
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
ছোটবেলা থেকেই মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা পাই। আমার কোনো বোন নেই। আমি এমনকি আশপাশের মামাতো, চাচাতো বোনদের সঙ্গেও কথা বলতে পারি না। হয়তো এই কারণে আমার কোনো মেয়ে বন্ধু নেই। আমার কলেজজীবন শেষ প্রায় তারপরও এই জড়তা কাটেনি। এই নিয়ে বন্ধু মহলে বরাবরই হাসির পাত্র ছিলাম। জেদের বশে একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দিই। মেয়েটি সাড়াও দেয়। সে জানায়, সেও আমাকে পছন্দ করত। কিন্তু কিছুদিন পর শুনলাম, মেয়েটির সঙ্গে আমার বড় ভাইয়ের সম্পর্ক ছিল। আমার ভাই এখনো মেয়েটিকে ভালোবাসে। তবে মেয়েটি ভালোবাসে না। এটা বুঝতে পেরে, সরে আসার জন্য আমি ওকে বলি আমার অন্য কাউকে ভালো লাগে। যদিও কথাটা মিথ্যা। এখন সে অন্য কারও সঙ্গে প্রেম করছে। আমি খুব কষ্টে আছি। ওকে ভুলতে পারছি না।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার যদি নিজের কোনো বোন থাকত ভালো হতো। তাহলে হয়তো শৈশব থেকেই মেয়েদের সঙ্গে কথা বলার একটি চমৎকার সুযোগ তৈরি হতো। তোমার পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরেছেন কিনা জানি না। তঁারা তোমাকে মামাতো, চাচাতো বোনদের সঙ্গে সহজভাবে মেশার ব্যাপারে উৎসাহ দিতে পারতেন। এতে তোমার লজ্জা সংকোচ অনেকটাই কেটে যেতো। তুমি তখন মেয়েদের শুধুমাত্র মেয়ে হিসেবে না দেখে তোমার মতোই আর একটি মানুষ হিসেবে দেখতে পারতে।
তুমি জেদের বশে মেয়েটিকে প্রস্তাব দিয়ে খুবই ছেলেমানুষি কাজ করেছ। আবার তোমার বড় ভাইয়ের বিষয়টি জানার পর মেয়েটিকে মিথ্যে বলার কোনো প্রয়োজন ছিল না। সততা ও স্বচ্ছতা বজায় রেখে তুমি ওর কাছে খোলাখুলিই বলতে পারতে কেন ওর সঙ্গে সম্পর্কটি চালিয়ে যেতে চাইছ না।
তুমি নিজের সঙ্গে প্রতারণা করেছ এবং মেয়েটিকেও অনিচ্ছাকৃতভাবে হলেও কষ্ট দিয়েছ। এই কারণেই এখন নিজের প্রতি রাগ ও অপরাধবোধ তৈরি হচ্ছে। এই মুহূর্তে ওকে কিছু বলা সম্ভব না হলেও তুমি অন্তত নিজের সঙ্গে একটি বোঝাপড়ায় আসতে পারো।
এখন থেকে সবসময় যেকোনো সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকবে। সাহস করে খোলাখুলিভাবে নিজের মনের অনুভূতির কথা ব্যক্ত করব, কেমন?