মেয়েদের ফলাফলে রাজশাহীতে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় প্রাঙ্গণে জমেছে আড্ডা
ছবি: সোয়েল রানা

ফুলে ফুলে সেজেছে ক্যাম্পাস। আছে নন্দিনী, পারুল, চন্দ্রপ্রভা, সিলভিয়ার মতো দুর্লভ ফুল। ফুলবাগানের এক পাশে পুকুর। সেখানে ভাসছে পদ্ম। বাগানের এক পাশে দোলনা। মাঝখানে শহীদ মিনার ও অপরাজিতা সাংস্কৃতিক মঞ্চ। শুধু মনোমুগ্ধকর প্রকৃতি ও পরিবেশের জন্য নয়, ভালো ফলাফলের জন্যও সুনাম আছে বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের। এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে মেয়েদের কলেজগুলোর মধ্যে এই কলেজটিই শীর্ষে আছে।

প্রাক্তন ছাত্রী যখন অধ্যক্ষ

কিছুদিন আগেও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের চেহারা এমন ছিল না। চত্বরে সারা বছর পড়ে থাকত ময়লা-আবর্জনা। বর্ষায় কাদা-পানিতে থিক থিক করত মাঠ। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই কলেজটা সুন্দর করার উদ্যোগ নেন অধ্যাপক জোহরা ওয়াহিদা রহমান। এই শিক্ষাপ্রতিষ্ঠানেরই ছাত্রী ছিলেন তিনি। তাই তাঁর আবেগটা অন্য রকম। তিনি বলেন, ‘বিভিন্ন নার্সারি ঘুরে দুর্লভ সব ফুল ও গাছের চারা সংগ্রহ করেছি। শিক্ষকদের নিয়ে কলেজ চত্বরে এসব গাছ নিজ হাতে লাগিয়েছি। দিনের পর দিন যত্ন নিয়েছি, পরিচর্যা করেছি। মাত্র সোয়া দুই বছরে পাল্টে গেছে কলেজ ক্যাম্পাসের চিত্র।’

ফুলে ফুলে সেজেছে ক্যাম্পাস
ছবি: সোয়েল রানা

প্রধান ফটকের পাশেই অভিভাবকদের বিশ্রামের জন্য নির্মাণ করা হয়েছে অভ্যর্থনাকক্ষ। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রতিদিন তাঁরা ক্যাম্পাস পরিষ্কার করেন। শৌচাগারগুলোও পরিচ্ছন্ন রাখেন। কলেজের দেয়াল ও করিডরে লেখা হয়েছে নানা রকম বার্তা, গুণীজনের বাণী। আছে নানা রকম চিত্রকর্ম। ছাত্রীদের খেলাধুলার ব্যবস্থা ছাড়াও পড়ার জন্য আছে সমৃদ্ধ পাঠাগার। ছাত্রী পরিবহনের তিনটি বাসের নামগুলোও সুন্দর—শাপলা, অপরাজিতা ও দোলনচাঁপা।

এই কলেজ থেকে উচ্চমাধ্যমিক পেরোনো আনিকা গওহর বলছিলেন, ‘দুই বছর আগে যখন কলেজে আসতাম, ময়লা-আবর্জনা দেখে মন খারাপ হয়ে যেত। এখন ক্যাম্পাসে পা রাখলে মনে হয় কোনো দর্শনীয় জায়গায় ঘুরতে এসেছি। এটা আমার ক্যাম্পাস, ভেবে গর্ব হয়।’

প্রায় ৬০ বছরের ইতিহাস

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় মুজিবুর রহমান মহিলা কলেজ। প্রতিষ্ঠাতা শিল্পপতি ও ভান্ডারি গ্রুপের কর্ণধার মুজিবুর রহমান ভান্ডারি। ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি কলেজটিকে সরকারি করা হয়। ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষে চালু হয় বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন ও প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি। প্রাণিবিদ্যা ছাড়া বাকি ৭ বিষয়েই চালু আছে স্নাতকোত্তর ডিগ্রি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে ২০১৬ সালে কলেজটি নবম ও ২০১৭ সালে পঞ্চম স্থানে উঠে আসে।

সর্বশেষ প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে দেখা যায়, ১ হাজার ৪৪৮ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৪৩০ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮৬৯ জন। পাসের হার প্রায় ৯৯ শতাংশ।

এইচএসসি উত্তীর্ণ রাফিয়া মিলিশা বলছিলেন, ‘আমাদের কলেজ থেকে পাস করে অনেকেই এখন সরকারি-বেসরকারি পর্যায়ে ভালো অবস্থানে আছেন।’ সরকারের অতিরিক্ত সচিব আফরিনা নাজের কথা বলছিলেন শিক্ষার্থীরা। আফরিনার মতো অগ্রজদের দেখে প্রেরণা পান তাঁরা।

শিক্ষার্থীদের সেলফি
ছবি: সোয়েল রানা

নুজহাত জাহান নামে এক শিক্ষার্থীর সঙ্গে কথা হলো। তিনি বলেন, ‘সারা বছর আমরা পড়ালেখার পাশাপাশি নানা কার্যক্রম চালিয়ে যাই। খেলাধুলা, অভিনয়, সংস্কৃতির চর্চা কিংবা বিতর্ক প্রতিযোগিতা হয় নিয়মিত।’

মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রেখেছিলেন এই কলেজের শিক্ষার্থীরা। কলেজের উপাধ্যক্ষ বিল্লাল হোসেন জানালেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর এই কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প খোলা হয়েছিল।

আছে নানা সংকট

উচ্চমাধ্যমিক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর স্তর মিলিয়ে এই কলেজের বর্তমান ছাত্রীর সংখ্যা ৬ হাজার ৯ জন। শিক্ষার্থী অনুপাতে দেড় শ শিক্ষক থাকার কথা। অথচ অনুমোদিত পদের সংখ্যা ৫৬। এর মধ্যেও আবার দীর্ঘদিন ধরে ১০ পদ শূন্য।

৬ হাজার শিক্ষার্থীর জন্য ২০০ আসনবিশিষ্ট শ্রেণিকক্ষ আছে মাত্র ৭টি। ক্লাসরুমের অভাবে উচ্চমাধ্যমিকের এক বর্ষের পাঠদান চললে বারান্দায় দাঁড়িয়ে থাকে অন্য বর্ষের শিক্ষার্থীরা। আর শ্রেণিকক্ষের অভাবে সেমিনারকক্ষেই ক্লাস করছেন সম্মান শ্রেণির ছাত্ররা।

বেগম ময়জাননেছা ভান্ডারী, বেগম জাহানারা রহমান ও বেগম রোকেয়া নামে তিনটি হোস্টেল আছে। সব মিলিয়ে আসনসংখ্যা ৩০০। সেখানেই গাদাগাদি করে থাকছেন ছয় শর বেশি শিক্ষার্থী। হোস্টেলে সিট না পেয়ে গণরুমে উঠেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী নাজমা আখতার। ছোট্ট একটা ঘরে ২০ জনের আসনে থাকছেন ৪০ জন। নাজমা আকতার বলেন, ‘বিছানায় ঘুমাই, বিছানাতেই পড়ি। কয়েক বিছানার ফাঁকে ফাঁকে ফ্যান। বাতাস লাগে না। গরমে দম বন্ধ হয়ে আসে। ওদিকে জানালার কাচ ভাঙা। রাতে হু হু করে বাতাস ঢোকে। ছাদ থেকে পলেস্তারা, চুন-ধুলাবালু খসে পড়ছে।’ দর্শন বিভাগের ছাত্রী মরিয়ম আকতার বলেন, ‘গণরুম অনেকটা বন্দিশালার মতো। কবে হোস্টেলে সিট পাব, আর কবে এই বন্দিশালা থেকে মুক্তি মিলবে, সেই প্রতীক্ষায় আছি।’

এসব সংকট প্রসঙ্গে অধ্যক্ষ ওয়াহিদা রহমান বলেন, ‘আমাদের এখানে বহুতল ছাত্রী হোস্টেল নির্মাণ করা প্রয়োজন, অনাবাসিক ছাত্রীদের জন্যও কমপক্ষে ১০টি বাস দরকার। ১৫০ জন শিক্ষকের জন্য আবেদন করেছি। অবকাঠামোগত উন্নয়নের জন্যও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। নানা সংকট ও সীমাবদ্ধতা সত্ত্বেও আমি চেষ্টা করেছি, শিক্ষার্থীরা যেন একটা সুন্দর পরিবেশ পায়। সরকারি সহায়তা পেলে একটু একটু করে সব সমস্যাই আমরা সমাধান করতে পারব।’