চট্টগ্রামের পটিয়া পৌরসভার সম্প্রসারণ নিয়ে পৌর মেয়রের সঙ্গে উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরোধ দেখা দিয়েছে। পাঁচ ইউনিয়নের ১১টি মৌজা পৌরসভার সঙ্গে সংযুক্ত করার বিরোধিতা করছেন চেয়ারম্যানরা।
জানা গেছে, পটিয়া পৌরসভা কর্তৃপক্ষ গত ২৪ ডিসেম্বর নাগরিক সুবিধা ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ১০ দশমিক ৩৬ বর্গকিলোমিটার আয়তনের পটিয়া পৌরসভাকে সম্প্রসারণ করে ২৬ দশমিক ১৫ বর্গকিলোমিটার করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মোতাবেক গত ১৬ জানুয়ারি পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর সুপারিশসহ পৌর কর্তৃপক্ষ স্থানীয় সরকার মন্ত্রাণলয়ে একটি প্রস্তাব পাঠায়। এতে পৌরসভার ওয়ার্ড সংখ্যা নয়টি থেকে বাড়িয়ে ১৫টি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গত ২০ মার্চ পটিয়া উপজেলা পরিষদের মাসিক সমম্বয় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। যে পাঁচটি ইউনিয়ন থেকে ১১টি মৌজা পৌরসভায় অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো—দক্ষিণ ভূর্ষির খানমোহনা, দক্ষিণ ভূর্ষি, কচুয়াই ইউনিয়নের কচুয়াই, পারিগ্রাম, ভাটিখাইনের ভাটিখাইন, করল, বাঁকখালী, বর্গাহরা, জঙ্গলখাইনের উজিরপুর ও নাইখাইন।
পৌরসভার সচিব মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, গত ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রতিবেদন চেয়েছে। এরপর চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার আছিয়া খাতুন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মতামতসহ বিস্তারিত প্রতিবেদন পাঠানোর জন্য চিঠি দেন।
তবে শেষ পর্যন্ত পটিয়ার পৌর এলাকার সীমানা বাড়ানো হলে মামলা করার হুমকি দেন উপজেলার পাঁচ ইউনিয়নের চেয়ারম্যানরা।
দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ বলেন, ‘১৯৯০ সালে পৌরসভা প্রতিষ্ঠার সময় সুচক্রদন্ডি ও গৌবিন্দারখীল মৌজা পটিয়া পৌরসভার সঙ্গে অন্তর্ভুক্ত করে এটিকে দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন নামকরণ করা হয়। ইউনিয়নটি খুবই ছোট। এবার আবারও দুটি মৌজা পৌরসভার সঙ্গে অন্তর্ভুক্ত করা হলে ইউনিয়নে মাত্র তিনটি গ্রাম থাকবে। এ জন্য প্রয়োজনে আমি আইনের আশ্রয় নেব।’
পটিয়া পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে তৎকালীন পটিয়া মহকুমা সদর ও পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের কিছু অংশ নিয়ে পৌরসভা ঘোষণা করা হয়েছিল। ভাটিখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন, পৌরসভা হওয়ার পর পৌরবাসীর কর বেড়েছে কেবল, কিন্তু নাগরিক সুবিধা বাড়েনি। পৌরসভার সঙ্গে যুক্ত হলে বাসিন্দাদের পৌরকর দেওয়া ছাড়া তেমন কোনো লাভ হয় না।
তবে পৌর এলাকায় অন্তর্ভুক্তির খবরে খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভাটিখাইন ইউনিয়নের করল গ্রামের বাসিন্দা অনীক বড়ুয়া বলেন, ‘পৌরসভা হলে নাগরিক সুবিধা বাড়বে। আমরাও পৌরসভার সঙ্গে যুক্ত হতে চাই।’ পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, পৌরসভার পার্শ্ববর্তী এলাকা পৌরসভার সঙ্গে অন্তর্ভুক্ত হলে সেসব এলাকার মানুষের নাগরিক সুবিধা বাড়বে। এ ছাড়া এলাকাগুলো পৌরসভার সেবার আওয়াতায় আসবে।