মোগল আমলের পুরাকীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দর আইয়ুমে মুহাম্মদ শাহগাজীবেনাশোধ মসজিদে ইয়াছিন মুহাম্মদকেবাশদ হুকুমে উরা আদলে সে তাছিরযে তায়াত খাঁনা শোধতারিখ ও তামির’মসজিদের মূল মিম্বরে ফারসি ভাষার এ লেখাটা খোদাই করা আছে। এর অর্থ—‘মুহাম্মদ শাহ গাজী যখন দিল্লির সম্রাট ছিলেন, তখন ইয়াছিন মুহাম্মদ খান এ মসজিদ নির্মাণ করেন।’মোগল-আমলের অনুপম পুরাকীর্তি মোমিন সড়কের কদম মোবারক মসজিদ। ২৭৫ বছরের পুরোনো এ মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে দুটি ছোট কামরা আছে। উত্তর দিকের কামরায় হজরত মুহাম্মদ (স.)-এর ডান পায়ের ছাপ বিশিষ্ট প্রস্তরখণ্ড সংরক্ষিত আছে। এর পাশে রয়েছে বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর পদচিহ্ন। কথিত আছে, মসজিদের প্রথম মুতওলি ইয়াছিন মুহাম্মদ খান পবিত্র মদিনা শরিফ থেকে মহানবী (স.)-এর কদমের ছাপ সংগ্রহ করেছিলেন। এ মসজিদকে কেন্দ্র করে আরও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠা করেন কদম মোবারক মুসলিম এতিমখানা। এটিই চট্টগ্রামের সবচেয়ে বড় এতিমখানা। গড়ে উঠেছে কদম মোবারক উচ্চবিদ্যালয় ও ইসলামাবাদী স্মৃতি মিলনায়তন। জানা যায়, ১৬৬৬ সালে মোগল শাসক উমেদ খান চট্টগ্রামের নতুন নামকরণ করেন ইসলামাবাদ। ১৭১৩ সালে মোগল সম্রাট শাহ গাজী নবাব মো. ইয়াছিন মুহাম্মদ খানকে চট্টগ্রামের ফৌজদার নিয়োগ করেন। আরাকানদের উপদ্রব থেকে মুসলমানদের রক্ষা এবং তাঁদের ধর্মীয় ও সামাজিক চেতনায় সংগঠিত করার অভিপ্রায়ে এ মসজিদ তৈরি করা হয় বলে উল্লেখ করেছেন গবেষকেরা। নির্মাণ সাল হতে পারে ১৭১৯-২৩। দেখা যায়, উত্তর দক্ষিণে বিস্তৃত মসজিদটি পাঁচ গম্বুজের। একটি বড় গম্বুজ আর দুপাশে দুটি ছোট গম্বুজ, এর উত্তর ও দক্ষিণে চারকোনা আরও দুটি গম্বুজ রয়েছে। সামনের দেয়ালের মাঝের দরজার দুপাশে আছে খিলান দেওয়া তিনটি দরজা। দরজা-সোজা ভেতরে পশ্চিম দেয়ালে আছে তিনটি মেহরাব। স্থাপত্যের ক্ষেত্রে মোগলেরা খিলান গম্বুজ ও খিলান ছাদকে প্রাধান্য দিত। লতাগুল্মের নকশা, আরবি ক্যালিওগ্রাফি, জ্যামিতিক রেখাচিত্র, মোজাইক নকশা বসানো পাথরের সাজে সজ্জিত মসজিদটি। বিভিন্ন সময়ে সংস্কার ও সম্প্রসারণের পরও সর্বত্র প্রাচীনতা ও মোগল স্থাপত্যের সৌন্দর্য এতটুকু কমেনি। আগে মসজিদ চত্বরে গভীর কূপ ও বাগান ছিল বলে জানান বর্তমান মুতওলি আজাদ উল্লাহ খান। তিনি বলেন, ‘জনশ্রুতি রয়েছে শহর কুতুব খ্যাত আওলিয়ারা এ মসজিদে নামাজ পড়তেন।’ মসজিদসংলগ্ন করবস্থানে শায়িত আছেন নবাব ইয়াছিন মুহাম্মদ খান, অলিয়ে কামিল হজরত শাহসুফি মাওলানা আবু হাসান (র.), চট্টগ্রাম আদালতের জজ গদা হোসাইন (র.)। মুতওলি আজাদ উল্লাহ খান বলেন, ‘মসজিদ-দরগাসংলগ্ন প্রশস্ত আঙিনায় একটি ইসলামি গবেষণাকেন্দ্র, চিকিৎসাকেন্দ্র ও কবরস্থান গড়ে তোলার প্রক্রিয়া চলছে। এ ছাড়া একটি আধুনিক ইসলামি কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনাও আছে।’