‘শহরের রাস্তায় লোকজনের চলাচল দেখে প্রথমে আমার বিস্ময় জাগে, এ দেশের লোকসংখ্যা কত? এত্ত এত্ত মানুষ সবখানে! অথচ আমাদের দেশে মানুষ অনেক কম। রাস্তাঘাটে এমন লোকজন গিজগিজ করতে দেখা যায় না।’ চট্টগ্রাম শহর কেমন লাগছে জানতে চাইলে এভাবেই বর্ণনা শুরু করেন নেদারল্যান্ডের নাগরিক বার্নাডেট ড্যামিউজ। এরপরই জানালেন, নগরের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে হার মেনেছেন। পাহাড় আর সবুজের হাতছানি এড়িয়ে যেতে পারেননি। ভালো লেগেছে বেশ। বার্নাডেট একজন পোশাক ডিজাইনার। সম্প্রতি চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের আমন্ত্রণে প্রশিক্ষক হিসেবে এসেছেন নেদারল্যান্ড থেকে। এ দেশে এটাই তাঁর প্রথম সফর। থরে থরে সাজানো উইমেন চেম্বারের সদস্যদের তৈরি বিভিন্ন ডিজাইনের জামাকাপড় দেখে অবাক হয়ে যান বার্নাডেট। বললেন, ‘আমি সত্যিই অবাক হয়েছি এখানকার মেয়েদের কাজ দেখে। প্রশিক্ষণ পেলে তাঁরা আরও ভালো করবেন নিঃসন্দেহে।’ মেয়েদের কাজের প্রতি যথেষ্ট আগ্রহ আছে। তাঁরা আরও একটু শ্রম ও মনোযোগ বাড়ালে তাঁদের ডিজাইনের পোশাক বিদেশেও সবার নজর কাড়বে। এমনই মন্তব্য করলেন বার্নাডেট। ৬৫ বছর বয়েসী এ ডিজাইনার এখনো ফ্যাশন সচেতন এবং কাজের প্রতি একাগ্র। বললেন, ‘আমাকে সারাক্ষণই ব্যস্ত থাকতে হয় কাজ নিয়ে। বেশ কয়েক দিন ধরে সাপ্তাহিক ছুটিও ভোগ করতে পারছি না। অবশ্য আমি শারীরিক শ্রম নিয়ে খুব বিচলিত নই। আমার নিজের বাড়িতেও সব কাজকর্ম নিজে করি। কারও সাহায্যের প্রয়োজন হয় না।’ বার্নাডেটের দুই ছেলেমেয়ে। মেয়ে বিয়ে করে স্বামীর সঙ্গে আছেন। আর ছেলে এখনো পড়াশোনা করছেন। তবে মায়ের সঙ্গে থাকেন না। বার্নাডেট বললেন, ‘আমার ছেলে গিটার বাজায়। ঘরে থাকলে ওটা নিয়ে সারাক্ষণ টুং টাং করে। আমি ওসব হইচই পছন্দ করি না। তাই ওকে আলাদা থাকতে বলেছি।’ বার্নাডেট একাই তাঁর ঘরের বাসিন্দা। কারণ বছর গড়িয়েছে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। আর এ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই তাঁর মধ্যে। বার্নাডেট চট্টগ্রামে এসে ফ্যাশন ডিজাইনার আইভি হাসানের বাসায় ছিলেন। খেয়েছেন দেশীয় সব খাবার। এতে তেমন কোনো সমস্যা হয়নি বলে জানালেন অকপটে। এখানে প্রশিক্ষণের পাট চুকিয়ে বার্নাডেট পাড়ি দেন মঙ্গোলিয়া।