মেয়র-কাউন্সিলরদের এক বছর
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউিশন মিলনায়তনে আয়োজন করা হয় সুধী সমাবেশ। এতে চট্টগ্রাম মহানগরের উন্নয়নে সিটি করপোরেশনের গৃহীত বিভিন্ন উন্নয়নকাজের বিবরণ তুলে ধরা হয়।সিটি করপোরেশনের পাঁচটি ডিভিশনের মাধ্যমে ৪১টি ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল ও নালা-নর্দমা থেকে মাটি তোলা, নালা-নর্দমা নির্মাণ ও সংস্কার, রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, যানজট নিরসনের লক্ষ্যে হালিশহর আনন্দবাজার বেড়িবাঁধসংলগ্ন ১০০ একর জায়গায় কেন্দ্রীয় বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণের মহাপরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকল্পে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া চালু প্রভৃতি উল্লেখযোগ্য।সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংসদ নুরুল ইসলাম বিএসসি, বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রকৌশলী এম হারুন, রাজনীতিক শাহ আলম, মাযহারুল হক শাহ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য মাহবুব উল্লাহ প্রমুখ।মেয়র মন্জুর আলম বলেন, ‘গত এক বছরে আমরা ন্যায়বিচার, সততা ও জবাবদিহির মাধ্যমে সিটি করপোরেশনের দায়িত্ব পালন করেছি। নগরবাসীকে সেবা দিতে চেষ্টা করেছি। এরই মধ্যে সেবার পরিধি আরও বাড়াতে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। সবার সহযোগিতা পেলে আশা করছি এসব কাজেও সফল হব।’ মেয়র তাঁর বক্তব্যে আরও বলেন, ‘গত এক বছরে আমরা সরকারের কাছ থেকে প্রতিশ্রুত উন্নয়ন বরাদ্দ পেয়েছি। বিশেষ করে সরকারের সর্বাত্মক সহযোগিতার কারণে আমরা চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি। পাশাপাশি নগরের জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসনসহ বিভিন্ন প্রকল্প গ্রহণে চট্টগ্রামের সাংসদদের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছি।’ তিনি ভবিষ্যতে এসব উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা আশা করেন। পরে ২০১০-২০১১ অর্থবছরে সিটি করপোরেশনের উন্নয়ন ও সেবামূলক কাজের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।