
১৬ ঘণ্টার লম্বা ভ্রমণ শেষে যখন লন্ডনে পৌঁছলাম, শুরুতে মনে হচ্ছিল উৎসাহ-রোমাঞ্চ সব বুঝি ফিকে হয়ে গেছে। ৬ নভেম্বর গ্রিনিচের র্যা ভেন্সবোরন কলেজে পা রেখেই আবার পুরো উদ্যম ফিরে পেলাম। সেখানেই বসেছিল মুক্ত ‘সফটওয়্যার কমিউনিটি’ মোজিলার বার্ষিক উৎসব বা মোজফেস্ট ২০১৫।
মোজিলার এই উৎসব হয় প্রতিবছর। বাংলাদেশে মোজিলার স্বেচ্ছাসেবক হিসেবে গত বছরও আমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু নানা কারণে সেবার যাওয়া হয়নি। এবার আর সুযোগ হাতছাড়া করিনি। ষষ্ঠ মোজফেস্টের প্রতিপাদ্য ছিল, ‘কাম উইথ অ্যান আইডিয়া, লিভ উইথ আ কমিউনিটি’। উৎসবে অংশগ্রহণের আগেই আমাকেও আমার পরিকল্পনাগুলো জানাতে হয়েছিল। আয়োজকদের জানিয়েছিলাম, আমি বাংলাদেশের তরুণ আর নারীদের নিয়ে কাজ করতে চাই। পরিকল্পনা সফল করতে সহায়তা দিতেই আমাকে মোজফেস্টের বিভিন্ন কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক আর ১ হাজার ৭০০ অংশগ্রহণকারীর মধ্যে ছিল স্কুলের শিক্ষার্থী, তাদের বাবা-মা, প্রোগ্রামার, শিক্ষক, আইটি বিশেষজ্ঞ এমনকি হ্যাকাররাও!
৬ তারিখ সন্ধ্যায় বিজ্ঞান মেলা দিয়ে উৎসবের শুরু হলেও আমরা প্রস্তুতি নিচ্ছিলাম দুপুর থেকেই। প্রথমে সব লিডার একে অপরকে চিনে নিলাম। ২০১৬-তে কার কী পরিকল্পনা, সেটা একটা কাগজে লিখে প্লেন বানিয়ে ছুড়ে দিতে বলা হয়েছিল। এভাবেই একজনের পরিকল্পনা ‘উড়ে’ গিয়েছিল আরেকজনের হাতে। এরপর দুজন মিলে নিজেদের পরিকল্পনা নিয়ে কথা হলো, আলোচনা হলো। মজার ব্যাপার হলো, দেখলাম অনেকেই কাগজের প্লেন বানাতে জানে না। আমি তাদের প্লেন বানানো শিখিয়ে দিচ্ছিলাম। এরপর প্রশিক্ষণ আর বিজ্ঞান মেলা দিয়ে শেষ হয়েছিল প্রথম দিনটি।
৭ ও ৮ নভেম্বর উৎসবজুড়েই চলছিল মজার সব সেশন। আমি অংশ নিয়েছিলাম ‘লিডারশিপ গেমস’, ‘ভার্চ্যুয়াল রিয়ালিটি’ আর ‘মোজিলা ক্যাম্পাস’ পর্বে। নৈশভোজে আমার কাছে মূল আকর্ষণ ছিল ‘যত খুশি তত’ বার্গার খাওয়ার সুযোগ! যদিও একটা খেয়েই হাঁপিয়ে গিয়েছিলাম।
৮ তারিখ সকালে শুরুতে হলো ফটোসেশন। এরপর ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেদের আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেছি। কীভাবে নেতৃত্ব দেওয়া যায়, কে কীভাবে মোজিলার জন্য কাজ করছে—এসব নিয়ে আলোচনা হয়েছে। এই সেশনে বিভিন্ন দেশের তরুণদের চিন্তাভাবনাগুলো জানার একটা সুযোগ পেয়েছি।
আরও কত বিচিত্র সব অভিজ্ঞতা যে হয়েছে। অকুলাস রিফটের সাহায্যে ‘ভার্চ্যুয়াল’ বাস্তবতা দেখেছি, মোবাইলকে ‘কন্ট্রোলার’ বানিয়ে ফায়ারফক্স টিভিতে গেম খেলেছি, বিভিন্ন দেশের মজিলিয়ানদের কাছ থেকে অনুষ্ঠান পরিকল্পনার প্রক্রিয়াগুলো শিখেছি, সবচেয়ে বড় কথা তাদের সংস্কৃতি সম্পর্কে জেনেছি। বন্ধুদের কাছে তিন দিনের অভিজ্ঞতার গল্প বলতেই বোধ হয় তিন মাস লেগে যাবে!