মেয়ে আমার সব সত্য লিখেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পেশাগত, শিক্ষাগত বা অন্য কোনো কারণে যাঁরা মায়ের কাছ থেকে দূরে থাকেন তাঁদের জন্যই ছিল মা দিবসের এ আয়োজন। অধুনায় ছাপা কুপনে মাকে নিয়ে পাঁচটি পঙ্ক্তি লিখতে বলা হয়েছিল সন্তানকে। সারা দেশ থেকে অসংখ্য সন্তান অংশ নিয়েছেন এই আয়োজনে। তাঁদের মধ্য থেকে লটারি করে বিজয়ী হয়েছেন ১২ জন। মা দিবসে সেই সন্তানদের পক্ষ থেকে প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার বন্ধুরা গিয়েছেন তাঁদের মায়ের কাছে। ফুল, মিষ্টি, শাড়ি আর নানা ধরনের উপহারের সঙ্গে নিয়ে গেছেন মাকে উদ্দেশ করে লেখা সন্তানের সেই ভালোবাসার পঙ্ক্তিমালা। মায়েদের জন্য এটা ছিল বিস্ময়। সেই ১২ মায়ের এবং সন্তানদের অনুভূতি নিয়েই এ আয়োজন।
স্কুলেই মা দিবসের শুভেচ্ছা জানানো হলো মা সাহিদা বেগমকে
স্কুলেই মা দিবসের শুভেচ্ছা জানানো হলো মা সাহিদা বেগমকে

মেয়ে হাফসা ইয়াসমিন থাকেন ঢাকায়। অন্য দিনগুলোর মতো মা দিবসেও যেতে পারেননি মা সাহিদা বেগমের কাছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিদা বেগমের কাছে তাই মেয়ের শুভেচ্ছাবার্তা ও উপহার নিয়ে গেলেন মুন্সিগঞ্জ বন্ধুসভার বিকাশ কুমার রায়, হাসানুল কবির ও আকুল দাস।
মুন্সিগঞ্জ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সাহিদা বেগমের বাড়ি। দুপুর সাড়ে ১২টার দিকে সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মায়ের সঙ্গে দেখা হয়। বিদ্যালয়ের শিক্ষক কক্ষে যখন সব শিক্ষকের সামনে ফুলের তোড়া সাহিদা বেগমের হাতে তুলে দিয়ে ঘটনা বলা হলো তখন তিনি আবেগে আপ্লুত হলেন।

মেয়ের সঙ্গে মুঠোফোনে কথা
মেয়ের সঙ্গে মুঠোফোনে কথা

মায়ের উদ্দেশে হাফসা ইয়াসমিনের লেখা পড়ে শোনানো হলো। মা কাঁদলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, ‘মেয়ে আমার সব সত্য লিখেছে। সাহস করে সত্য লিখেছে জেনে আমার আরও ভালো লাগছে। আসলেই মেয়ে আমাকে স্কুল থেকে ফিরে পায়নি। তার বাবাও ব্যাংকে চাকরি করে। বাবাকেও সে পেত না। অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে মেয়েটি।’
এই বিশেষ মুহূর্তে মায়ের সঙ্গে মেয়েকে মুঠোফোনে কথা বলানো হয়। মুঠোফোনে সাহিদা বলতে থাকেন, ‘তুমি যা লিখেছ সব ঠিক লিখেছ। তোমার কষ্টের কথা আমি বুঝি।’