মোটরসাইকেল চুরি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। গত দুই মাসে নগরের বিভিন্ন জায়গা থেকে অন্তত ২০টি মোটরসাইকেল চুরি হয়েছে। চুরি যাওয়া গাড়িগুলোর মধ্যে চারটিই বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের। এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত একটি মোটরসাইকেলও উদ্ধার করতে পারেনি পুলিশ। চুরি যাওয়া মোটরসাইকেল পুলিশ উদ্ধার করতে না পারায় ভুক্তভোগীরা ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন।পুলিশসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ২০-২২ সদস্যের সংঘবদ্ধ একটি চক্র মোটরসাইকেল চুরিতে জড়িত। এদের বেশির ভাগই লালখান বাজার মতিঝর্ণা, পোড়া কলোনি, খুলশি কলোনি ও পাহাড়তলি বিশ্বকলোনি এলাকায় বাস করে। অবস্থাপন্ন পরিবারের বকে যাওয়া কিংবা মাদকাসক্ত ছেলেরাও এ কাজে জড়িত বলে পুলিশের ধারণা।এদিকে, ১৫ সেপ্টেম্বর খুলশি থানা পুলিশ মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে পাহাড়তলি বিশ্বকলোনি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলসহ মুঠোফোন, বৈদ্যুতিকসামগ্রী ও রিকশা চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন খুলশি থানার উপ-পরিদর্শক মো. এনাম। খুলশি থানা সূত্র জানায়, মোটরসাইকেল চুরির কাজে ২০-২২ সদস্যের সংঘবদ্ধ চক্র জড়িত। এদের বেশির ভাগই লালখান বাজার মতিঝর্ণা, পোড়া কলোনি, খুলশি কলোনি ও পাহাড়তলি বিশ্বকলোনি এলাকায় বাস করে। এ চক্রের সদস্যের মধ্যে রয়েছে বাইট্টা আরিফ, লম্বা আরিফ, সিদ্দিক, কালু, এরশাদ ও প্লাস্টিক। মোটরসাইকেল চুরির ঘটনা স্বীকার করে উপ-পুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ‘আমরা নানাভাবে চেষ্টা করছি মোটরসাইকেল চোর চক্রকে ধরার জন্য।’ জানা যায়, চক্রের সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে বিশেষ করে অভিজাত হোটেল ও বিপণিকেন্দ্রের সামনে ভদ্র বেশে অবস্থান করে। চালক বা গাড়ির আরোহীরা হোটেল বা বিপণিকেন্দ্রে (মার্কেট) ঢোকার পর সুযোগ বুঝেই গাড়ি নিয়ে চম্পট দেয় তারা। ভুক্তভোগীদের একজন নারায়ণ কর্মকার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ও আমার বন্ধু লিটন ১৩ সেপ্টেম্বর বেলা দেড়টায় বক্সিরহাট পুলিশ ফাঁড়ির সামান্য দূরে মোটরসাইকেল (নম্বর-চট্টমেট্রো-ল-১১৮২) পার্কিংয়ে রেখে ন্যাশনাল (এনবিএল) ব্যাংকে যাই। কিছুক্ষণ পর এসে দেখি গাড়িটি নেই। ঘটনার পরপরই পুলিশকে জানাই এবং কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু এখনো (এ প্রতিবেদন তৈরি পর্যন্ত) মোটরসাইকেলের কোনো খোঁজ পায়নি পুলিশ।’ একই রকম অভিযোগ করলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর আলোকচিত্রী আনিসুজ্জামান দুলাল। তাঁর চুরি যাওয়া মোটরসাইকেল নম্বর চট্টমেট্রো-১১-৬৩৩৯। তিনি বলেন, ‘গত ২২ আগস্ট রাত সাড়ে নয়টায় আগ্রাবাদ হোটেলের পার্কিং স্পেসে মোটরসাইকেলটি রেখে পেশাগত দায়িত্ব পালনের জন্য হোটেলের ভেতরে যাই। কিছুক্ষণ পর এসে দেখি ওই জায়গায় মোটরসাইকেলটি নেই।’এদিকে, ৯ সেপ্টেম্বর বেলা আড়াইটায় এ প্রতিবেদক কেনাকাটার জন্য মোটরসাইকেল (নম্বর-চট্টমেট্রো হ ১২-৯০৮৯) পার্কিং করে ঢোকেন নগরের আমিন সেন্টারে। কেনাকাটা শেষে আধঘণ্টা পর বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। এ ব্যাপারে খুলশি থানায় একটি চুরির মামলা (নম্বর-১০, তারিখ-৯/৯/২০১০) দায়ের করা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘চোর চক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে। শিগগির দু-তিনজনকে গ্রেপ্তার করা হবে।’ এ ছাড়া মোটরসাইকেল চুরি হয়েছে কালের কণ্ঠ-এর আলোকচিত্রী মাসুম হাবীব, বাংলাদেশ প্রতিদিন-এর নিজস্ব প্রতিবেদক ফারুক তাহের, বড় দিঘির পাড় এলাকার গণি কোম্পানির ছেলে মো. আবদুল্লাহ ও চৌধুরীহাট এলাকার নারায়ণ মল্লিকের। এ ছাড়া, গত দুই মাসে নগরে আরও ১৩টি মোটরসাইকেল চুরি হয়েছে বলে বিভিন্ন থানা সূত্রে জানা যায়। নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফজলুর রহমান জানান, অবস্থাপন্ন পরিবারের বকে যাওয়া কিংবা মাদকাসক্ত ছেলেদের সংঘবদ্ধ চক্র এ কাজে জড়িত। মাদকের টাকা জোগাড় করতেই তারা বেপরোয়াভাবে মোটরসাইকেল চুরিতে জড়িয়ে পড়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মোটরসাইকেলের হেডলক খোলার জন্য চোরেরা একধরনের দ্রবণ (এসিড) ব্যবহার করছে বলে মনে হচ্ছে । এ ছাড়া চুরি করা মোটরসাইকেলের মালিকানা বদলি কিংবা বিআরটিএ থেকে প্রতিলিপি সরবরাহ ঝুঁকি এড়াতে তারা (চোরেরা) গাড়ির যন্ত্রাংশ খুুলে বিক্রি করে দেয়।