মোদির প্রতিশ্রুত সুদিন আসছে?

নরেন্দ্র মোদি সরকার শপথ নিয়েছে গত ২৬ মে। মেয়াদ এক মাস হলো মাত্র। ইতিমধ্যে ‘আচ্ছে দিন (সুদিন) আয়েঙ্গে’—এই প্রতিশ্রুতি দিয়ে আসা সরকারের তেতো দাওয়াই গিলতে শুরু করেছেন ভারতের জনগণ। ২৫ জুন থেকে রেলের যাত্রীভাড়া ১৪ দশমিক ২ শতাংশ এবং পণ্য পরিবহনের ভাড়া ৬ দশমিক ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর কিছুদিন আগেই বাড়ানো হয়েছে ডিজেলের দাম, প্রতি লিটারে ৫০ পয়সা।
মোদি সরকার এমন দুটি জিনিসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিল, যা আসলেই সে দেশের সাধারণ মানুষ ব্যবহার করে। গণপরিবহনের অংশ হিসেবে ভারতীয় রেলওয়ে সারা বিশ্বে স্বীকৃত। পৃথিবীর সবচেয়ে বড় এই রেল নেটওয়ার্ক প্রতিদিন ব্যবহার করেন আড়াই কোটি যাত্রী, যাঁদের অধিকাংশ নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এঁদের মধ্যে একটা বড় অংশ ডেইলি প্যাসেঞ্জার বা নিত্যযাত্রী। এঁরা সবাই প্রতি মাসের টিকিট একবারেই কাটেন, যা মান্থলি বা মাসিক টিকিট নামে পরিচিত। আগে মান্থলিতে ১৫টি সফরের দাম নেওয়া হতো। এখন থেকে নেওয়া হবে ৩০টি সফরের দাম। ফলে নিত্যযাত্রীদের মাসিক টিকিট বাবদ দ্বিগুণ ভাড়া গুনতে হবে।
আমাদের এখানে অনেকেই ভারতের রাজধানী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে বেশ পরিচিত। শীতাতপনিয়ন্ত্রিত এই ট্রেনের টু টায়ারের ভাড়া এতটাই বেড়েছে যে কোথাও কোথাও বিমানের টিকিটের সঙ্গে তার পার্থক্য মাত্র এক হাজার রুপি। স্বাভাবিকভাবে এ অভিযোগ উঠেছে, বেসরকারি বিমান পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে সুবিধা করে দিতেই কী রেলের এই ভাড়া বৃদ্ধি?
একই কথা প্রযোজ্য ডিজেলের বেলায়ও। বাসসহ বিভিন্ন গণপরিবহন বা মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত গাড়ির প্রধান জ্বালানি ডিজেল। ফলে এই বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব অবশ্যই সাধারণ ভারতবাসীর জীবনে পড়েছে। এমনিতেই সে দেশে মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি আশঙ্কাজনক, তার ওপর রেলের ভাড়া ও ডিজেলের মূল্যবৃদ্ধি গোদের ওপর বিষফোড়ার মতো।
এই সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধীরা একের পর এক বাউন্সার দিয়ে যাচ্ছে, আর মোদি সরকার মাথা নিচু করে কোনোক্রমে নিজেদের বাঁচাতে ব্যস্ত। ভোট তেমন না পেলেও ‘জনগণের স্বার্থ রক্ষায়’ স্বাভাবিকভাবে বাম দলগুলো বেশ সোচ্চার। সিপিআই (এম)-এর কেন্দ্রীয় নেতা শ্যামল চক্রবর্তী বলেছেন, ‘সবে তো কলির সন্ধে! সুদিন আসছে, বোঝা যাচ্ছে! একই সঙ্গে পণ্য মাশুল বৃদ্ধির ফলে লোককে পেটে গামছা বাঁধতে হবে!’ বামদের সঙ্গে যোগ দিয়েছেন লালু, মমতা, এমনকি কংগ্রেসও।
নিজের ঘর সামলাতে বিজেপি দাবি করছে, এই তেতো সিদ্ধান্ত পূর্ববর্তী মনমোহন সরকারই নিয়ে রেখেছিল। কিন্তু নির্বাচনের কারণে নিয়মের বেড়াজালে পড়ে তারা সিদ্ধান্ত কার্যকর করতে পারেনি। মোদি সরকার সেটাই করেছে। অর্থমন্ত্রী অরুণ জেটলি বলছেন, কঠিন হলেও এ সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কয়েক বছর ধরে রেল লোকসান দিয়ে যাচ্ছিল। তাই ভাড়া বাড়ানো ছাড়া রেলকে বাঁচানো যেত না।
ডিজেলের দাম বাড়ানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোয়ায় এক অনুষ্ঠানে বলেছেন, অর্থনীতির ভালোর জন্য সরকারকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তাতে মানুষ তাঁর ওপর চটতে পারে। কিন্তু পরে বুঝতে পারবে, দেশের জন্য এ পদক্ষেপ জরুরি ছিল। এক মাস যাওয়ার আগেই সরকারের এমন ‘কঠিন’ সিদ্ধান্তে মোদিতে মোহিত ভারত কিছুটা হলেও ভ্যাবাচেকা খেয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, তাঁর সমর্থকেরা সবাই ধরেই নিয়েছিলেন, গুজরাট থেকে মোদি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ সঙ্গে নিয়েই দিল্লিতে আসছেন। জিনের বাদশাহকে হুকুম দিয়ে রাতারাতি পাল্টে দেবেন তাঁদের জীবন।
এই জায়গাটাতে বেশ শক্ত করে ধরেছে কংগ্রেস। ২০১২ সালে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদারদাস মোদির লেখা একটি চিঠির প্রসঙ্গ টেনে এনেছে দলটি। ওই সময় রেলের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি করে নরেন্দ্র মোদি লিখেছিলেন, ‘একেই মূল্যবৃদ্ধি-পরিস্থিতি মানুষের সহনসীমা ছাড়িয়ে গিয়েছে। তার ওপর যাত্রী ও পণ্য মাশুল বাড়ায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে।’ মনমোহন সিংকে সবক দিয়ে তিনি আরও লিখেছিলেন, সংসদকে এড়িয়ে এভাবে ভাড়া বাড়ানোয় সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এবার ঠিক সেই কাজটি করলেন মোদি নিজেই।
ভোটের কারণে ফেব্রুয়ারির রেল বাজেট করেনি মনমোহন সরকার, যা করবেন বর্তমান রেলমন্ত্রী সদানন্দ গৌড়া এবং কিছুদিনের মধ্যে এ বাজেট তাঁকে করতে হবে। আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ভারতীয়দের খুশি না থাকার ফল মোদি ও তাঁর দলের পক্ষে গেছে। ফলে এখন কী বলবেন তিনি? কিল খেয়ে কিল হজম করা ছাড়া আসলেই কোনো গতি নেই।
এই পুরো ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্যে রাজনীতিকদের একটা দ্বিচারী রূপ ফুটে ওঠে। তাঁরা বিরোধী আসনে থেকে যা বলেন, ক্ষমতায় গেলে তার উল্টোটাই করেন। একই কথা ক্ষমতাসীনদের জন্য সত্য। ভারতীয় রেলের করুণ অবস্থা থেকে বাঁচাতে হয়তো মনমোহন সরকারই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল (রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার দাবি অনুযায়ী), আর এখন এর বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তোলার হুমকি দিচ্ছে। আসলে সত্য বলার সাহস কারও নেই।
নরেন্দ্র মোদির প্রতিশ্রুত সুদিনের অপেক্ষায় থাকা সাধারণ ভারতীয়দের এ ধরনের আরও অনেক মশকরা দেখতে হতে পারে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে ইরাক সংকট ঘনীভূত হচ্ছে। ফলে জ্বালানি তেলের বাজার কোথায় যাবে—কেউ জানে না। জ্বালানি-সংকট দেখা দিলে বা দাম অতিরিক্ত বাড়লে এর প্রভাব অর্থনীতির ওপর পড়বেই।
গত ১৬ মে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দিল্লিতে বিজেপির মুখপাত্র একে ‘নতুন যুগের সূচনা’ হিসেবে উল্লেখ করেছিলেন। এখন এই যদি ‘নতুন যুগের সূচনা’র আলামত হয়, তাহলে না জানি আগামী পাঁচ বছর সাধারণ ভারতীয়দের জন্য কী অপেক্ষা করে আছে!