মেয়েরা পেল মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাধুলায় মেয়েরা এগিয়ে আসছে। এবারের সাফ গেমসেও দেখা গেল অনেক বাঙালি মেয়ের গলায় সোনার মেডেল। নিজেদের দক্ষতাকে কাজে লাগাতে চর্চার বিকল্প নেই। কিন্তু মেয়েদের জন্য খেলার মাঠ কই? সাধারণ কোনো মাঠে যদি মেয়েরা খেলতে নামে, তাহলে দর্শকদের চকচক মুখের কারণে খেলার উত্সাহটাই যায় হারিয়ে। এ রকম হওয়ার কথা ছিল না। এটা খুবই সাধারণ ঘটনা। খেলার সুযোগ থাকতেই হবে মেয়েদের। যত দিন পর্যন্ত সে সুযোগ ঠিকভাবে তৈরি না হচ্ছে, তত দিন কি মেয়েরা ঘরে বসে থাকবে?ফরিদপুরে একটা উপায় বের করা হয়েছে। মেয়েদের জন্য তৈরি হয়েছে খেলার মাঠ। এখন ইচ্ছেমতো নিজেদের দক্ষতা প্রকাশ করতে বাধা নেই তাদের।‘আমরা খেলাধুলা করতে চাই। কিন্তু খোলা মাঠে আমাদের খেলাধুলার পরিবেশ থাকে না। এই আলাদা দেয়ালঘেরা মাঠটি হওয়ায় আমাদের এ এলাকার মেয়েদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।’ এ কথা বললেন ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের এ এফ মজিবুর রহমান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বিউটি আক্তার। ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাবরিনা আক্তার বলেন, ‘আমরা মেয়েরা খেলার পরিবেশ পাই না বলেই এ ক্ষেত্রে আমাদের দক্ষতা তুলে ধরতে পারি না, পিছিয়ে পড়ি। গ্রামে মেয়েদের জন্য আলাদা খেলার মাঠ হওয়ায় আমাদের সে অভাব দূর হলো।’৭ ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মেয়েদের খেলাধুলার জন্য উদ্বোধন করা হয় ‘গার্লস স্পোর্টস ফিল্ড’। গেরদা গ্রামের এ এফ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ৫২ শতাংশ জমির ওপর প্রাচীরঘেরা এ মাঠটি উদ্বোধন করেন ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দা রুবী গজনবী। মাঠটি উদ্বোধন করে রুবী গজনবী বলেন, ‘আমাদের দেশে মেয়েদের খেলাধুলার সুযোগ খুব সীমিত। আশা করি এ মাঠটি এখানকার মেয়েরা সঠিকভাবে ব্যবহারের সুযোগ পাবে এবং বাংলাদেশের এই প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিভাবান নারী খেলোয়াড় সৃষ্টি হবে।চারদিকে উঁচু দেয়ালঘেরা এই মাঠে একটি বাস্কেটবল, একটি ভলিবল ও তিনটি ব্যাডমিন্টন কোর্ট রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বিউটি, মিতা, স্নিগ্ধা ও তৃষ্ণা। গেরদা গ্রামের প্রবীণ ব্যক্তি কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবু আশরাফ (৫৮) বলেন, দীর্ঘদিন ধরে মেয়েদের খেলার জন্য এ রকম আলাদা একটি মাঠের প্রয়োজনীয়তা আমরা অনুভব করছিলাম। সে অভাব পূরণ হওয়ায় গ্রামের ক্রীড়ানুরাগী মেয়েদের পাশাপাশি অভিভাবকেরাও খুশি। গেরদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম মিয়াও খুশি। বললেন, ‘বাংলাদেশের অন্য কোনো গ্রামে মেয়েদের আলাদা প্রাচীরঘেরা এ রকম আর কোনো মাঠ আছে কি না তা আমার জানা নেই। আমাদের সৌভাগ্য, এ ইউনিয়নের একটি গ্রামে এ জাতীয় একটি মাঠ হয়েছে, যা সব গ্রামের জন্য একটা উদাহরণ হতে পারে।’