মেয়েরা পিছিয়ে, মেয়েরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরকন্যা প্রীতিলতার স্মৃতিধন্য খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। গতবারও বিদ্যালয়টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে দ্বিতীয় স্থানটি দখল করেছিল। কিন্তু এবার তার অবস্থান চার ধাপ নিচে, ষষ্ঠ স্থানে। শিক্ষকেরা বলেন, মেধাক্রম নির্ধারণের নতুন নিয়মের কারণে তাঁদের বিদ্যালয়ের অবস্থান এখানে দাঁড়িয়েছে। যদি শুধু জিপিএ-৫-এর বিচার করা হতো তাহলে বিদ্যালয়টি আরও ওপরে থাকত। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের (বাওয়া) অবশ্য অত দুঃখ নেই। বিদ্যালয়টি এবার গতবারের চেয়ে মাত্র একধাপ নেমে পঞ্চম স্থানে রয়েছে। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩৫ জন। পরীক্ষার্থী ছিল ৩২৩ জন। সেরা হওয়ার চারটি নির্ধারিত মাপকাঠিতে বাওয়ার সংগৃহীত পয়েন্ট ৮৫ দশমিক ৪৮। আর খাস্তগীরের সংগৃহীত পয়েন্ট ৮৫ দশমিক ৪২। সার্বিক বিচারে ফল গতবারের চেয়ে ভালো নয়। তার পরও বিদ্যালয় দুটিতে গিয়ে তার বিন্দুমাত্র প্রতিফলন চোখে পড়েনি। যেদিকে দুচোখ যায় শুধু উল্লাস জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের। খাস্তগীর থেকে এবার ৩২২ জনের মধ্যে ২৩০ জনই জিপিএ-৫ পেয়েছে। পাশাপাশি পাসের হার ৯৯ দশমিক ৩৫। যে দুজন পরীক্ষার্থী ফেল করেছে তারা ব্যবসায় শিক্ষা বিভাগের। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান কিছুটা মনোক্ষুণ্ন এমন ফলাফলে। তবে তার চেয়েও তিনি বেশি মর্মাহত এত ভালো ফল করেও কেন তাঁরা এত নিচে। তিনি বলেন, সেরা নির্বাচনের ক্ষেত্রে এবারের নতুন নিয়মের কারণে তাঁদের অবস্থান নড়বড়ে হয়েছে। যে কারণে পাসের হার ভালো থাকলেও অন্যান্য বিচারে তাঁরা পিছিয়ে পড়েছেন। ভবিষ্যতে ভালো ফল করার বিষয়ে অর্থাৎ হারানো ঐতিহ্য ফিরে পাবার বিষয়ে তাঁরা আশাবাদী। উল্লাস বাওয়া উচ্চবিদ্যালয়ের কৃতীদেরও। জিপিএ-৫ পাওয়া ছাত্রীরা দাপিয়ে বেড়াচ্ছিল ক্যাম্পাস। সঙ্গে শিক্ষক ও অভিভাবকেরাও। সব মিলিয়ে সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে স্থান করে নেওয়া আরও চারটি বালিকা বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় নবম, অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ত্রয়োদশ, সেন্ট স্কলাসটিকাস বালিকা উচ্চবিদ্যালয় ষোড়শ এবং কক্সবাজার বালিকা উচ্চবিদ্যালয় সপ্তদশ অবস্থানে রয়েছে। শুধু কি তাই? বালিকা উচ্চবিদ্যালয়গুলোর সাফল্য আরও রয়েছে। শিক্ষা বোর্ডে এবার শতভাগ পাস করা বিদ্যালয়গুলোর তালিকার শীর্ষ তিনটি স্থান দখল করে রয়েছে বালিকা বিদ্যালয়। নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রথম, সেন্ট স্কলাসটিকাস উচ্চবিদ্যালয় দ্বিতীয় ও অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় তৃতীয় স্থানে রয়েছে। নাসিরাবাদ থেকে ১৭৯, স্কলাসটিকাস থেকে ১৬৯ ও অপর্ণাচরণ থেকে ১৩৯ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। তবে বোর্ডের সার্বিক পাসের হারের দিক থেকে এবার পিছিয়ে পড়েছে মেয়েরা। এখানে জয়জয়কার ছেলেদের। বিজ্ঞান বিভাগে ছেলেদের পাসের হার যেখানে ৮৯ দশমিক ৭০ সেখানে মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ৩৮। অন্যদিকে মানবিক ও বাণিজ্য বিভাগে ৫৭ দশমিক ৩৬ এবং ৫৪ দশমিক ৯৮ ভাগ ছেলে পাস করেছে। এই দুই বিভাগে মেয়েদের পাসের হার ৫৪ দশমিক ৯৮ ও ৭০ দশমিক ৬৮ ।