মোমবাতি তৈরিই তাঁর পেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোমবাতি তৈরি করছেন সঞ্চিতা চাকমা
ছবি: নারীমঞ্চ

সঞ্চিতা চাকমার (৩৭) একচালা ঘরটিই রুটিরুজির একমাত্র ভরসাস্থল। রান্নার পাশাপাশি ছোট মোমবাতি তৈরি করার কারখানাটিও এ ঘরেই। এখানেই বসেই তিনি প্রতিদিন এক হাজার মোমবাতি তৈরি করেন। খাগড়াছড়ির দীঘিনালার পাবলাখালী শা‌ন্তিপুরে সঞ্চিতার পরিবার মোমবাতির আলোয় নতুন দিশা পাচ্ছে।

গত ৩ সেপ্টেম্বর উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙাচোরা বেড়ার রান্নাঘরে বসে মোমবাতি তৈরি করছিলেন সঞ্চিতা চাকমা। কাজের ফাঁকে জানালেন, তাঁর বাবার বাড়ি ছিল পানছড়ি উপজেলার লতিবান কলেজগেট এলাকায়। সপ্তম শ্রেণিতে পড়ার সময় মোমবাতি তৈরির হাতেখড়ি। বিয়ের পর তিন সন্তান নিয়ে দিনমজুরি আর কৃষিকাজ করা স্বামীর বাড়িতে এসে অভাব অনটনে দিন কাটছিল। ২০১১ সালে আবার মোমবাতি তৈরি করে বিক্রি করার চিন্তা মাথায় আসে। পরে ১০ হাজার টাকায় একটি মোমবাতি তৈরির যন্ত্র কেনেন। মোমবাতি তৈরি করে বিভিন্ন সাপ্তাহিক হাটে নিজেই বিক্রি করে ভালোই সাড়া পেলেন। এখন মোমবাতি তৈরিই তাঁর পেশা।

সঞ্চিতা চাকমা জানালেন, একটি যন্ত্রে এক হাজার মোমবাতি তৈরি করতে পারেন। খরচ পড়ে ২৫০ টাকা। বিভিন্ন হাটে গিয়ে প্রতি হাজার মোমবাতি ৬০০ টাকায় বিক্রি করেন। এ টাকায় তিন বছর আগে বড় মেয়ে কেমি চাকমাকে বিয়ে দিয়েছেন। বড় ছেলে চিক্কুমনি চাকমা ভারতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন, ছেলেকেও কিছু টাকা পাঠাতে হয়। আর ছোট মেয়ে রেমি চাকমা অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে। স্বামী অনিল বিকাশ চাকমা (৪২) বেকার বললেই চলে। বর্তমানে মোমবাতি বিক্রির টাকায় পুরো সংসার চলছে।

সঞ্চিতা চাকমা মোমবাতি তৈরির একটি সনদের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিষয়ক অধিদপ্তরে তিন মাসের প্রশিক্ষণ নিয়েছেন। মোমবাতি তৈরির আরেকটি যন্ত্র হলে ব্যবসার পরিসর বাড়াতে পারতেন। তাঁর যে আয় হয়, তা দিয়ে আরেকটি যন্ত্র কেনা সম্ভব নয়। বললেন, ‘কোনো সংস্থা থেকে ঋণ সুবিধা অথবা আর্থিক সহায়তা পেলে আমি একটি যন্ত্র কিনতে পারতাম।’

সঞ্চিতার প্রতিবেশী চন্দন চাকমা (৩২), অঞ্জনা চাকমাসহ (৫৫) কয়েকজন বললেন, সঞ্চিতা চাকমা অনেক পরিশ্রমী। রাত-দিন মোমবাতি তৈরি করে নিজেই তা বিক্রির জন্য হাটে নিয়ে যান। প্রতিবেশীরাও তাঁর কাছ থেকে মোমবাতি কেনেন।

মহিলা অধিদপ্তরের উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অনুকা খীসা বলেন, ‘সঞ্চিতা চাকমা আমাদের কাছেও প্রশিক্ষণ নিয়েছেন। তিনি অনেক পরিশ্রমী। তাঁকে ঋণ সহায়তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।’