মেয়েদের বাইকও প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারি সারি করে সাজানো আধুনিক সব মোটরবাইক। হোন্ডা, সিবিজেড, হাংক, ইউকর্ন, গ্ল্যামার, প্যাশন প্রো, স্প্লেন্ডারসহ আকর্ষণীয় সব মডেল নজর কাড়ছে সবার। ব্যবসায়ী, চাকরিজীবী ও তরুণদের ভিড় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মিলনায়তনে। সেখানে গতকাল শেষ হলো তিন দিনের মোটরবাইক প্রদর্শনী। বিজ্ঞাপনী সংস্থা ইম্প্রেশন্সের আয়োজনে গত বৃৃহস্পতিবার শুরু হয় এ প্রদর্শনী। উদ্বোধন করেন ওয়াল্টনের মিডিয়া পরিচালক মিজানুর রহমান। উপস্থিত ছিলেন গাজী টায়ারের বিপণন কর্মকর্তা তরুণচন্দ্র রাজবংশীসহ বিভিন্ন মোটরবাইক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ইম্প্রেশন্সের ব্যবস্থাপনা প্রধান সৈয়দ রাজু আহমেদ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে অনেক কোম্পানির সমন্বয়ে আয়োজিত প্রথম মোটরবাইক প্রদর্শনী এটি। অনেক সাড়া পাচ্ছি। বিশেষ করে ব্যবসায়ী, চাকরিজীবী এবং তরুণদের আগ্রহ অনেক বেশি।’ প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠান মোটরসাইকেল ইম্পোরিয়ামের পরিচালক মো. তরিকুল ইসলাম জানান, মেলায় ১০০ থেকে ১০০০ সিসি পর্যন্ত মোটরবাইকের প্রদর্শন করা হয়েছে। মূলত প্রচার এবং প্রসারের জন্যই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেয়েদের জন্যও ছিল স্কুটি নামের বাইক। ব্যাটারিচালিত এসব স্কুটির দাম ৬০ থেকে ৬২ হাজার টাকার মধ্যে। প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল মোটরবাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমডব্লিউর এক হাজার সিসি এবং হোন্ডার ৬৫০ সিসির মোটরবাইক। শুধু মোটরবাইকই নয়, ছিল আনুষঙ্গিক সব যন্ত্রপাতি। মোটরবাইকের টায়ার, হেলমেট, সেফটি মাস্ক (নিরাপত্তা মুখোশ) থেকে শুরু করে হাতের গ্লাভস পর্যন্ত সবকিছুই ছিল। গতকাল প্রদর্শনীতে আসা ব্যবসায়ী আতিকুল মান্নান বলেন, ‘ব্যবসার জন্য কিংবা নিজের জন্যই একটা মোটরবাইক দরকার। সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য এ যানটি খুব কাজ দেয়। এসব প্রদর্শনীতে বিভিন্ন ডিজাইন এবং মডেলের মোটরবাইক পাওয়া যায়। তাই দেখতে আসা। পছন্দ হলেই বুকিং দিয়ে যাব।’