মেয়েরাই কেনে মেয়েরাই বেচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বউবাজার, মেয়েরাই যে বাজারের ক্রেতা–বিক্রেতা। ছবি: আনিস মাহমুদ
বউবাজার, মেয়েরাই যে বাজারের ক্রেতা–বিক্রেতা। ছবি: আনিস মাহমুদ

এলাকার নাম ছড়ারপাড়। সেখানকার অপ্রশস্ত আঁকাবাঁকা রাস্তা ধরে এগোলে কলোনির ভেতর চোখে পড়বে বউবাজার। সিলেট শহরের লোকে এই বাজার এক নামে চেনে। সকালের আলো শহরের ঘুম ভাঙাতেই বাজারে জড়ো হতে থাকে হাজারো মানুষ। তা হঠাৎ ঘটা করে একটা গ্রাম্য বাজারের গল্প কেন? জানতে হলে একটু পেছন ফিরে তাকাতে হবে।
এখানকার অধিকাংশ পুরুষ ছিলেন শ্রমজীবী, দিনভর কাজের ব্যস্ততায় তাঁদের সারাটা দিন বাড়ির বাইরেই কাটত। রাতে বাড়ি ফিরে বাজার-সওদা করার জো থাকত না। বাজার না হলে ঘরে ভালোমন্দ খাবারও মিলত না। কিন্তু এভাবে আর কত দিন? বাড়ির নারীরা শলাপরামর্শ করে ঠিক করলেন, তাঁরা নিজেরাই হাট বসাবেন। বাড়ির পাশের সেই হাটে থাকবে চাল, ডাল, সবজি, মাছসহ নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। নারীরাই ক্রেতা, আবার নারীরাই বিক্রেতা। নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের বন্দোবস্তও হবে, এই বিবেচনায় শুরু হয় পরিকল্পনা। এলাকার কয়েকজন মুরব্বির সহযোগিতায় গড়ে উঠে নারীদের বাজার। নারীদের ঘিরেই যেহেতু এ হাট, তাই স্থানীয় বাসিন্দাদের কাছে এটি পরিচিতি পায় ‘বউবাজার’ নামে। আজ থেকে ৩০ বছর আগে সিলেট নগরের ছড়ারপাড় এলাকার রাস্তার দুই পাশে পত্তন হয়েছিল সেই হাটের। তখন কেবল আশপাশের কয়েকটি বস্তি এলাকার মানুষের প্রয়োজন মিটত। কালক্রমে সেই হাট এখন সুরম্য টিনশেডের এক স্থাপনায় পরিণত হয়েছে।
শতাধিক বস্তিবাসী নারী বউবাজারে সবজি, ফলমূল, মাছ, ডিম, ডাল, শুঁটকি, মসলাসহ নানা সামগ্রীর পসরা নিয়ে প্রতিদিন বিক্রি করতে আসেন। ছড়ারপাড় এলাকা ও তার আশপাশে বেশ কয়েকটি বস্তি এলাকা রয়েছে। এসব বস্তিতে কয়েক হাজার মানুষের বাস। সেসব মানুষই এই বাজারের ক্রেতা। বাজারের অনান্য হাটের তুলনায় বউবাজারে সবজি-মাছ কম দামে বিক্রি হওয়ায় বস্তিবাসী ছাড়াও আশপাশের স্থানীয় বাসিন্দারাও এখন এই হাটের নিয়মিত ক্রেতা হয়ে পড়েছেন। তবে প্রতিদিন বাজার-সওদা করতে যে কয়েক হাজার মানুষ আসেন, এর মধ্যে ৯৫ শতাংশই নারী।
প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাট বসে। আগে কেবল নারীরাই হাটের ব্যবসায়ী ছিলেন, এখন অবশ্য কয়েকজন পুরুষও এই হাটে ব্যবসা করছেন। সব মিলিয়ে কমবেশি দেড় শতাধিক দোকানদার আছেন। ব্যবসায়ীরা জানান, বস্তিবাসী হওয়ায় এখানকার পুরুষদের প্রায় প্রত্যেককেই সাতসকালে ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বেরিয়ে পড়তে হয়। এতে তাঁদের বাজার-সওদা করার ফুরসত থাকে না। তাই বউবাজারে গিয়ে ঘরের নারীরাই নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা সেরে নেন।

বউবাজার। ছবি: আনিস মাহমুদ
বউবাজার। ছবি: আনিস মাহমুদ

কথা হলো ফজিলা বেগমের সঙ্গে। তাঁর স্বামী নেই। শুরু থেকেই এই হাটে সবজি বিক্রি করেন। জানালেন, পরিবারের নয় সদস্যের খরচ তাঁর আয়েই চলে। প্রতিদিন সবজি বিক্রি করে ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। সে আয়ে কোনোমতে তাঁর সংসার চলে যায়। ফজিলার মতো স্বামীর অনুপস্থিতিতে সংসারের হাল ধরেছেন মমতা বেগমও। দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে একসময় অসহায় দিন কাটছিল। কয়েক বছর আগে দারিদ্র৵ ঘোচাতে তিনি বউবাজারে একটি সবজির দোকান দিয়েছেন। দোকানের আয়েই তাঁর সংসার চলছে। তিন সন্তানকে তিনি এখন লেখাপড়াও করাচ্ছেন।
বউবাজারের কয়েকজন পুরুষ বিক্রেতার মধ্যে জালাল মিয়া বেশ পুরোনো লোক। তিনি টানা ১৫ বছর ধরে এই হাটে মালামাল বিক্রি করছেন। বললেন, ‘বেইট্টাইনরাই (নারী) ই-খান অ মাল বেচইন, কিনইন। আমরা দুই-চাইরজন বেটাইন (পুরুষ) বেচি-কিনি। বেইট্টাইনরাই এই বাজার বানাইছইন, তাই ইটার নাম বউবাজার।’ বউবাজারের নিয়মিত ক্রেতা সায়মা বানু বলেন, ‘আগে অন্য বাজারঅ গিয়া আমরা বেটাইনতের (পুরুষ) লগে ঠেলাঠেলি কইরা বাজার করা লাগত। ই-খানঅ বেটিনতের হাট অওনে ঠেলাধাক্কা নাই। এইটা বেটিনতের লাগি খুব জুইতের একটা বাজার অইছে।’
এবাদু বেগমের স্বামী ভ্যানগাড়ি চালান। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁদের সংসার। কেবল স্বামীর আয়ে সংসার চলে না। তাই এবাদু বউবাজারে গত পাঁচ বছর আগে একটি দোকান খুলেছেন। এখন স্বামী-স্ত্রীর আয়ে সংসার ভালোভাবেই চলছে বলে জানালেন। আরেক ব্যবসায়ী কামাল মিয়া জানান, নারীদের তত্ত্বাবধানে গড়ে ওঠা বাজারটিতে পুরুষ বিক্রেতা-ক্রেতাও মিলেমিশে বেচাকেনা করছেন।
স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নজরুল ইসলাম বলেন, ‘কেবল নারীদের হাট হওয়ায় তাঁরা স্বচ্ছন্দে এখানে কেনাকাটা করতে পারছেন। বিক্রেতা ও ক্রেতা উভয়েই নারী হওয়ায় দরদামও তাঁরা সাবলীলভাবে করতে পারছেন। গত ৩০ বছর ধরে এই বউবাজারটি স্থানীয় বাসিন্দাদের বিশেষত সবজি-মাছের চাহিদা ভালোভাবেই মিটিয়ে আসছে। তুলনামূলকভাবে এখানে দামও অনেক সস্তা।’ হাটে ঝগড়া-বিবাদ, তর্ক-বিতর্ক কিংবা কোনো হট্টগোল নেই। যে যার মতো করে সওদা করছেন।
সিলেটের সাত শ বছরের ইতিহাসে নগর সভ্যতার বিকাশে নারীদের আত্মনির্ভরশীলতার উদাহরণ হিসেবে এই ‘বউবাজার’ বড় ভূমিকা রেখেছে বলে স্থানীয় ব্যক্তিরা মনে করেন।