কক্সবাজারের মহেশখালী কুতুবজোম ঘটিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ সাড়ে তিন বছরেও শেষ হয়নি। অথচ কার্যাদেশ অনুযায়ী, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর ওই ভবনের নির্মাণকাজ শেষ করার কথা। ফলে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বিদ্যালয়ের শ্রেণি পাঠদান।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মহেশখালী উপজেলা কার্যালয় সূত্র জানায়, ওই বিদ্যালয়ে নতুন করে দোতলা একটি ভবন নির্মাণের জন্য ২০১২-১৩ অর্থবছরে প্রায় ৬১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্মাণকাজের দায়িত্ব পান ঠিকাদার মোহাম্মদ আবুল কাসেম। ২০১২ সালের ডিসেম্বরে কাজ শুরু করে এক বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্মাণকাজ চলছে ধীর গতিতে। এ কারণে কার্যাদেশের মেয়াদ প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি ভবনের কাজ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এক বছর ধরে ভবনের কাজ বন্ধ রয়েছে। এ কারণে বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে পাঠদান চালাতে হচ্ছে পরিত্যক্ত ভবনে। এই বিদ্যালয়ে শিশু থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চলে। ছাত্রছাত্রী রয়েছে ১ হাজার ২৫০ জন।
১৬ মে সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ভবনের নিচতলার মেঝে ও দ্বিতীয় তলায় রেলিং তৈরি করা হয়নি। পিলারেও লাগানো হয়নি পলেস্তারা। এ ছাড়া নলকূপ স্থাপন করা হয়নি। নির্মাণাধীন ভবনে কাজ করতে ঠিকাদারের কোনো শ্রমিককেও দেখা যায়নি। পাশের পরিত্যক্ত ভবনের মেঝেতে বসে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা পাঠ নিচ্ছে। এ ছাড়া অপর একটি দোতলা ও একতলা ভবনে চলছে শিশু, প্রথম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠদান।
শিক্ষকেরা জানান, ২০১৩ সালের জানুয়ারিতে এ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি চালু করার পর থেকে কক্ষ–সংকট লেগেই আছে। বর্তমানে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু থাকলেও শিক্ষার্থী অনুপাতে কক্ষ ও বেঞ্চ নেই। কক্ষ–সংকট দূর করতে বিদ্যালয়ে সাড়ে তিন বছর আগে আরও একটি ভবনের নির্মাণকাজ শুরু করলেও এখনো পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়নি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্শেদুল হক বলেন, এক বছর ধরে নতুন ভবনের নির্মাণকাজ বন্ধ। এদিকে শ্রেণিকক্ষের অভাবে জরাজীর্ণ ভবনে পাঠদান চালাতে হচ্ছে। নতুন ভবনের নির্মাণকাজ শেষ হলে কক্ষ–সংকট নিরসন হতো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোকতার আহমদ বলেন, ভবনের কাজ শেষ করতে প্রকৌশল অফিসে বারবার ধরনা দিয়েও কোনো কাজ হচ্ছে না।
জানতে চাইলে ঠিকাদার মোহাম্মদ আবুল কাসেম বলেন, ‘ভবনের কাজ প্রায় শেষ হওয়ার পথে। আমার অসুস্থতার কারণে যথাসময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। আগামী দুই সপ্তাহের মধ্যে অসমাপ্ত কাজ শেষ করে কর্তৃপক্ষকে ভবন বুঝিয়ে দেওয়া হবে।’
মহেশখালী উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস বলেন, চলতি মাসের মধ্যে কাজ শেষ না করলে ওই ঠিকাদারের লাইসেন্স বাতিলসহ তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।