এসএ টেল নামের একটি বেসরকারি টেলিফোন কোম্পানির তথ্যপ্রযুক্তি (আইটি) প্রকৌশলী মো. আনোয়ারুল করিমের বিরুদ্ধে প্রেমের নামে প্রতারণার অভিযোগ করেছেন একটি মেয়ে। অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আনোয়ারের বিরুদ্ধে মামলা করেছেন মেয়েটি। তিনি ঢাকার একটি বেসরকারি টেলিফোন কোম্পানির কর্মকর্তা ছিলেন। বর্তমানে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে কর্মরত। আনোয়ার বর্তমানে কারাগারে আছেন। প্রতারিত মেয়েটির অভিযোগ, আগামী ৩ নভেম্বর আনোয়ারের জামিন আবেদনের শুনানি হবে। আসামির লোকজন হুমকি দিয়েছেন, জামিনে বের হয়ে এলে তাঁকে (মেয়েটিকে) উচিত শিক্ষা দেওয়া হবে। বলছেন বাড়াবাড়ি না করতে, করলে মেরে ফেলা হবে। বর্তমান উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘মেয়েটিকে হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। এ কারণে আমরা মেয়েটিকে নিরাপত্তা দেব। আবার কেউ হুমকি বা বাধা দিলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ মামলার বিবরণে জানা যায়, ঢাকার একটি ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে আইটি প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন মেয়েটি। ২০০৮ সালের দিকে ইন্টারনেটে বন্ধুত্ব হয় আইটি প্রকৌশলী হিসেবে পরিচয় দেওয়া চট্টগ্রামের মো. আনোয়ারুল করিমের সঙ্গে। মুঠোফোনে আলাপ, এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সম্পর্কের প্রায় এক বছর পর আনোয়ার মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন বলে জানা গেছে। আনোয়ার বিয়ের প্রলোভন দেখিয়ে ২০০৯ সালের ২৭ মার্চ মেয়েটিকে চট্টগ্রামে আনার ব্যবস্থা করেন। পরে নানা গল্প ফেঁদে একেক দিন একেক জায়গায় রাখেন মেয়েটিকে। একপর্যায়ে ফাঁদে ফেলে তাঁর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। পরে মেয়েটি দেখেন আনোয়ার এত দিন মুঠোফোনে যে গল্প শুনিয়েছেন তা মিথ্যায় ভরা। তাঁকে বিয়ে না করে তালবাহানা করতে থাকেন, একপর্যায়ে মেয়েটিকে এড়িয়ে চলেন। মামলার বাদী (মেয়েটি) প্রথম আলোকে বলেন, ‘যোগাযোগ করলে আনোয়ার আমাকে বেশ কয়েকবার অপমান করেন। বাড়বাড়ি করলে মেরে ফেলারও হুমকি দেন। তাই গত ২৯ জানুয়ারি তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি, যার নম্বর ১৫৩৫। আনোয়ার তখন নিজে অনুতপ্ত বলে ক্ষমা চান এবং মামলা না করার জন্য আমাকে অনুরোধ করেন। কিছুদিন পর বিয়ে করার কথা বললে আনোয়ার আবার আমাকে এড়িয়ে চলেন। একপর্যায়ে ইন্টারনেটে কুরুচিপূর্ণ ছবি ছাড়বে বলে হুমকি দেন। তাই বাধ্য হয়ে গত ২৭ জুলাই আনোয়ারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করি, যার নম্বর ৬৮। ৩ অক্টোবর আসামি আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।’আনোয়ারুল করিম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘গত বছরের মার্চের দিকে মেয়েটির সঙ্গে আমার পরিচয় হয়। এরপর সে আমার কাছ থেকে নানাভাবে সহযোগিতা চেয়ে আসছিল। এতে তাঁর সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। আসলে ওই সম্পর্ক গড়ে তোলাতেই আমার ক্ষতি হয়েছে। ও আমাকে ব্ল্যাকমেইলিং (প্রতারণা) করেছে, যে কারণে আমি কারাগারে। আর যে চিকিৎসক মেয়েটির পক্ষে চিকিৎসা সনদ দিয়েছেন তা অন্যায়। পুলিশও ভালো করে তদন্ত না করে আমার বিরুদ্ধে মামলা নিয়েছে।’ মেয়েটি এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চট্টগ্রামের একটি নারী হোস্টেলে ওঠানোর সময় আমার স্থানীয় অভিভাবক হয়েছিলেন আনোয়ার। এর প্রমাণ আছে হোস্টেলের নিবন্ধন বইতে (রেজিস্ট্রার) যা তদন্তকারী পুলিশ কর্মকর্তা সংগ্রহ করেছেন। আসলে আনোয়ার আরও কয়েকটি মেয়ের সঙ্গেও সম্পর্কে গড়ে তোলেন। কবিতা আবৃত্তি করে মেয়েদের মন জয়ের চেষ্টা করতেন তিনি। তাঁর মাথায় চুলও কম। তাই মেয়েদের সামনে তিনি পরচুলা লাগিয়ে আসতেন।’ মেয়েটি আরও জানান, আনোয়ারের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁর বড় বোন সম্প্রতি সিটি করপোরেশনের নির্বাচনে মহিলা কাউন্সিলর প্রার্থী হয়ে হেরে যান। তাঁরাও প্রভাব খাটিয়ে আমার ক্ষতির চেষ্টা করছেন। তাই তাঁদের বিরুদ্ধেও গত ২৭ সেপ্টেম্বর আমি সাধারণ ডায়েরি করি, যার নম্বর ১৪৪৬। আনোয়ার অবশ্য বলেন, একটি মেয়ের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আরও ভালো পাত্র পাওয়ায় ওই মেয়েটি আমাকে বিয়ে করেনি। পুলিশ সূত্র জানায়, আইটি প্রকৌশলী মেয়ের সঙ্গে আনোয়ার অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে তৎকালীন উপপুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদারের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। পুলিশ একটি হোটেলের নিবন্ধন বই (রেজিস্ট্রার) জব্দ ও মেয়েটির মেডিকেল পরীক্ষা করিয়েছে। বনজ কুমার মজুমদার সম্প্রতি দীর্ঘ ছুটিতে দেশের বাইরে চলে যান। বিদেশে যাওয়ার আগে বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির সঙ্গে অনৈতিক সম্পর্কের তথ্যপ্রমাণ পেয়ে পুলিশ মামলা নিয়েছে। এর আগে হোটেলে থাকার রেজিস্ট্রার বই জব্দ করা হয়। আর মেয়েটির মেডিকেল পরীক্ষায় অনৈতিক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়।’