মেয়েটি কি বিদ্যালয়ে যাবে না!
‘মা, আমি আর একা স্কুলে যাব না। পুলিশ ওকে ছেড়ে দেবে না তো! সে আমাকে আবার মারবে।’ কেঁদে কেঁদে কথাগুলো বলছিল তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রীটি। সে লোহাগাড়ার পদুয়া বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে ধর্ষণের চেষ্টা করে বাগমুয়ার মোহাম্মদ আলী বৈদ্যের বখাটে ছেলে আহমদ কবির (৩০)। আর্তচিৎকার শুনে গ্রামের কৃষক আবদুর রহমান ও শামসুল ইসলাম তাকে উদ্ধার করে এবং আহমদ কবিরকে আটক করে। এলাকাবাসী বখাটে আহমদকে পুলিশে সোপর্দ করেছেন। ঘটনার পর মেয়েটির বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মেয়েটির শরীরে বখাটের লালসার দাগ ছিল। নির্যাতনের পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে (কমপ্লেক্স) চিকিৎসা দেওয়া হয়। কিন্তু এরপরও মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেনি মেয়েটি। ভয়ে সে বিদ্যালয়ে যেতে চায় না। মেয়েটির মা জানান, ‘মেয়েটি পাশের বাগান থেকে গরুআনতে গিয়ে আহমদ কবিরের বর্বরতার শিকার হয়। তাকে শারীরিক নির্যাতন করে আহমদ। সাত-আট বছরের একটি মেয়ের জীবনেরও নিরাপত্তা নেই, আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দাশ জানান, ‘মেয়েটি আগে নিয়মিত বিদ্যালয়ে আসত। ভালো ফলাফল করেছে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষায়। এখন সে একা আসে না। এ ঘটনার প্রভাব পড়েছে অন্য শিক্ষার্থীদের মধ্যেও।’অনুসন্ধানে জানা যায়, তিন সন্তানের জনক আহমদ কবির আগেও দুই শিশুকে শারীরিক নির্যাতন করেছিলে। তাদের আর্থিক অবস্থা ভালো হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলেন না। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জমির বলেন, ‘আসামি আহমদ কবিরকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পাবে।’ বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এ কাশেম জানান, ‘কন্যাশিশুরা বাড়ি না ফেরা পর্যন্ত অভিভাবকেরা এখন আতঙ্কে থাকেন।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিকুর রহমান জানান, ‘পরিবারের লোকজনের আদর ও শিক্ষকদের আন্তরিকতার মাধ্যমে মেয়েটির বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করতে হবে। এ জন্য দরকার তার ভীতি কাটিয়ে তোলা।’