মেয়র পেতে মরিয়া আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রার্থীদের পোস্টারে চেয়ে গেছে খাগড়াছড়ি শহরের অলিগলি। ছবিটি ১৮ ডিসেম্বর শহরের মাস্টারপাড়া এলাকা থেকে   তোলা l নীরব চৌধুরী
প্রার্থীদের পোস্টারে চেয়ে গেছে খাগড়াছড়ি শহরের অলিগলি। ছবিটি ১৮ ডিসেম্বর শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তোলা l নীরব চৌধুরী

খাগড়াছড়ির পৌরসভা নির্বাচনে মেয়র পদ পেতে এবার মরিয়া আওয়ামী লীগ। আগের নির্বাচনগুলোতে বারবার হেরেছেন আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় নেতা-কর্মীরা আটঘাট বেঁধে নেমেছেন নির্বাচনী মাঠে। নেতা-কর্মীদের আশা, এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকবেন দলের প্রার্থী। কারণ সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে বেশি জিতেছে নৌকা প্রতীক।
নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শানে আলম। তিনি সদর উপজেলা পিরষদের সাবেক চেয়ারম্যান।
খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা ও জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা বলেন, খাগড়াছড়িতে আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী। মানুষ ব্যক্তি নয় প্রতীককেই বেশি প্রাধান্য দেয়। সে ক্ষেত্রে এগিয়ে থাকবেন তাঁদের প্রার্থী। কোনো বাধাই এবার প্রার্থীর বিজয় ঠেকাতে পারবে না।
তবে নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা শানে আলমের পক্ষে কাজ না করার অভিযোগ উঠেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ছোট ভাই রফিকুল আলম নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। শানে আলমও তাঁর চাচাতো ভাই। কিন্তু জাহেদুল আলম আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন না বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জাহেদুল আলমের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পৌর নির্বাচনের সমন্বয়কারী ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা বলেন, ব্যক্তির কাছে দল দায়বদ্ধ নয়। দলের সিদ্ধান্ত বা মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচন করলে সে যেই হোক তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। যাঁরা দলের বিপক্ষে কাজ করবেন বলে মনে হচ্ছে তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করে কেন্দ্রে প্রতিবেদন পাঠানো হচ্ছে।
নির্বাচনী ফলাফল পর্যালোচনা ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর নির্বাচনে আওয়ামী লীগের ভাগ্য সব সময়ই খারাপ। ১৯৮৯ সালে প্রথম পৌর নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন জাহেদুল আলম (জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক)। এরপর আর আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী জিততে পারেননি। সর্বশেষ ২০১১ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী নুরুন্নবী চৌধুরী জামানত হারান। মেয়র নির্বাচিত হন রফিকুল আলম।
এদিকে সংসদ নির্বাচনে ১৯৯১ (কল্পরঞ্জন চাকমা), ১৯৯৬ (কল্পরঞ্জন চাকমা), ২০০৮ (যতীন্দ্র লাল ত্রিপুরা) ও ২০১৪ (কুজেন্দ্র লাল ত্রিপুরা) সালের ৫ জানুয়ারিতে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হন। ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারির নির্বাচন) ও ২০০১ সালের নির্বাচনে জয় পান বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। এর মধ্যে ২০০৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম। ওই সময় তাঁকে বহিষ্কার করা হয়। পরে ২০১৩ সালে তিনি আবার দলে ফেরেন।
আওয়ামী লীগ নেতাদের দাবি, প্রতীকে কারণেই পৌর নির্বাচনেও সুবিধা পাবেন আওয়ামী লীগের প্রার্থী। এ জন্য দলের ভেতরে থেকে কেউ বিরোধিতা করলেও তার প্রভাব ভোটে পড়বে না।