মোটরসাইকেল চোর হওয়ার পেছনে...
নজরুল ইসলাম। বাড়ি ঢাকার গেণ্ডারিয়ায়। পেশা মোটরসাইকেল চুরি। কখনো ঢাকা, আবার কখনো চট্টগ্রামে থেকে চুরি করে। গ্রেপ্তার এড়ানোর জন্য মাসের পর মাস থাকে হোটেলে। স্থায়ী কোনো ঠিকানায় না থাকায় পুলিশ সহজে তাকে ধরতে পারত না। কিন্তু শেষ রক্ষা হয়নি। নগরের একটি হোটেল থেকে তাকে নগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পর বেরিয়ে আসে তার মোটরসাইকেল চোর হওয়ার পেছনের গল্প।
নজরুলের উদ্ধৃতি দিয়ে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে জানান, ‘নজরুলরা মাসের পর মাস হোটেলে থেকে মোটরসাইকেল চুরি করে। আট পারা কোরআন শরিফ শেষ করার পর পড়ালেখা ছেড়ে হোটেলবয় হিসেবে ঢাকায় কাজ করত নজরুল। ঢাকায় দয়াগঞ্জে থাকাকালীন ২০০৫ সালে মোটরসাইকেল গ্যারেজের মেকানিক সানির সঙ্গে তার যোগাযোগ। ওই গ্যারেজে কাজ করার পাশাপাশি মোটরসাইকেলও চুরি করত সানি। একপর্যায়ে নজরুল সানির সহকারী হিসেবে মোটরসাইকেল চুরিতে জড়িয়ে পড়ে। সানি ঢাকা ছাড়াও মাঝেমধ্যে চট্টগ্রামে এসে মোটরসাইকেল চুরি করত। সানির সঙ্গে থেকে চুরি শুরু করলেও নজরুল নিজেই এখন দলনেতা। তার সহকারী হয়েছে স্বপন। স্বপন একসময় ঢাকার গাবতলী-সায়েদাবাদ রুটে গাড়ি চালাত। নজরুল জানায়, সানি তাকে ভাগের টাকা নিয়ে ঠকানোর কারণে সে নিজেই আলাদা দল করেছে।
নজরুল ও স্বপন পুলিশকে জানায়, চট্টগ্রাম শহরে মোটরসাইকেল চোরের একাধিক দল রয়েছে। নানা কৌশলে তারা বিভিন্ন অফিস কিংবা বাসাবাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি করে। তারা নিজেদের কাছে সবসময় একটা চাবি রাখে, যাতে কেউ তাদের সহজে সন্দেহ না করে। তারা মুহূর্তেই যেকোনো মোটরসাইকেলের ঘাড়ের তালা খুলে চাবি ছাড়াই তা চালু করতে পারে। নজরুল ও স্বপন তাদের দলনেতা বাবরের কাছে চোরাই মোটরসাইকেল দেয় ২০-২৫ হাজার টাকায়। আর বাবর তা বিক্রি করে ৩০-৪০ হাজার টাকায়। ডিবি কার্যালয়ে তিন চোর গ্রেপ্তার এড়াতে হোটেলে থাকার কথা স্বীকার করে প্রথম আলোর কাছে।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সন্তোষ চাকমা বলেন, ‘১৪ নভেম্বর মোটরসাইকেল চোর চক্রের দলনেতা বাবর (৩০), নজরুল (৩৫) ও স্বপন হাওলাদারকে (২৮) আগ্রাবাদ এলাকার হোটেল পারাবাত থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুই চোরাই মোটরসাইকেলসহ গাড়ির তালা খোলার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।