মেয়েটি আমাকে ভালোবাসে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা
আমি অষ্টম শ্রেণিতে পড়ি। কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় বুঝতে পারি না। সিদ্ধান্ত নিতে খুবই ভুল করি। সামান্য ভুলের জন্য আব্বু-আম্মু ও বড় ভাইয়েরা বকাঝকা আর মারধর করে। একটা মেয়েকে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। সে সম্মতিও দিয়েছিল। হঠাৎ কয়েক মাস আগে তার সঙ্গে খুব ঝগড়া হয়। সে জানায়, আমাকে আর ভালোবাসতে পারবে না। আমি যেন তার সঙ্গে কথা না বলি, তার সামনে যেন না যাই ইত্যাদি।
আমি ট্রাকের নিচে মাথা দিয়ে আত্মহত্যার চেষ্টা করি। বন্ধুরা আমাকে বাঁচায়। মাথায় শক্ত ব্যথা পাই। কয়েক দিন হাসপাতালে চিকিত্সাধীন ছিলাম। তারপর আবার পানিতে ডুবে আত্মহত্যার চেষ্টা করি। সেটাও কীভাবে যেন বন্ধুরা দেখে ফেলে। পানি থেকে তুলে, বুক চেপে পানি বের করে। বাসায় ওই খবর যাওয়ার পর আব্বু আমাকে মারে।
এখন মনে হয় বাসায় না থেকে অন্য কোথাও চলে যাই। এখন মেয়েটি আমাকে ভালোবাসে না। শিক্ষকেরা আমার জন্য আফসোস করেন। আগে ক্লাসে প্রথম হতাম, এখন আমি ৪১তম।
নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শ
সন্তান বড় হওয়ার সময় চারপাশের মানুষগুলোর দায়িত্ব তার সামাজিক বিকাশে সহায়তা করা। কিন্তু দুঃখজনক হচ্ছে, আমাদের পিতা-মাতা ও পরিবারের বড় সদস্যরা এ ব্যাপারগুলো জানেন না। তাঁরা শুধু ভুল আচরণগুলো নিয়ে সমালোচনামুখর হয়ে ওঠেন। তাতে সন্তানেরা আত্মবিশ্বাস হারিয়ে বারবার ভুল করতে থাকে।
তোমাকে পরিবার থেকে হতাশা সামলে নেওয়ার মতো মানসিক শক্তি তৈরির সহায়তা দেওয়া হয়নি। বয়ঃসন্ধিকালে বিপরীত লিঙ্গের কারও প্রতি আকর্ষণ বোধ করা স্বাভাবিক। এই বয়সের সম্পর্কের ক্ষেত্রে ভুল-বোঝাবুঝি, মনোমালিন্য প্রতিনিয়ত ঘটতে থাকে। মানসিক বিপর্যস্ততার সময়ে পরিবারের সদস্যদের সহমর্মিতা কিশোরদের নেতিবাচক কাজ থেকে বিরত রাখে। তুমি মেয়েটির কাছে কষ্ট পেয়ে নিজের এত বড় ক্ষতি করার জন্য দুবার উদ্যোগ নিয়ে ফেলেছ। এতে প্রমাণিত হয়, তুমি নিজেকে মোটেও ভালোবাসতে পারোনি। এ ধরনের ঘটনা ঘটানোর পর তোমাকে যে নির্দয়ভাবে মারলেন বাবা, তা খুব অন্যায় হয়েছে। হয়তো তিনি মনে মনে তোমাকে অনেক ভালোবাসেন। তোমাকে এভাবে হারাতে চাননি বলে রাগ ও কষ্ট থেকে তোমার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন।
তোমার মধ্যে নিশ্চয়ই অনেক ভালো গুণ আছে। সেগুলো মাথায় রেখে নিজেকে ভালোবাসা ও শ্রদ্ধা করা যায়। বন্ধুরা, যারা তোমাকে বাঁচিয়েছে তারা সবাই তোমাকে ভালোবাসে। শিক্ষকেরাও নিশ্চয়ই জানেন যে তোমার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। শুধু একটি মেয়ের কাছে তোমার মূল্যায়ন হলো না বলে নিজেকে মূল্যহীন মনে কোরো না।
একজন ভালো মনের মানুষ হিসেবে তুমি নিশ্চয়ই মাথা উঁচু করে পথ চলতে পারবে এবং নিজের কোনো ক্ষতি করবে না—এই প্রতিজ্ঞাটি নিজের কাছে করো, কেমন?


ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.