মৈত্রীর সেতুবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যালকাটা কয়ার। কাঁটাতারের ওপারের গণসংগীতের দল। বেড়া ডিঙিয়ে এপারে এসে ঘোষণা করল, ‘আমাদের একটাই দেশ।’ রচিত হলো সুরের সেতুবন্ধন। সেই বন্ধন অটুট ছিল শেষ পর্যন্ত। গণসংগীত শুনতে আসা প্রায় হাজার খানেক দর্শকও শেষ পর্যন্ত শুধুই দর্শক ছিলেন না। সবার কণ্ঠেই ছিল সলিল চৌধুরী কিংবা হেমাঙ্গ বিশ্বাসের তিমির হননের গান।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে ও ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় ‘তিমির হননের গান’ শীর্ষক গণসংগীতের আসরটি বসেছিল গত রোববার সন্ধ্যায় ডিসি হিলের মুক্তমঞ্চে। দুই ঘণ্টার এই জমজমাট আসরে পশ্চিমবঙ্গের ক্যালকাটা কয়ারের শিল্পীরা দর্শকদের মনে করিয়ে দিলেন উপমহাদেশে ৫০, ৬০ ও ৭০ দশকজুড়ে চলা সংগ্রামের দিনগুলোর কথা। কয়ারের পরিচালক কল্যাণ সেন বরাট রচিত ‘আমাদের একটাই দেশ’ এই পরিবেশনা দিয়ে শুরু আসরের। কয়ারের শিল্পীদের সম্মিলিত কণ্ঠের ঐকতানে ধ্বনিত হলো ‘আমার সোনার বাংলা’ ও ‘ভারত ভাগ্যবিধাতা’। দেশের সীমান্তে কাঁটাতার থাকে কিন্তু মানুষের হূদয়ে কেউ বেড়া দিতে পারে না। আবেগে আপ্লুত দর্শক সেই সত্য আবিষ্কার করলেন আরও একবার। এরপর কবিগুরু রবীন্দ্রনাথের সেই গান, ‘আগুন জ্বালো, আগুন জ্বালো’ পরিবেশন করলেন শিল্পীরা। সুরের আগুন ততক্ষণে ছড়িয়ে পড়েছে। সেই আগুনের আঁচে উদ্দীপ্ত হতে হতে দর্শক শুনলেন ‘বাঁচবো মোরা বাঁচবো’, ‘সাথীদের খুনে রাঙা পথে’ এমন কয়েকটি গান। সলিল চৌধুরী রচিত ‘ধিতাং ধিতাং বোলে’ গানটাতে অংশ নিলেন দর্শকেরাও। দর্শকদের পরিবেশনায় অভিভূত কল্যাণ সেন বলেন, ‘আমি ভাবিনি আপনারা আমাদের চেয়েও ভালো গাইবেন। এত ভালো তো ভালো না। আমি সত্যিই অভিভূত।’ গানের পাশাপাশি কবীর সেন বরাটের পরিচালনায় ছিল ভিন্ন ধরনের নাচ। ‘ও ভাইরে ভাই, মোর মতন আর দেশপ্রেমিক নাই’ সলিল চৌধুরীর এই ব্যঙ্গাত্মক গানের সঙ্গে নাচ মুগ্ধ করেছে দর্শককে।অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হয় গণসংগীতের দুই দিকপাল সলিল চৌধুরী ও হেমাঙ্গ বিশ্বাসকে। এ বছর হেমাঙ্গ বিশ্বাসের শততম জন্মবার্ষিকী। পূর্ববঙ্গের এই শিল্পীকে স্মরণ করে বেশ কয়েকটি গান পরিবেশন করেন কয়ারের শিল্পীরা। এরপর লালনের গান এবং ‘রানার ছুটছে রানার’ গানটির মধ্য দিয়ে শেষ হয় দুই ঘণ্টার এই আসর।মোট ২৭ জন শিল্পী মঞ্চে উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে ১৮ জন কণ্ঠ দিয়েছেন এবং যন্ত্রসংগীতে ছিলেন নয়জন। পুরো অনুষ্ঠানে সংগীত পরিচালনা করেন কল্যাণ সেন বরাট। এর আগে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, ক্যালকাটা কয়ারের পরিচালক কল্যাণ সেন বরাট, উদীচী চট্টগ্রামের সভাপতি আবুল মনসুর ও কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট চন্দন ধর।কল্যাণ সেন বলেন, ‘আমি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। এখানে এলে মনেই হয় না বিদেশে এসেছি।’উল্লেখ্য, গত ২৮ মার্চ উদীচী কেন্দ্রীয় সংসদের আমন্ত্রণে বাংলাদেশে এসেছে ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানসহ বহু আন্তর্জাতিক আসরে গান করা ক্যালকাটা কয়ার।