মেয়েদের পাল্লাই ভারী
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলে মেয়েরাই প্রাধান্য বিস্তার করেছে এবার। বোর্ডে যেখানে গড় পাসের হার ৭২ দশমিক ৬৫ সেখানে মেয়েদের ৭৩ দশমিক ১৬। এ ছাড়া তিনটি বিভাগেই মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন গ্রেডিং অর্থাৎ ভালো ফলাফলের দিক থেকেও। মনোযোগ, একাগ্রতা, সামাজিক অবস্থানসহ নানা কারণে মেয়েদের এমন সাফল্য বলে সংশ্লিষ্ট লোকজনের ধারণা।ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৪১। সেখানে মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৪৫। আর ছেলেরা অনেক পিছিয়ে। তাঁদের অর্জন ৭০ দশমিক ৩৮। মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৬৩ দশমিক ২৫। ছেলেদের ৫৯ দশমিক ২১। সার্বিক পাসের হার ৬১ দশমিক ৮৫। একইভাবে ব্যবসায় শিক্ষা বিভাগেও এগিয়ে রয়েছেন মেয়েরা। এখানে মেয়েদের পাসের হার ৮১ দশমিক ১৯ আর ছেলেদের ৭৭ দশমিক ৮৭। গড় পাসের হার ৭৯ দশমিক ২৪। মেয়েদের এমন সাফল্যের কারণ কী? জানতে চাইলে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার বলেন, ‘নিজেদের সামাজিক অবস্থানগত কারণে এখন পড়ালেখাকে অগ্রাধিকার দিচ্ছে মেয়েরা। এ ছাড়া, তারা ছেলেদের চেয়ে বেশি মনোযোগী। ঘোরাঘুরি কম করে। এ কারণে মেয়েরা প্রাধান্য বিস্তার করেছে।’শুধু পাসের হারের দিক থেকে নয়, গ্রেডিংয়ের বিচারেও ছেলেদের চেয়ে এগিয়ে আছেন মেয়েরা। বিজ্ঞান বিভাগে ১৫ দশমিক ৬২ ভাগ মেয়ে জিপিএ-৫ পেয়েছেন। এ বিভাগ থেকে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২ ভাগ। একইভাবে মানবিকে বোর্ডে মোট ৪৫ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর ২৪ জনই মেয়ে। তবে এ বিভাগে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছেলেদের চেয়ে বেশি ছিল বলে জানা গেছে।ব্যবসায় শিক্ষা বিভাগের ফলের দিক থেকেও সুস্পষ্ট প্রাধান্য বিস্তার করেছেন মেয়েরা। এখানে আট হাজার ৬১৪ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২১৬ জন। অন্যদিকে ১২ হাজার ৩১৭ জন ছেলে পরীক্ষায় অংশ নিলেও জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১৬৪ জন।জেলাভিত্তিক ফলাফলেও এগিয়ে মেয়েরা। চট্টগ্রাম জেলায় মোট ৭৪ দশমিক ৮৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ মেয়ে। ছেলেদের সংখ্যা ৭৩ দশমিক ৮৩।রাঙামাটি জেলা থেকে মেয়ে পাস করেছেন শতকরা ৬৩ দশমিক ৪৬ জন। আর ছেলে পাস করেছেন ৬০ দশমিক ০২ শতাংশ। খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় মেয়েদের পাসের হার যথাক্রমে ৫৭ শতাংশ ও প্রায় ৬৪ শতাংশ। এ দুই জেলায় ছেলেদের পাসের হার যথাক্রমে ৫১ দশমিক ৩৪ ও ৫৬ দশমিক ৩৫। শুধু কক্সবাজার জেলায় মেয়েরা ছেলেদের চেয়ে পিছিয়ে রয়েছেন। এ জেলায় ছেলে পাস করেছেন ৭৬ দশমিক ৪১ ভাগ। আর মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৬২।