‘মেয়েটির দুশ্চিন্তায় পড়াশোনায় মন বসাতে পারছি না’
পাঠকের কাছ থেকে মনোজগৎ, ব্যক্তিজীবন ও সন্তান পালনের মতো সমস্যা নিয়ে ‘পাঠকের প্রশ্ন’ বিভাগে নানা রকমের প্রশ্ন এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম নির্বাচিত একটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবার।
প্রশ্ন: আমি অনার্সপড়ুয়া মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা সরকারি কর্মকর্তা। আমরা তিন ভাইবোন। একটা মেয়েকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি। মেয়েটার পরিবারও মধ্যবিত্ত। মেয়েটা পটুয়াখালীর একটি সরকারি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করছে। মেয়েটার মা–বাবা দুজনেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মেয়েটির সঙ্গে আমার প্রতিদিন পথে দেখা হচ্ছে, চোখে চোখ পড়ছে। আস্তে আস্তে ওর প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি, তাকে ভালোবেসে ফেলেছি। আমাদের দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আঙ্কেল–আন্টি আমার পরিচিত, তাঁদের সঙ্গে রাস্তায় দেখা হলে কথাও বলি। ছয়-সাত মাস আগেও রাস্তায় দেখা হলে মেয়েটা আমাকে ‘ভাই’ বলে ডাকত। কিন্তু এখন পথে যখন দেখা হয়, কোনো কথা বলে না। চোখে চোখ পড়লে অন্যদিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায়। আমার ধারণা, আমি যে ওকে পছন্দ করি, ভালোবাসি; এটা ও বুঝে গেছে।
আমার অনেকগুলো মেয়েবন্ধু আছে। নিয়মিত তাদের সঙ্গে আমার কথা হয়, কিন্তু তাদের কারও প্রতি আমার কোনো আকর্ষণ কাজ করে না। এই মেয়েকে বিয়ে করে জীবনসঙ্গী হিসেবে সারা জীবন পাশে রাখতে চাই। ওর বয়স ১৮ বছর হওয়ার অপেক্ষায় আছি। অনার্সের পড়াশোনার পাশাপাশি আমি সরকারি চাকরির জন্যও পড়াশোনা করছি। আমার একটা চাকরি হতে হতে মেয়েটির বয়সও ১৮ হয়ে যাবে। তাদের বাসায় এরপর আমি বিয়ের প্রস্তাব পাঠাব। তারপরও আমার মনে নানা দুশ্চিন্তা। যদি তার পরিবার না করে দেয়, যদি মেয়েটি আমাকে পছন্দ না করে? সব মিলিয়ে নিজের পড়াশোনার ওপর এর প্রভাব পড়ছে। আমি খুবই হতাশায় ভুগছি। কোনো কিছুই আর ভালো লাগছে না। এখন আমার করণীয় কী?
মৃদুল, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী।
উত্তর: শুধু দেখেই মেয়েটির প্রতি তুমি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছ। কারও সঙ্গে ভালোবাসা বা রোমান্টিক সম্পর্ক তৈরির আগে তো একটি সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। আমাদের প্রত্যেকের ব্যক্তিত্বের গঠন ভিন্ন ভিন্ন। মাতৃগর্ভে থাকার শেষ দিককার সময় থেকে ভূমিষ্ঠ হওয়ার অব্যবহিত পরের সময়টুকু পর্যন্ত পরিবারের কাছের মানুষগুলোর সঙ্গে শিশুর ইতিবাচক অভিজ্ঞতা হওয়া খুব প্রয়োজন। আমরা অন্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে সক্ষম হব কি না, তা অনেক বেশি নির্ভর করে বিদ্যালয় ও সমাজে মানসিকভাবে সহনীয় হওয়ার শিক্ষা আমরা কতটা পেয়েছি। চারপাশের মানুষগুলোর সঙ্গে আমাদের ইতিবাচক অভিজ্ঞতা যদি না হয়, তাহলে নেতিবাচক আবেগগুলো যেমন ভয়, দুঃখ, কষ্ট, রাগ ইত্যাদি মোকাবিলায় আমরা পারদর্শী হয়ে উঠতে পারব না। তখন দেখা যাবে, বড় হওয়ার পর বাইরের কারও সঙ্গে ভালোবাসার সম্পর্ক সুন্দরভাবে চালিয়ে নিতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। তুমি তো মেয়েটিকে এখনো পাওনি। তোমার বয়সও বেশ কম। ২৫ বছর বয়স পর্যন্ত আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটতে থাকে। এই বয়সসীমার মধ্যে যাঁরা রয়েছেন, তাঁদের মনের পরিবর্তন ঘটতে থাকে দ্রুত। তাই বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, যাঁরা ২৪ থেকে ২৫–এর দিকে বিয়ে করেন, তাঁদের পরবর্তী সময়ে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা কম থাকে।
তোমরা যেহেতু পাশাপাশি এলাকায় থাকো, মেয়েটির সঙ্গে একটি শ্রদ্ধাশীল বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা সম্ভব কি না, ভেবে দেখতে পারো। তাতে করে মেয়েটির পছন্দ–অপছন্দ, রুচি, মূল্যবোধ, সাংস্কৃতিকবোধ এবং আবেগের বিকাশ সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ পাবে। তা ছাড়া বিয়ে করলেই যে কেউ সারা জীবন একইভাবে পাশে থাকবে, সেটির কোনো নিশ্চয়তা কিন্তু নেই। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফলে আজকাল সব বয়সের নারী–পুরুষ খুব সহজেই সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই সম্পর্কগুলো খুব সুষ্ঠুভাবে এগোতে পারছে না। দেখা যায়, অল্পদিনের মধ্যেই মানুষ তাদের সঙ্গী পরিবর্তন করে ফেলছে। একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে বিষয়গুলো আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং এ নিয়ে বেশ দুশ্চিন্তাও বোধ করছি।
কাজেই এ মুহূর্তে তুমি প্রথমে অনার্স পরীক্ষায় পরিপূর্ণভাবে মনোনিবেশ করো। এরপর সরকারি চাকরির পড়াশোনায় মনোযোগী হও। চাকরি নিশ্চিত পাবে কি না, মেয়েটির বাড়িতে কবে বিয়ের প্রস্তাব পাঠাবে, তাঁরা প্রত্যাখ্যান করবেন কি না—কারোরই কিন্তু এসব আগাম জানা নেই। ভবিষ্যৎ যেহেতু সবার কাছেই অজানা, তাই এই কথাগুলো ভেবে তুমি যদি মানসিক প্রাণশক্তি কমিয়ে ফেলতে থাকো, তাহলে তোমার কাছে ভবিষ্যতের কাজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরা হবে এবং তোমার মানসিক স্বাস্থ্যের অবনতিও ঘটতে থাকবে। তাই বর্তমানকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আগে শক্ত মাটির ওপরে নিজেকে দাঁড় করাও। তারপর ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার প্রতি উদ্যোগী হলে ভালো হয়।
প্রশ্ন পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘পাঠকের প্রশ্ন’