মোমের তাপে ঘুরবে পাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের উদ্ভাবন করা পাখা হাতে চুয়েটের শিক্ষার্থী দীপ্ত সরকার
নিজের উদ্ভাবন করা পাখা হাতে চুয়েটের শিক্ষার্থী দীপ্ত সরকার

প্রতিবছর গ্রীষ্মের দাবদাহের সঙ্গে যুক্ত হয় লোডশেডিং যন্ত্রণা। কম আয়ের মানুষের জন্য গরমের অত্যচার ভোগ করা ছাড়া অন্য উপায় থাকে না। তার ওপর দেশের অনেক প্রত্যন্ত এলাকায় এখেনা বিদ্যুৎ পৌঁছায়নি। সমাজের এই শ্রেণির মানুষের কষ্ট কমিয়ে দিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (চুয়েট) শিক্ষার্থী দীপ্ত সরকার উদ্ভাবন করেছেন এমন এক পাখা, যেটি ঘুরবে মোমের আলোয়।
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দীপ্ত সরকারের মোমবাতি প্রকল্পের নাম, ‘ডিজাইন অ্যান্ড ফেব্রিকেশন আব আ থার্মোইলেক্ট্রিক জেনারেটর পাওয়ারড বাই ক্যান্ডেল লাইট।’ বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, মোমের তাপে চলবে এমন জেনারেটরের নকশা প্রণয়ন ও নির্মাণকৌশল উদ্ভাবন।
দীপ্ত জানান, এটি নতুন কোনো আবিষ্কার নয়। বিজ্ঞানের একটি সূত্রের ব্যবহারিক প্রয়োগ। তবে এর আগে এ ধরনের প্রকল্প নিয়ে কেউ কাজ করেনি। গিরব ও গ্রামের সাধারণ মানুষের কথা বিবেচনা করেই এ গবেষণা করেছেন তিনি।
যেভাবে কাজ করবে: কাঠের টুকরো, কাচের বক্স, পাখা, অ্যালুমিনিয়ামের পাত, বৈদ্যুতিক মোটর ও লোহার টুকরো দিয়ে তৈরি করা যাবে এ বিশেষ যন্ত্রটি। বাণিজ্যিকভাবে উৎপাদনে খরচ পড়বে মাত্র দেড় হাজার টাকা।
কাচের বক্সের ওপর পাখাটি অন্যান্য উপকরণের সঙ্গে সন্নিবেশিত থাকবে। বিদ্যুৎ চলে যাওয়ার পর মোম জ্বালিয়ে রাখতে হবে কাচের বক্সটির ভেতর। মোম জ্বালিয়ে কাচের বক্সে রাখার দুই মিনিটের মধ্যেই মোমের আগুনের তাপে উৎপন্ন বিদ্যুতের শক্তিতে ঘুরতে শুরু করবে পাখা।
দীপ্ত সরকার জানান, এক নাগাড়ে ১০ হাজার ঘণ্টা পর্যন্ত চালানো সম্ভব এ পাখা। মাত্র ১০ টাকা দামের একটি মোমের আগুনে পাখা চলবে প্রায় দুই ঘণ্টা।
কিছু সমস্যা: প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে কিছু সমস্যা হয়েছে বলে জানান দীপ্ত সরকার। পাখাটি তৈরি করতে প্রয়োজন হয় থার্মোকাপল (থার্মোকাপল হলো এমন একটি যন্ত্র, যার দুই প্রান্তে তাপের পার্থক্য সৃষ্টি করে বিদ্যুৎ উৎপাদন করা যায়) নামের একধরনের যন্ত্রাংশের। কিন্তু এ ধরনের থার্মোকাপল শুধু চুয়েট নয়, বাংলাদেশের কোথাও খঁুজে পাননি। শেষ পর্যন্ত চীনের একটি কোম্পানির কাছে এ ধরনের থার্মোকাপলের সন্ধান মেলে, যা আনতে ১০ ডলার খরচ হয়। দীপ্তর মতে, উন্নতমানের গবেষণাগার পেলে এ ধরনের থার্মোকাপল বাংলাদেশেই ১৫০ টাকা খরচ করে উৎপাদন করা যাবে।
প্রকল্পের ভবিষ্যৎ: প্রকল্পটির ভবিষ্যৎ সম্পর্কে উদ্ভাবক দীপ্ত সরকার বলেন, গ্রামাঞ্চলে যেখানে বিদ্যুৎ নেই সেখানে অনেকেই সৌরবিদ্যুৎ ব্যবহার করে। কিন্তু এটি ব্যয়বহুল হওয়ায় গরিব মানুষের ধরাছোঁয়ার বাইরে। তবে নতুন উদ্ভাবিত এই পাখা চালাতে পারবে স্বল্প আয়ের পারিবারগুলো।
প্রকল্পটির তত্ত্বাবধায়ক যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সানাউল রাব্বী বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটি খুবই কার্যকরী প্রকল্প। এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করে এমন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতা পেলে একে আরও আধুনিকভাবে উপস্থাপন করে দেশের কাজে লাগানো যাবে।