আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নগরের শেষ প্রান্তে অবস্থিত ৫ নম্বর মোহরা ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া সাত প্রার্থীর চারজনই আওয়ামী লীগের সমর্থক। এই ওয়ার্ডে বিএনপি–সমর্থিত একক প্রার্থীর বিরুদ্ধে লড়তে গিয়ে কার্যত নিজেদের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের প্রার্থীরা।
নির্বাচনে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আজম বিএনপির পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ সমর্থক চার প্রার্থী হলেন ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. আবুল হাশেম, সদস্য মো. অলিদ চৌধুরী, মো. শফিকুর রহমান ও আইয়ুব আলী। অন্য দুই প্রার্থী হলেন ইসলামী ফ্রন্টের মুহাম্মদ মোরশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল ছালাম।
এবারের নির্বাচনে এই ওয়ার্ডে ভোট দেবেন ৫৮ হাজার ২৮১ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৯ হাজার ৮৬৪ এবং মহিলা ভোটার আছেন ২৮ হাজার ৪১৭ জন। ভোটকেন্দ্র আছে ২২টি।
এলাকার সমস্যা সমাধান করতে পারবেন এমন প্রার্থীকেই কাউন্সিলর পদে নির্বাচিত করবেন ভোটারেরা। এলাকার ভোটারেরা জানান, এখানকার মূল সমস্যা জলাবদ্ধতা ও মাদক। প্রার্থীদের কাছে এই দুই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি চাইবেন তাঁরা।
ওয়ার্ডের পশ্চিম মোহরা, আফজাল মাঝিরপাড়া, মকিম খাঁ চৌধুরীর বাড়ি, হামিদচর এলাকার বাসিন্দাদের প্রতি বছর জলাবদ্ধতায় ভুগতে হয়। অনেক সময় সামান্য বৃষ্টিতে এসব এলাকার রাস্তাঘাট ডুবে যায়। এ ছাড়া জানালী হাট স্টেশনের পাশের এলাকায় মাদকসেবীদের উৎপাত বেড়ে গেছে। ওই এলাকায় মাদক বিক্রি হয় বলে অভিযোগ করেন বাসিন্দারা।
উত্তর মোহরার বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, ‘এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে কোনো সমস্যা নেই। কিছু অলিগলি সংস্কার করতে হবে। তবে মূল সমস্যা হচ্ছে জলাবদ্ধতা আর মাদক। এ দুটি সমস্যা নিরসনে নির্বাচিত কাউন্সিলরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
ওয়ার্ডের আরেক বাসিন্দা রাজীব দাশ বলেন, এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে আরও ভালো করে নজর দিতে হবে। যাঁরা এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এলাকাবাসী তাঁদের মধ্যে থেকে সেরা ব্যক্তিকে বেছে নেবেন।
বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আজম বলেন, এলাকার উন্নয়ন নিয়ে মানুষ খুশি। তবে অনেক এলাকা প্লাবিত হয় বৃষ্টিতে। তাই এ দিকে নজর থাকবে। আর পরিচ্ছন্নতার ব্যাপারটিও সমান গুরুত্ব পাবে।
ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও কাউন্সিলর প্রার্থী মো. আবুল হাশেম বলেন, ভোটারদের নজর এখন জলাবদ্ধতা ও মাদক সমস্যার দিকে। তাই প্রার্থী হিসেবে এই সমস্যা নিরসনের দিকে নজর দেওয়া হবে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর প্রার্থী মো. অলিদ চৌধুরী মতে, ‘কালুরঘাট শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এলাকায় বেকার সমস্যা রয়েছে। কিছু কিছু এলাকায় রাস্তাঘাট অনুন্নত রয়ে গেছে। নির্বাচিত হলে এ ব্যাপার কাজ করব।’