মেয়েদের জন্য পলিটেকনিক
এসএসসি পরীক্ষা শেষ। এখন ফলাফলের জন্য অপেক্ষা। অনেকেই ভাবছ কোন কলেজে পড়বে, কোন বিভাগে পড়বে, অথবা ভবিষ্যতে কী হতে চাও। তোমাকেই বলছি। যে বিভাগেরই ছাত্রী হও, যে স্কুলেরই হও তুমি, তোমার স্বপ্নের দরজা হতে পারে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা এই চারটি বিভাগের চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট খুলে দিতে পারে তোমার অপার সম্ভাবনার দ্বার।কোন বিভাগে পড়তে চাওইলেকট্রনিকস টেকনোলজি, আর্কিটেকচার টেকনোলজি, কম্পিউটার টেকনোলাজি, ইলেকট্রোমেডিকেল টেকনোলজি, ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজি—এই পাঁচটি বিভাগ নিয়ে চলছে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। চার বছর মেয়াদি কোর্সে সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত হয় ডিপ্লোমা ও ইঞ্জিনিয়ারিংয়ের এই পাঁচ বিভাগ। যেখানে সাতটি সেমিস্টার চলবে চার দেয়ালের ক্লাসে, আর সপ্তম সেমিস্টারে থাকবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। সবশেষে চার সপ্তাহের প্রেজেন্টেশন পর্ব উত্তীর্ণ হলেই তুমি হয়ে যাবে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আরও বেশি পড়তে চাইলে পড়তে পার বাংলাদেশ সরকার কর্তৃক স্থাপিত গাজীপুরে অবস্থিত শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে (ডুয়েট)। যার মান যে কোনো প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমতুল্য।ক্লাস আর ল্যাবঢাকা মহিলা পলিটেকনিকে যেমন চলে ডাস্টার বোর্ডের ক্লাস, তেমনি চলে যন্ত্রপাতির ল্যাব। প্রতিটি বিভাগেই আছে ল্যাবরেটরি। পুঁথিবিদ্যা আর হাতেকলমের শিক্ষা, দুটোই চলে সমানতালে। তবে ক্লাসের পড়াই সবচেয়ে বেশি ভালো লাগে শারমিন, সাবিহা আর খাদিজার। তাঁরা বলেন, গল্পের ছলে ক্লাস কখন শেষ হয় তা টেরই পান না তাঁরা। তাই ক্লাসই বেশি ভালো লাগে তাঁদের। এষা, ফরিদা আর রেনির অবশ্য ল্যাবের কাজই বেশি ভালো লাগে। তাঁরা বলেন, হাতেকলমে না শিখলে কি আর শেখা হয়? তবে একটা ব্যাপারে সবাই একমত, ‘সবচেয়ে বেশি ভালো লাগে স্যার-আপাদের। ক্লাস কি ল্যাব—তাঁদের ছাড়া সবই শূন্য।’ক্লাসের ফাঁকেক্লাসের ফাঁকে আর কী থাকে? টিফিন পিরিয়ড আর কী? তার ফাঁকে? তারও ফাঁকে চলে গান, নাচ, কবিতা, জাতীয় দিবস উদ্যাপন, খেলাধুলা, সেমিনার আর বিতর্ক। তারই গল্প করছিলেন ইলেকট্রনিকসে পড়ুয়া সানজিদা। বলছিলেন, ‘গত বছর বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার বিভাগ। এবার আমরা অনেক শাণিত। এবার আমরাও দেখিয়ে দেব।’ এমনি মজার খুনসুটিতে চলে ক্লাসের ফাঁকে আড্ডা। পড়া, খেলা, ক্লাসের গ্রুপিং, ঝগড়া—কিছুই বাদ থাকে না আড্ডার তালিকায়। হেসে বললেন ইলেকট্রনিকসের রুমা।কেন পড়ছি ঢাকা মহিলা পলিটেকনিকে‘আমার বাবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বাবার মতো আমিও ইঞ্জিনিয়ার হতে চাই,’ বললেন ইলেকট্রনিকসের রুমা।‘আমি খাগড়াছড়ির মেয়ে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার (ইইই) হতে চাই, যাতে খাগড়াছড়িকে আরও উন্নত করতে পারি,’ বললেন খাগড়াছড়ির রেনি চাকমা।‘আমি তাড়াতাড়ি স্বাবলম্বী হতে চাই। তাই পড়ছি ঢাকা মহিলা পলিটেকনিকে,’ বললেন কম্পিউটার বিভাগের সুবর্ণা আফরোজ।‘এখানে কোনো সেশন জট নেই। চার বছর পরই শেষ হবে পড়া, একই সঙ্গে থাকবে ভালো বেতনের চাকরি। তাই পড়ছি,’ বললেন আর্কিটেকচারের ইতি, তারিন, সালমা, নিপা আর আইরিন। ইলেকট্রনিকসের শারমিন সালাম উর্মি বললেন, ‘বাংলাদেশে কারিগরি বিদ্যার কদর দিন দিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে সাধারণ শিক্ষায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা। অথচ আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করলেই সরকারি সহকারী প্রকৌশলী হিসেবে কাজ শুরু করতে পারব। যেখানে অন্যদের অপেক্ষা করতে হবে অনেকগুলো অনিশ্চিত বছর। তাই পড়ছি পলিটেকনিকে।’ এত কারণের পর আর কোনো কারণের প্রয়োজন আছে কি? আছে। বলা প্রয়োজন, পলিটেকনিকের ছাত্রছাত্রীরা আজ দেশের আনাচে-কানাচে কাজ করছেন। শুধু চাকরি নয়, পলিটেকনিক তৈরি করছেন উদ্যোক্তা। যাঁরা কাজ করছেন দেশের আর্কিটেকচার ফার্ম, ব্যবসায় প্রতিষ্ঠান, ফার্নিচার, টেক্সটাইল, সিরামিকস, জুটমিল, বাংলাদেশ টেলিভিশন, বেতার, পরমাণু গবেষণাকেন্দ্র, রাজউকসহ অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠানেও। ব্যক্তিগত উদ্যোগ তো আছেই।মহিলা পলিটেকনিকের পথিকৃতেরাকানিজ ফাতেমা আরকাতুন নেসা ইলেকট্রনিকস বিভাগের প্রধান এবং কবিতা হোসেন আর্কিটেকচারের ইনসট্রাক্টর। বাংলাদেশের প্রথম দুই নারী, যাঁরা শুরু করেছিলেন কারিগরি শিক্ষার পথে প্রথম পথচলা। সময়টা ১৯৭৬ সাল। ঢাকা পলিটেকনিকে প্রায় আড়াই হাজার ছেলের মধ্যে জড়সড় হয়ে ক্লাস করতেন তাঁরা দুজন। এখন শিক্ষকতা করছেন ঢাকা মহিলা পলিটেকনিকে। তাঁরা বললেন, ‘এসএসসির পর অনেক মেয়ের পড়া বন্ধ হয়ে যায়। কেউ পড়তে পারে না, কেউ বা প্রতিযোগিতার তোড়ে সুযোগ পায় না ভালো কলেজে পড়ার। তাদের জন্য সবচেয়ে ভালো সুযোগ হতে পারে মহিলা পলিটেকনিক। কারণ হাতেকলমে শেখার পর স্বাবলম্বী হওয়ার সুযোগ পেলেই আমাদের মেয়েদের অর্থনৈতিক মুক্তি ঘটবে, যা আমাদের সবার কাম্য।’ ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রফিকুল ইসলাম মীর বলেন, ‘কারিগরির দিকে মেয়েরা দিন দিন ভালো করছে। তাই যত বেশি মহিলা পলিটেকনিক হবে, তত বেশি তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। নারীরা স্বাবলম্বী হবে।’পলিটেকনিকে পড়তে হলেকারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ৫০টি সরকারি পলিটেকনিকে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে যারা ২০০৯ এর আগে এসএসসি পাস করেছেন তাঁদের জন্য সুযোগ আছে দ্বিতীয় শিফটে লেখাপড়া করার, একই শর্ত ও একই পাঠক্রম অনুযায়ী। ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা এবং জিপিএ থেকে ৫০ নম্বর মিলিয়ে মোট ১০০ নম্বরের মধ্যে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি করা হবে। এ ছাড়া এখানে ভর্তির ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত কোটাও অনুসরণ করা হয়। আবেদনের ন্যূনতম জিপিএ-৩.৫ লাগবে, যেখানে গণিতে ৩ পয়েন্ট থাকা বাধ্যতামূলক। ভর্তির আবেদন করতে হবে www.techedu.gov.bd এই ওয়েসবাইটে। আরও বিস্তারিত জানতে লগইন করুন www.bteb.gov.bd এই ওয়েবসাইটে।