মোটা হতে গিয়ে করিম এখন পঙ্গু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগেও ছিলেন সুঠামদেহী ও কর্মঠ। জগতের সব সুখ যেন ছিল তাঁর দাম্পত্য জীবনে। হাসতেন, খেলতেন। কিন্তু একটি ফাঁদ কেড়ে নিল তাঁর জীবনের সব সুখ। অজ্ঞাত একটি হারবাল সেন্টার থেকে এক বন্ধুর এনে দেওয়া ২৫টি স্টেরয়েড ট্যাবলেট খেয়েছিলেন তিনি মোটাতাজা হওয়ার জন্য। এক মাসের মধ্যে অস্বাভাবিক রকম মোটাও হয়ে গেলেন তিনি। কিন্তু তাঁর মোটা হওয়ার সাধ অল্পদিনের মধ্যেই পরিণত হলো বিষাদে। মারাত্মক কিডনি (বৃক্ক) রোগে আক্রান্ত হয়ে অবশেষে পঙ্গুত্ব বরণ করেন।হতভাগ্য এই ব্যক্তির নাম আবদুল করিম। হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকিয়া গ্রামের শাহের বাপের বাড়ির মৃত কেরামত আলীর ছেলে করিমের (৫০) সঙ্গে ২৯ মে সকালে তাঁর বাড়িতে কথা হয় এ প্রতিবেদকের। নিজের পরিণতির বর্ণনা দিতে গিয়ে করিম বলেন, ‘১৬-১৭ বছর ধরে স্থানীয় আমান বাজারে একটি ঝালবিতানের দোকান ছিল আমার। ওই দোকানের আয় দিয়ে সংসারটা ভালোই চলত। ২০০৭ সালে পরিচয়সূত্রে বন্ধুত্ব হয় হাসান নামের এক রিকশাচালকের সঙ্গে। কুমিল্লার বাসিন্দা হাসান সপরিবারে ভাড়া থাকত ফটিকছড়ির বিবিরহাটের একটি বাড়িতে। একদিন সে ২৫টি লাল রঙের বড়ি (ট্যাবলেট) এনে বলে, ‘‘নে, এগুলো খেলে মোটা হয়ে যাবি।’’ একটি বড়ি খেয়ে দেখায় সে। তার কথা শুনে মোটা হওয়ার আশায় কয়েক দিনে সব বড়ি খেয়ে ফেলি আমি। কয়েকদিন পরেই দেখি শরীর মোটা হওয়ার পাশাপাশি কোমরে ব্যথা শুরু হয়। চিকিৎসক বললেন, কিডনি রোগ হয়েছে। পরে জেনেছি সেই বন্ধুও কিডনি রোগে মারা গেছে। ইতিমধ্যে আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে। তবে ভাগ্যের জোরে আমি এখনো অনেকটা পঙ্গু অবস্থায় বেঁচে আছি।’ স্থানীয় বাসিন্দা চিকনদণ্ডী ইউনিয়নের মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘করিম মোটাতাজা হওয়ার জন্য স্টেরয়েড ট্যাবলেট খেয়েছিল। কিন্তু না জেনে না বুঝে ওষুধ খেলে কী সমস্যা হয় তা করিমের পরিণতি দেখে সবার শিক্ষা নেওয়া উচিত।’ জানা যায়, আবদুল করিম কিডনি রোগে আক্রান্ত হয়ে ২০০৭ সালে এক মাস চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগে। এরপর সপ্তাহখানেক ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা নেন বিশেষজ্ঞ চিকিৎসক কামাল উদ্দীনের তত্ত্বাবধানে। বর্তমানে তাঁর কিডনি মোটামুটি স্বাভাবিক হলেও কোমরের নিচ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ব্যথায় রাতে ঘুমাতে পারেন না। হাঁটাচলা করতে পারেন না স্বাভাবিকভাবে। আবদুল করিমের রয়েছে চার ভাই দুই বোন। এক ভাই থাকেন মধ্যপ্রাচ্যে। পৈতৃক ১০ শতক ভিটের ওপর ভাইদের করা সেমিপাকা টিনের ছাউনির ঘরে স্ত্রী নুরজাহান বেগম ও একমাত্র সন্তান রেজাউল করিমকে (৮) নিয়ে কষ্টের জীবন কাটাচ্ছেন তিনি।