মেয়েটি আর ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিতা, আমার বন্ধু। রংপুর শহরে তার বাসা। ফেসবুকে আমাদের পরিচয়। তার দেওয়া স্ট্যাটাস আমার ভালো লাগত। আমি তাই তার স্ট্যাটাস কপি করে পোস্ট দিতাম। এ জন্য মেয়েটি আমাকে কপি পোস্ট বলত। এভাবেই তার সঙ্গে পরিচয়, বন্ধুত্ব, ভালো লাগা এবং ভালোবাসা।
মেয়েটির প্রোফাইল ছবি ছিল না। তাই তাকে দেখার সৌভাগ্য হয়নি আমার। বহুবার বলেছি, প্রোফাইলে ছবি দিতে। প্রতিবারে বলেছে, সামনা-সামনি দেখা হবে। এভাবে দিন যায়, মাস যায়, বছর যায় আমাদের সম্পর্ক গাঢ় হতে থাকে।
কিছুদিন ধরে মেয়েটিকে ফেসবুকে পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। বহুবার চেষ্টা করার পর আমি অস্থির হয়ে পড়ি। প্রায় পাগলের মতো অবস্থা। দিন যায়, মাস যায় মেয়েটির আর সন্ধান মেলে না।
হঠাৎ একদিন একটি এসএমএস এল আমার মোবাইলে। অনিতা লিখেছে, ‘শুক্রবার বিকেলে কলেজের হলরুমে এসো, দেখা হবে।’
আমি চমকে উঠি এবং আনন্দে আত্মহারা হয়ে যাই। শুক্রবার পরিপাটি হয়ে বিকেলের আগে হলরুমে হাজির হলাম। বিকেল হয়ে গেল, সন্ধ্যা নেমে এল মেয়েটির দেখা হলো না।
সেদিন থেকে প্রতি শুক্রবার বিকেলে হলরুমে তার জন্য অপেক্ষা করি। আমার অপেক্ষার প্রহর দীর্ঘ হতে থাকে কিন্তু সে আসে না।
একদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আমি বসে আছি হলরুমে। লাল জামা পরা একটি মেয়ে এসে হাজির হলো আমার সামনে। বৃষ্টিতে কিছুটা ভিজে গেছে। মেয়েটিকে লাগছিল মায়াময় ও সুন্দর। সে আমার দিকে তাকিয়ে বলল, ‘হ্যালো, কপি পোস্ট।’ আমি বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। সে বলল, আমি অনিতা।
কিছুক্ষণ কথা হতে না হতেই সন্ধ্যা নেমে এল। মেয়েটি চলে গেল আবার দেখা হবে বলে। আমি তাকিয়ে দেখলাম তার চলে যাওয়া।
আবারও দিন যায়, মাস যায়, মেয়েটির দেখা হয় না। তবু অপেক্ষায় রইলাম সে আসবে বলে...।
বদরগঞ্জ, রংপুর।