মোদি বনাম রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালে অনুষ্ঠেয় ভারতের পরবর্তী সাধারণ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, প্রধানমন্ত্রীর পদ নিয়ে গুঞ্জন বাড়ছে তত। শুরুতে প্রশ্নটা ছিল, এবার কারা ক্ষমতায় যাচ্ছে? কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) কি ক্ষমতা ধরে রাখবে, নাকি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে হিন্দু জাতীয়তাবাদের ধারক কট্টরপন্থীরা ফিরে যাবেন দিল্লির মসনদে?গুঞ্জনের বৃত্ত সংকুচিত হয়ে এখন এক বিন্দুতে মিলেছে। সবাই বলাবলি করছে, কে আগামী প্রধানমন্ত্রী হচ্ছেন, বিজেপির নরেন্দ্র মোদি, না কংগ্রেসের রাহুল গান্ধী?বিজেপির রাজনীতিতে এখন নরেন্দ্র মোদির মতো সফল আর ভাগ্যবান রাজনীতিক আর নেই। আবার সবচেয়ে বিতর্কিত, নিন্দিতদেরও একজন তিনি। প্রভাবশালী প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানির আশীর্বাদপুষ্ট এই নেতা বিজেপির আদর্শিক পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য সেই শৈশব থেকে। কথা আর কাজে একজন বলিষ্ঠ নেতা হিসেবে অনেক আগেই বিজেপিতে ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি। কালক্রমে প্রধানমন্ত্রীর মতো সর্বোচ্চ পদে যে প্রার্থী হতে পারেন, এমন আভাস মোদি অনেক আগেই দিয়েছেন। ২০১২ সালে পর পর তৃতীয়বারের মতো গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে সে সম্ভাবনাকে আরও জোরালো করে তোলেন। অন্যদিকে, কংগ্রেসের ক্ষেত্রে তাদের বরাবর অনুসৃত উত্তরাধিকার-রীতির কথা যদি বিবেচনা করা হয়, সেখানে প্রধানমন্ত্রী পদে পরবর্তী প্রার্থী হিসেবে রাহুল ছাড়া আর কেউ নেই। দলে তাঁর সাম্প্রতিক পদোন্নতি সে ভবিষ্যতেরই আনুষ্ঠানিকতা শুরু করেছে হয়তো। তারুণ্যের শেষ ধাপে দাঁড়ানো রাহুল রাজনীতির মাঠে এখনো তেমন ভাবমূর্তি গড়ে তুলতে পারেননি। দল বা দেশের ক্ষেত্রে এমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি, যা উদাহরণ হিসেবে তুলে ধরা যায়। তবে রাহুলের একটা বড় সুবিধার দিক হলো, তাঁকে একজন সজ্জন ও নিষ্কলুষ ব্যক্তি হিসেবেই জানে সবাই।গত বছর সাধারণ সম্পাদকের পদ থেকে দলে সহসভাপতি পদে উত্তরণ ঘটে রাহুলের। এটি এমন বিরল পদ, যা খুব কম কংগ্রেস নেতার ভাগ্যেই জুটেছে। রাহুলের দলের এই গুরুত্বপূর্ণ পদ পাওয়া অনেকের মধ্যে এই ধারণার জন্ম দিয়েছে যে, হয়তো প্রধানমন্ত্রী পদের যোগ্য প্রার্থী হিসেবে তাঁকে এগিয়ে নিতে এই আয়োজন। রাহুল অবশ্য সত্যিই যে এ পদের জন্য নিজেকে তৈরি করছেন, সে কথা আজও খোলাসা করে বলেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে এ মুহূর্তে ভারতের পরবর্তী নির্বাচন সামনে রেখে চায়ের কাপে যে ঝড়, তার বিষয়বস্তু হচ্ছে, সম্ভাব্য মোদি-রাহুল দ্বৈরথ। এই দুই নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক দক্ষতা-যোগ্যতা-প্রেক্ষাপট নিয়ে নানা রকম হিসাব-কিতাব চলছে আমজনতার মধ্যে।২০০১ সালের অক্টোবরে নরেন্দ্র মোদি যখন প্রথমবারের মতো গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, তখনো তিনি আলোচিত কোনো নেতা নন। ২০০২ সালে গুজরাটের হিন্দু-মুসলিম দাঙ্গার কুখ্যাত ঘটনা সরাসরি আলোচনায় নিয়ে আসে তাঁকে। অযোধ্যা থেকে ফেরত হিন্দু তীর্থযাত্রীদের ট্রেনে আগুন লাগার ঘটনার জের ধরে বেধেছিল সেই ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা। এতে প্রায় ৮০০ মুসলমান ও আড়াই শর বেশি হিন্দুধর্মাবলম্বীর প্রাণহানি ঘটে। ওই দাঙ্গার ঘটনায় মোদির বিরুদ্ধে উসকানি দেওয়ার জোরালো অভিযোগ রয়েছে। দাঙ্গায় ভূমিকা থাকার অভিযোগে মোদি দেশ-বিদেশে কঠোরভাবে সমালোচিত ও নিন্দিত হন। গুজরাটের মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। পরবর্তী সময়ে সাম্প্রদায়িক বিদ্বেষের কলঙ্ক থেকে নিজেকে কিছুটা মুক্ত করতে সমর্থ হয়েছেন মোদি। পর পর তিনবার গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে মোদি প্রমাণ করেছেন, তাঁকে নিয়ে সমালোচকেরা যে যা-ই বলুন না কেন, তিনি প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষ। মোদির চরিত্রের একটি বিচিত্র দিক হচ্ছে, তিনি কট্টর হিন্দুত্ববাদের সমর্থক হলেও আচার-আচরণ, রীতিনীতিতে তার ছাপ নেই। বরং পরিবর্তনশীল তরুণসমাজের আধুনিক রীতিনীতিকে সমর্থন করেন। এতে তরুণ সম্প্রদায়ের একটি বড় অংশ তাঁর সমর্থক হয়ে উঠেছে।মোদির রাজনৈতিক বিচক্ষণতা চোখে পড়ার মতো। তিনি শত্রুমিত্র সবার সঙ্গে বিনয়ী আচরণ করেন। শত্রুর নিন্দাতেও একটা পরিমিতি বোধ থাকে তাঁর মধ্যে। আরেকটি দিক হলো, তিনি ঠিক মোক্ষম সময়ে বিরোধী পক্ষের দুর্বল স্থানে আঘাত করতে পারেন। ইদানীং মোদির রাজনৈতিক বাৎচিতের মূল লক্ষ্যবস্তু রাহুল। ৫ মে অনুষ্ঠেয় কর্ণাটকের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বিজেপির এক সমাবেশে ভাষণ দেন মোদি। সেখানে তিনি রাহুলের উদ্দেশে বলেন, ‘তিনি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। তিনি যত কথাই বলুন না কেন, তাঁর একার পক্ষে কি আর এত কিছু করা সম্ভব?’মোদি বাগাড়ম্বর যতই করুন না কেন, আসল কথা হচ্ছে ভোট পাওয়া নিয়ে। বিজেপির পক্ষে লোকসভার ১৭০ থেকে ১৮০টি আসন পাওয়া সহজ কথা নয়। উল্লিখিত আসন পেলে তবেই তাদের পক্ষে জোট গড়া সম্ভব হবে। সে ক্ষেত্রে তাদের নজর দিতে উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের মতো বড় দুটি রাজ্যের দিকে। গত নির্বাচনে এ দুটি রাজ্যের মোট ১২৮টি আসনের মধ্যে তারা মাত্র ১৯টি আসন পেয়েছিল। বিজেপির পরাজয়ে এই ব্যর্থতা জোরালো ভূমিকা রাখে। এবারের নির্বাচনে এই বৈতরণি উতরে যাওয়ার ওপর তাদের সাফল্য নির্ভর করছে।রাহুলের ক্ষেত্রে প্রধান অন্তরায় কংগ্রেসের ব্যর্থতার গ্লানি। এবারের মেয়াদে ক্ষমতায় এসে অনেক ক্ষেত্রেই দুর্নাম কুড়িয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। মন্ত্রীদের কেলেঙ্কারিই তাদের অনেকটা পিছিয়ে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায়ও যে কংগ্রেস সরকার ব্যর্থ বলে অভিযোগ উঠেছে। ঠিক এমন এক পরিস্থিতিতে রাহুলকে কংগ্রেসের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে।প্রায় এক দশক ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও রাহুলের মধ্যে ভারতের গড়পড়তা নেতার তেজোদ্দীপ্ত ভাব নেই। বরং তিনি একজন প্রচারবিমুখ ও মিতবাক মানুষ। অথচ মনে করা হয়, একজন রাজনীতিকের উত্থানের পথে এ দুটি বিরাট বাধা। গান্ধী পরিবারের খ্যাতিই তাঁকে বাঁচিয়েদিয়েছে বলে অনেকে মনে করেন।এ বছরের শুরুতে জয়পুরে কংগ্রেসের এক সম্মেলনে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা রাহুলের কাছ থেকে নতুন কিছু আশা করেছিলেন। কিন্তু তিনি কথাবার্তায় আগের মতোই নরমসরম ছিলেন। সবার মন জোগানো কথা বলেন। এপ্রিলের শুরুতে দিল্লিতে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায়ও দেখা গেছে তাঁর একই মূর্তি। দেশের উন্নয়নের পথ সর্বজনীন হওয়া উচিত বলে মন্তব্য করেন রাহুল। এতে তিনি কোনো ব্যক্তিবিশেষকে ক্ষমতাধর না করে সব মানুষের ক্ষমতায়ন দাবি করেন। এ কথার মাধ্যমে রাহুল আসলে কী বোঝাতে চাইছেন, তা পরিষ্কার হয়নি। তা ছাড়া অনেকের কাছে তাঁকে আড়ষ্ট মনে হয়েছে। অনেক বিশ্লেষকের মতে, রাহুল আসলে নতুন এক ‘রাজনৈতিক স্থাপত্য’ গড়ে তোলার স্বপ্ন দেখছেন। তিনি পরিষ্কার বোঝাতে চাইছেন, তাঁর কাছে আমজনতা আর করপোরেট লোকজনের গুরুত্ব সমান। এই দুইয়ের সমন্বয় ঘটাতে তাঁর চেষ্টার বিরাম নেই। কিন্তু তা বাস্তবায়নে অর্থনৈতিক বিকাশের উচ্চহার যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত আমলাতন্ত্র ও প্রশাসনিক কাঠামো। এসবের এখন প্রকট অভাব রয়েছে ভারতে।