মেয়াদ শেষ, তবু দায়িত্ব পালন করছেন তিনি
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহর চাকরির মেয়াদ গত ১২ অক্টোবর শেষ হয়েছে। কিন্তু নতুন কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি। ফলে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ফজলুল্লাহ। নতুন নিয়োগ কবে নাগাদ হবে তা-ও এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ জুলাই এ কে এম ফজলুল্লাহকে রাজনৈতিক বিবেচনায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরের বছর এ নিয়োগ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। সে মেয়াদও শেষ হলে তা গত ১২ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। এ প্রসঙ্গে এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘মাননীয় স্থানীয় সরকারমন্ত্রী আমাকে মৌখিকভাবে দায়িত্ব পালন করে যেতে বলেছেন। আমিও সে নির্দেশ পালন করছি। এখন মেয়াদ বাড়ানো না-বাড়ানো সরকারের ব্যাপার।’ খোঁজ নিয়ে জানা যায়, এ কে এম ফজলুল্লাহর দুই বছর রাজনৈতিক দায়িত্ব পালনকালে চট্টগ্রাম ওয়াসার একাধিক ক্রয় কার্যক্রমকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি পরবর্তী সময়ে মন্ত্রণালয়কে জানানো হয়। এর পর থেকে তাঁর নিয়োগের মেয়াদ বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ের আগ্রহ কমে যায়। এ ছাড়া দুর্নীতির অভিযোগে প্রায় তিন বছর কারাভোগ করা সাবেক প্রধান প্রকৌশলী মো. সফিউল্লাহকে ওয়াসা বোর্ডের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তিনি প্রকৌশলীদের বিরাগভাজন হন। সফিউল্লাহর বিরুদ্ধে চালিতাতলী এলাকায় দুই কিলোমিটার ডাকটাইল পাইপ স্থাপনের নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর পাঁচ বছর সাজা হয়। তিন বছর কারাভোগের পর উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে তিনি জামিনে মুক্ত হন। এ রকম একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বারবার প্রধান প্রকৌশলী পদে বসানোর চেষ্টার কারণে ফজলুল্লাহর বিরুদ্ধে বর্তমান প্রকৌশলীসহ সাবেক দুই জ্যেষ্ঠ প্রকৌশলী হাইকোর্টের শরণাপন্ন হন। হাইকোর্ট সফিউল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগ অবৈধ ঘোষণা করেন এবং অবিলম্বে জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগের নির্দেশ দেন। এর পরও তিনি এই আদেশ অমান্য করেন এবং ওয়াসার বোর্ড সদস্য সৈয়দ তৌহিদুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেন। তবে ফজলুল্লাহ গত দুই বছরে দায়িত্ব পালনকালে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পটির অগ্রগতি হয়। এটিই চট্টগ্রাম ওয়াসার সবচেয়ে বড় প্রকল্প। এই প্রকল্পের তিনটি প্রধান অংশ হচ্ছে—প্লান্ট বসানো, পাইপলাইন স্থাপন ও জলাধার নির্মাণ। এর মধ্যে প্লান্ট বসানো ও জলাধার নির্মাণের কাজ শুরু হয়েছে। পাইপলাইন বসানোর চুক্তিও এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে ওয়াসা সূত্র নিশ্চিত করেছে।