
কক্সবাজারের মেয়ে আকলিমা খাতুন। আলোচনায় এসেছেন উশু চায়নিজ মার্শাল আর্ট শিখে। এরই মধ্যে জিতেছেন ব্রোঞ্জ ও স্বর্ণপদক।
পড়াশোনা এবং উশু মার্শাল আর্ট দুটো একসঙ্গে করতে সমস্যা হয় না?
না, আমি সেভাবেই সময় ভাগ করে নিয়েছি। সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে মার্শাল আর্টের ক্লাস করি। বাকি সময় নিজে নিজে অনুশীলন করি। আর পড়াশোনা তো নিয়মিত করছি। ফলাফলও কিন্তু ভালো।
মেয়েদের জন্য মার্শাল আর্ট কতটা সহায়ক?
অনেক বেশি। এখন তো আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি সাহসী মনে হয়। আমার কাছে মনে হয় ইভ টিজিং থেকে বাঁচতে মেয়েদের বড় অস্ত্র হতে পারে মার্শাল আর্ট।
বাবা-মা কেমন সহযোগিতা করছেন?
আমি যখন আগ্রহের কথা জানিয়েছি, তখন বাবা নিজে গিয়ে দেখে এসেছেন জিনিসটা কী। তাঁর দেখে ভালো লাগায় আমাকে প্রশিক্ষণ নিতে পাঠিয়েছেন। ২০১৩ সাল থেকে আমি প্রশিক্ষণ নেওয়া শুরু করি। ওই বছরই বাংলাদেশ গেমসে অংশ নিয়ে ব্রোঞ্জপদক পাই। এতে বাবার আগ্রহ বেড়ে যায়। পরের বছর বাংলাদেশ জাতীয় উশু প্রতিযোগিতায় অংশ নিয়ে তাওলু ইভেন্টে স্বর্ণপদক পাই। এখন বাবার উত্সাহেই এগিয়ে যাচ্ছি। মা সব সময় আমার পাশে আছেন।
মার্শাল আর্ট নিয়ে কী স্বপ্ন দেখেন?
আমি দেশে ও বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হতে চাই। আর আমার বড় স্বপ্ন হলো, আমার একটা সংগঠন থাকবে, যেখানে মেয়েদের মার্শাল আর্টসহ নানা ধরনের খেলাধুলার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
সাক্ষাত্কার: হাবিবুল্লাহ সিদ্দিক