মোগাদিসুর অদম্য মেয়র
মোহাম্মদ আহমেদ নূর যখন মোগাদিসুর মেয়র হওয়ার প্রস্তাবটি গ্রহণ করেন তখন তাঁর মধ্যে কোনো ভ্রান্ত ধারণা কাজ করছিল, এটা বলা যাবে না মোটেই। লন্ডনে নিরাপদ জীবনযাপন করছিলেন নূর। একদিন বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বসেন তিনি। সবাইকে জানান, সোমালিয়া থেকে লন্ডনে হয়তো আর জীবিত ফিরে না-ও আসতে পারেন।আহমেদ নূর বলেন, পরিবারের কেউই তাঁর এ ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ বলে মনে করেনি। তবে এর পরও তাঁকে জোরালোভাবেই সমর্থন করেছিল। নূর তাঁদের বলেছিলেন, তিনি এই দায়িত্ব না নিলে কেউ নেবে না। মোগাদিসুতেই নূরের জন্ম আর বেড়ে ওঠা। এই নগর আর এর বাসিন্দাদের খুব ভালোবাসেন তিনি। রাজধানীতে খারাপ কিছু ঘটলে কষ্ট পান। ১৯৯১ সালে কেন্দ্রীয় সরকার ধসে পড়ার পর থেকে সোমালিয়ায় প্রায় একটানা সংঘাত চলে এলেও মেয়র নূরের বিশ্বাস, প্রচারমাধ্যম একটু বেশি বেশিই বদনাম ছড়ায় মোগাদিসুর। নূর দাবি করেন, মোগাদিসু অবশ্যই বাগদাদ ও কাবুলের চেয়ে ভয়ংকর নয়। তবে নিরাপত্তাগত সীমাবদ্ধতার কথা স্বীকার করেন মেয়র নূর। বলেন, ‘ভালোভাবে কাজ করতে পারি না। যেখানে খুশি সেখানে যেতে পারি না। ঠিকমতো নাগরিকসেবা দেওয়ার সামর্থ্য নেই আমাদের।’ তবে চার মাস আগে মোগাদিসুর মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতির উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন বলে দাবি নূরের। নূর জানিয়েছেন, তিনি মোগাদিসুর সব রাস্তায় বাতি জ্বালানোর ব্যবস্থা করছেন, যাতে মানুষ স্বাভাবিক জীবনযাত্রা শুরু করতে পারে। রাস্তাঘাট ও বিপণিবিতানগুলো সাফসুতরো করে তোলা হচ্ছে।আহমেদ নূর স্বীকার করেন, মোগাদিসু যে কিছুটা হলেও সচল রয়েছে, তার আংশিক কারণ আফ্রিকান ইউনিয়নের আট হাজার সেনার উপস্থিতি। এই সেনাদের সহায়তায় দেশটির অন্তর্বর্তীকালীন সরকার জঙ্গি সংগঠন আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করছে। তিনি বলেন, আফ্রিকান ইউনিয়ন মিশনের সেনাদের সহায়তা ছাড়া বিমানবন্দর ও সমুদ্রবন্দর চলত না, যা রাজধানীর জন্য খুবই খারাপ হতো। তবে এ বাহিনীর সব কাজের ব্যাপারে তিনি একমত নন। নূর বলেন, বোমাবর্ষণে বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা তাঁদের কাছে গ্রহণযোগ্য নয়। তার পরও তাঁরা আফ্রিকান ইউনিয়নের সেনাদের স্বাগত জানান। কারণ, বাস্তবতা হচ্ছে, তাদের ছাড়া সরকারের অস্তিত্ব কল্পনা করা যায় না। মেয়র আরও বলেন, কম নয়, বাইরের সাহায্য বরং বেশি করেই চান তিনি। ‘সিয়েরা লিওনের দিকে দেখেন, সে দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সেনারা জীবন দিয়েছে। লাইবেরিয়াতেও একই ঘটনা ঘটছে।’ বাইরের সাহায্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বললেন মেয়র। তাঁর ধারণা, আন্তর্জাতিক সম্প্রদায় অন্যদের সাহায্যে এগিয়ে গেলেও সোমালিয়াকে পরিত্যাগ করেছে। নূরের অভিযোগ, তারা শুধু সোমালিয়াকে ত্যাগই করেনি, অনেকে আবার তার বিষয়ে নাক গলাতেও চায়। তারা একটি সত্যিকার সমাধান চায় না। আক্ষেপের সুরে নূর বলেন, সোমালিয়ার অবস্থা এখন একজন অপারেশন থিয়েটারে নেওয়া রোগীর মতো। অচেতন রোগীটিকে এখন যে কেউ যে কিছু করতে পারে। তবে এত চ্যালেঞ্জ মেয়র নূরকে দমিয়ে ফেলতে পারেনি। এমনকি দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত তিনি। নূর বলেন, ‘আমার জীবনের বিনিময়েও যদি মোগাদিসুর বাসিন্দাদের জীবনযাত্রার উন্নতি হয়, আমি তাতেই রাজি।’