মেয়ের লেখা সবাইকে পড়ে শোনান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পেশাগত, শিক্ষাগত বা অন্য কোনো কারণে যাঁরা মায়ের কাছ থেকে দূরে থাকেন তাঁদের জন্যই ছিল মা দিবসের এ আয়োজন। অধুনায় ছাপা কুপনে মাকে নিয়ে পাঁচটি পঙ্ক্তি লিখতে বলা হয়েছিল সন্তানকে। সারা দেশ থেকে অসংখ্য সন্তান অংশ নিয়েছেন এই আয়োজনে। তাঁদের মধ্য থেকে লটারি করে বিজয়ী হয়েছেন ১২ জন। মা দিবসে সেই সন্তানদের পক্ষ থেকে প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার বন্ধুরা গিয়েছেন তাঁদের মায়ের কাছে। ফুল, মিষ্টি, শাড়ি আর নানা ধরনের উপহারের সঙ্গে নিয়ে গেছেন মাকে উদ্দেশ করে লেখা সন্তানের সেই ভালোবাসার পঙ্ক্তিমালা। মায়েদের জন্য এটা ছিল বিস্ময়। সেই ১২ মায়ের এবং সন্তানদের অনুভূতি নিয়েই এ আয়োজন।
মা গীতা রানী সাহার সঙ্গে বন্ধুসভার বন্ধুরা
মা গীতা রানী সাহার সঙ্গে বন্ধুসভার বন্ধুরা

‘যখন মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি, তখন যেন স্বর্গীয় সুখ পাই। মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয়, যখন মায়ের ক্লান্ত মুখখানি দেখি। কত দিন মায়ের মিষ্টি মধুর বকুনি খাইনি। মা গো, তোমাকে অনেক মিস করি, অনেক ভালোবাসি তোমাকে।’ মাকে নিয়ে লিখেছিলেন ইডেন মহিলা কলেজের ছাত্রী শিলা রানী সাহা। প্রথম আলোতে পাঠানো মেয়ের বাঁধাই করা এই লেখা নিয়ে মা দিবসের সাতসকালে বন্ধুসভার ছেলেমেয়েরা যখন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে মা গীতা রানী সাহার বাড়িতে হাজির হন। মেয়ের অভিব্যক্তি পড়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গীতা রানী সাহা। তিনি বন্ধুসভার দুই বন্ধু আঁখি ও পূরবীকে জড়িয়ে ধরে বলেন, ‘তোরাই আমার শিলা। ও ঢাকায় তো কী হয়েছে, তোরা তো আছিস। আয় মা, তোরা আমার বুকের মধ্যে আয়।’
সাতসকালে পাড়ার মধ্যে একদল ছেলেমেয়ে দেখে প্রতিবেশীরাও জড়ো হন। তাদের কৌতূহলী চোখ ছিল শিলার মা ও তাঁর পরিবার এবং বন্ধুসভার বন্ধুদের প্রতি। এ সময় মা গীতা রানী সাহা তাদের সব খোলাসা করে বলেন। তাঁকে নিয়ে মেয়ের লেখাটি সবাইকে পড়ে শোনান। তিনি বলেন, ‘মেয়ে বাড়ি আসলে সব সময় আমার কাছে কাছে থাকে। আমার গলা জড়িয়ে ঘুমায়। ওর গল্পই শেষ হয় না। এ কথা-সে কথা। ও বাড়ি থেকে চলে গেলে প্রথমে কয় দিন আমার ঘুম হয় না।’ এ সময় মুঠোফোনে মায়ের সঙ্গে কথা বলেন শিলা। তিনি বলেন, ‘মা, আমাকে আশীর্বাদ করো, তোমাকে যেন রত্নগর্ভা পুরস্কার এনে দিতে পারি। সে জন্য আমি রাতদিন পরিশ্রম করছি।’ পরে মা গীতা রানী সাহা বন্ধুসভার বন্ধু ও প্রতিবেশীদের মিষ্টিমুখ করান।