের কাছাকাছি।
কিন্তু শাহরিয়ারের গল্পটি সহজ নয়। শাহরিয়ার বলেন, ‘ছেলে হিসেবে এই পেশায় কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতাই হয়েছে। কিন্তু ২০১৯ সালটি ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। একাই যখন আমার পেজ থেকে কাজ করা শুরু করলাম, প্রথম দিকে বেশির ভাগ কাজই বাতিল হয়ে যেত। আমার কাজ পছন্দ হলেও শুধু ছেলে বলে কাজ পাইনি। অনেকেই মনে করতেন যেহেতু মেহেদির কাজ, তাই মেয়েই হবে। যোগাযোগের সময় অনেকেই আপু বলে সম্বোধন করতেন। বিব্রত হতাম, কিন্তু শিল্পী যে একজন ছেলে, সেটা আমি বলে নিতাম। এমন অনেকবার হয়েছে কনের সমস্যা না থাকলেও তাঁর আত্মীয় ও বরপক্ষ নানা কথা বলত। আমাকে নিয়ে হাসাহাসি বা অনাকাঙ্ক্ষিত কথাও শুনেছি।’
সংস্কৃতিমনা পরিবারে বড় হয়েছেন তিনি। পরিবারের অনেক সদস্যই গান, নাচ, আবৃত্তি, অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তাই নিজেরও ছিল শিল্পের প্রতি ভালো লাগা। ছবি আঁকতে পছন্দ করতেন তিনি। আর সেখান থেকেই নকশা বা ডিজাইন করার আগ্রহ তৈরি হয়।
বড় বোন ভালো মেহেদির নকশা করতেন, যা দেখেই মূলত ইচ্ছা তৈরি। প্রথম দিকে শুধু ঈদের সময়ে শখে মেহেদির নকশা আঁকতেন শাহরিয়ার। তিনি বললেন, ‘২০১৩ সালের দিকে একজন আপুর মাধ্যমে নড়াইলে আমার বাড়ির কাছে তাঁর পারলারে প্রথম কাজ করার সুযোগ পাই। ২০১৫ সাল পর্যন্ত এখানে কাজ করেই প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছি।’
কিন্তু ২০১৬ সালে একটি মেহেদি দেওয়ার প্রতিযোগিতায় অংশ নেওয়ার শাহরিয়ারের স্বপ্ন আরও বড় হয়। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মোট ১৫ জন মেহেদিশিল্পী নির্বাচিত হয়েছিলেন। মাত্র একজনই ছিলেন ছেলে। বাকি ১৪ জন মেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন শাহরিয়ার।
নড়াইল থেকে ঢাকা আসার পর দিনগুলো বেশ কঠিন ছিল। পড়াশোনার পাশাপাশি তিনি হতে চেয়েছিলেন মেহেদিশিল্পী। কিন্তু এই পেশার কারও সঙ্গেই ছিল না তাঁর পরিচয়। তাই অনেক পারলারে আবেদন করে ব্যর্থ হয়েছেন। সবারই ছেলে অনাগ্রহ ছিল ছেলে মেহেদিশিল্পীর সঙ্গে কাজ করার বেলায়।
এভাবে অনেক চেষ্টার পর ২০১৫ সাল বানথাই বার্বার পারলার থেকে ডাক পান তিনি। এটাই ছিল বড় তাঁর পরিসরে কাজের শুরু। ২০১৭ সাল পর্যন্ত এখানেই মেহেদিশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি।
২০১৮ সালে এইচএসসি পরীক্ষার জন্য অনেকটা সময় কাজ বন্ধ ছিল। আর তত দিনে পারলারে মেহেদি পরার প্রচলনও কমতে শুরু করে। এর বদলে বিভিন্ন মেহেদিশিল্পীর পেজগুলো বেশ জনপ্রিয়তা পায়।
কিন্তু এ ধরনের পেজে কীভাবে কাজ করতে হয়, তার কিছুই জানতেন না শাহরিয়ার। শুরু হয় নতুন চ্যালেঞ্জ। তাই কাজ শিখতেই অনেক মেহেদিশিল্পীর সঙ্গে যোগাযোগ করলেও তাঁরা কাজ করতে আগ্রহী ছিলেন না। আর কারণ সেই পুরোনো, ছেলে মেহেদিশিল্পী।
অনেক চেষ্টার পর শেষে একজন মেয়ে মেহেদিশিল্পী তাঁর কাজ পছন্দ করলেন। ২০১৮ সালের মে মাস থেকে পুরো ১ বছর কাজ করেন এখানে। আর তত দিনে পেজ চালানোর কাজটাও শিখে ফেলেন তিনি।
কিন্তু ২০১৯ সালে একা কাজ করতে গিয়ে দেখলেন ছেলেদের গ্রহণযোগ্যতা এই পেশায় কম। তাই ২০২০ সালের দিকে এসব বিষয় নিয়েই ফেসবুকে লাইভ করা শুরু করেন। এতে অনেকের মধ্যেই ভুল ধারণা ভাঙতে শুরু করে এবং ধীরে ধীরে ছেলে মেহেদিশিল্পী হিসেবে তাঁর গ্রহণযোগ্যতাও বাড়ে।
করোনাকালেও এই পেশা থেকে সরে যাননি শাহরিয়ার আলম। অনলাইনে ১ বছরে প্রায় ১০০ জন শিক্ষার্থীকে মেহেদি পরানোর প্রাথমিক প্রশিক্ষণ দিয়েছেন। করোনার মধ্যেও প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করেছেন তিনি।
১৩ বছর ধরে মেহেদি নিয়ে কাজ করা শাহরিয়ার মনে করেন, কাজ করতে গিয়ে দেখেছি পেশায় ছেলেমেয়ের বিভেদ এ বিষয়টি থেকে মানুষ অনেকটাই বেরিয়ে আসছে। ছেলে বা মেয়ে দেখে পেশা নির্বাচনের প্রচলন কমছে ধীরে ধীরে।