মোদিনী ত্রিপুরার দুঃখগাথা
‘কখনো ভাবিনি এত অল্প বয়সে স্বামীকে হারাব। সাত মাসের সংসারজীবনে এক দিনও জানতে পারিনি স্বামী রাজনীতি করতেন। মানুষটি একদিন বাড়ি হতে বের হলেন, আর পরদিন সকালে ফিরলেন লাশ হয়ে।’কান্নাজড়িত কণ্ঠে কথা বলছিলেন খাগড়াছড়ির দীঘিনালার যৌথ খামার গ্রামের মোদিনী ত্রিপুরা। মোদিনী ত্রিপুরার স্বামী সুশীল ত্রিপুরা (২৫) ২০১০ সালের ২৬ জুন ভ্রাতৃঘাতী সংঘাতের বলি হয়েছেন। স্বামীর মৃত্যুর পর ভগিরথপাড়া ছেড়ে আশ্রয় নিয়েছেন বাবার বাড়িতে। বিয়ের মাত্র সাত মাসের মধ্যে স্বামী খুন হলেন। তখন মোদিনী ত্রিপুরা ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।পার্বত্য চট্টগ্রামে সুশীল ত্রিপুরার মতো ৩১ জন খুন হয়েছেন চলতি বছরে। আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত বন্ধের দাবিতে সরব হয়েছেন পার্বত্য চট্টগ্রামের সাধারণ আদিবাসীরা। তবে এর পরও থেমে নেই রাজনৈতিক হত্যাকাণ্ড। সম্প্রতি উপজেলার যৌথখামার গ্রামে গিয়ে দেখা যায়, মোদিনী ত্রিপুরা কোমর তাঁত বুনছেন। পাশে এক বছর বয়সী কন্যা তোয়ারী ত্রিপুরা। কেমন আছেন?—জানতে চাইলে মোদিনী ত্রিপুরা বলেন, ‘এখন অন্যের জমিতে কাজ করে জীবন চলছে। বাপের বাড়িতে থাকি। আমার শ্বশুর জনাধন ত্রিপুরা ও শাশুড়ি অলোকা রানী ত্রিপুরা ছেলে খুন হওয়ার পর গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন।’ মোদিনী ত্রিপুরার পিতা সারথী ত্রিপুরা ও মা দিনকিনি ত্রিপুরা বলেন, ‘মোদিনী কোনো রকমে বেঁচে আছে। স্বামীর কথা মনে হলেই অন্যমনস্ক হয়ে যায়, কেঁদে ওঠে।’