
সোমবার বেলা সাড়ে তিনটা। নগরের মেহেদীবাগ সড়ক। নগরের ন্যাশনাল হাসপাতাল থেকে গোলপাহাড় মোড় পর্যন্ত গাড়ির সারি। কোনো নড়চড় নেই। এভাবে প্রায় ১০ মিনিট থাকার পর চলতে শুরু করে গাড়িগুলো। হাত দশেক এগোনোর পর আবার স্থবির। পাশের ভবন থেকে বের হচ্ছে ব্যক্তিগত গাড়ি—এ জন্য আবার আটকা। সেই ঝামেলা এড়িয়ে কিছুদূর যেতেই এবার ট্রাফিক পুলিশের হাতের ইশারায় বন্ধ যান চলাচল।
এভাবে থেমে থেমে চলতে গিয়ে আড়াই কিলোমিটারের সড়কটি পার হতে সময় লাগছে আধা ঘণ্টা থেকে পৌনে এক ঘণ্টা। অথচ গাড়ি চলাচল স্বাভাবিক থাকলে এটি সর্বোচ্চ ১০ মিনিটের পথ।
সড়কের আশপাশের দোকানিরা জানান, এই যানজট সন্ধ্যার সময় আরও বেশি হয়। তখন বিভিন্ন বেসরকারি ক্লিনিক-হাসপাতালে আসা রোগী ও স্বজনদের চাপে চলাই দায় হয়ে পড়ে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের অধিকাংশ সময় এখন যানজটের ভোগান্তি সয়ে চলাচল করতে হয় মেহেদীবাগ সড়কে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান যানজটের বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, সড়কটির প্রশস্ততা বেশি নয়। এর মধ্যে দুই পাশে কয়েকটি হাসপাতাল রয়েছে। সড়কের ওপর হাসপাতালের অ্যাম্বুলেন্স ও গাড়ি ঘোরানো হয়। এতে পেছনের গাড়িগুলো আটকে যায়। এসব কারণে যানজট সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ‘যানজটের দুর্ভোগ লাঘব করার জন্য মেহেদীবাগ সড়ক, প্রবর্তক থেকে গোলপাহাড় মোড় এবং ও আর নিজাম সড়কে অতিরিক্ত জনবল নিয়োগ করার চিন্তাভাবনা আছে। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী চাকরিজীবী মোহাম্মদ ইউসুফ, সাব্বির আহমেদ ও মেহেদী হাসান বলেন, মেহেদীবাগে তো এখন চলাচল করাই দায় হয়ে পড়েছে। আগের চেয়ে যানজট কয়েক গুণ বেড়েছে। আড়াই কিলোমিটার পথ পার হতে আধঘণ্টার বেশি লেগে যায়। ট্রাফিক সংকেতের কারণে গাড়ি থেমে যায় দুই থেকে তিনবার।
সরেজমিনে দেখা গেছে, নগরের এই আড়াই কিলোমিটার সড়কের দুই পাশে রয়েছে দুটি বড় বেসরকারি হাসপাতাল, একটি ক্লিনিক, একাধিক বহুতল ভবন, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, দুটি বিদ্যালয়, এনজিও সংস্থার কার্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তর। এসব প্রতিষ্ঠানের সামনে সড়কে অপেক্ষমাণ থাকে রিকশা-সিএনজিচালিত অটোরিকশা। ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও শৃঙ্খলা নেই।

সম্প্রতি এর সঙ্গে যোগ হয়েছে সিডিএ অ্যাভিনিউ সড়ক এড়িয়ে চলা গাড়ির চাপও। বর্তমানে নগরের প্রধান সড়কটিতে চলছে মুরাদপুর-লালখান বাজার (আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়ক) পর্যন্ত উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। এতে সড়কের দুপাশ সংকুচিত হয়ে গেছে। গন্তব্যে পৌঁছাতে অনেক চালক (বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা) পাশের মেহেদীবাগ সড়ক ব্যবহার করে আসছেন। সব মিলিয়ে এই সড়কে আগের তুলনায় গাড়ির চাপ বেড়ে গেছে। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। তা ছাড়া প্রায় ভবনে পর্যাপ্ত পার্কিং নেই।
নগরের ব্যস্ততম এই সড়কের দুই পাশের কয়টি ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, তা জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্মকর্তারা জানান, তাঁদের জানা নেই। তবে সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীম বলেন, গাড়ি রাখার ব্যবস্থা নেই, এমন ভবন চিহ্নিত করার জন্য জরিপ করা হচ্ছে। জরিপ শেষ হলে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নগরের বেশ কয়েকটি সড়ক সম্প্রসারণ করলেও মেহেদীবাগ সড়কের ব্যাপারে সিডিএর বর্তমানে কোনো উদ্যোগ নেই বলে জানা গেছে। সংস্থাটি তাকিয়ে আছে সড়কের দুই পাশের জায়গার মালিকদের দিকে। তাঁরা জমি দান করলে তখন সড়ক সম্প্রসারণ করবে সিডিএ।
সিডিএ সূত্র জানায়, প্রায় সাত বছর আগে এই সড়ক প্রশস্ত করার ব্যাপারে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবও (ডিপিপি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে পরবর্তী সময়ে এই ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ ব্যাপারে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার দুই বছর পর মেহেদীবাগ সড়কটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিলাম। এ জন্য সড়কের দুইপাশের জায়গার মালিকদের সঙ্গে বৈঠক করি। তাঁরা বিনা মূল্যে জায়গা দিলে সিডিএর পক্ষ থেকে সড়কটি সম্প্রসারণ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁরা তখন রাজি হয়েছিলেন। কিন্তু পরে আর যোগাযোগ করেননি।’