আমরা নিজেদের আধুনিক মানুষ হিসেবে দাবি করি। বলি, আমরাই শ্রেষ্ঠ। এই কি শ্রেষ্ঠত্বের প্রমাণ—যেখানে আমরা আদিম পশুবৃত্তিকেই জলাঞ্জলি দিতে পারলাম না! আমার দুই ছেলে। মেয়ে নেই বলে মনের গহিন কোণে একটা দুঃখবোধ প্রায় খোঁচা দেয়। মনের মধ্যে লালন করি একটি ফুটফুটে রাজকন্যাকে। কিন্তু পরপর ঘটে যাওয়া টাঙ্গাইল, নারায়ণগঞ্জসহ দেশের এবং সর্বোপরি বিশ্বের নানা পৈশাচিকতার পূর্বাপর ঘটনাগুলো আমার সেই রাজকন্যার স্বপ্নকে দুমড়েমুচড়ে খান খান করে দিয়েছে। এখন মনে হচ্ছে, মেয়ে নেই আমার ভালোই হয়েছে—হয়তো বা সেও এই পৈশাচিকতার শিকার হতো! এসব পরিবারের প্রতি পূর্ণ সহানুভূতি প্রকাশ করছি এবং আর কোনো পরিবারের মেয়েদের যেন এ রকম বিপর্যয়ের মুখে পড়তে না হয়, সে জন্য এখন থেকেই সোচ্চার হওয়া উচিত আমাদের। দিল্লির নিহত অথচ জাগ্রত দামিনীর ডাকে সাড়া দিয়ে আসুন আমরা শপথ নিই। আসুন, অব্যাহতভাবে তীব্র প্রতিবাদ ও আন্দোলন করে চিরতরে পৃথিবী থেকে নির্মূল করি ধর্ষণের মতো ঘৃণ্য ও জঘন্য অপরাধ। এই হোক আমাদের দৃপ্ত অঙ্গীকার। সাবিনা পারভীন গোড়ান, ঢাকা।