মোবাইল ফোন এবং পাঠকসংখ্যা
যাত্রীভর্তি বাসের কেউ পাত্তা দিচ্ছে না? মোবাইল ফোনটা কানে নিয়ে ‘কী কইলা, ৫০ লাখ টাকার কাজ পাইছি?’ বললেই পুরো বাসের সবার চোখ পড়বে বক্তার দিকে। বলার স্টাইল ভালো হলে চালকও বাস থামিয়ে তাকাতে পারেন। ঘরে বসে মুড়ি-চানাচুর খেতে খেতে বলা যায়, ‘দোস্ত, আমি তো বান্দরবানে, আর বলিস না, যেদিকে তাকাই খালি বান্দর আর বান্দর। খুবই জোশ লাগতেছে!’ অতি সহজে মিথ্যা বলার জন্য এত ভালো যন্ত্র আর আছে বলে মনে হয় না। শুধু তা-ই নয়, মোবাইল ফোনের কারণে আমাদের গলার জোরও কমে যাচ্ছে। আগে বন্ধুকে ডাকার জন্য বাসার সামনে এসে গলার রগ-টগ ফুলিয়ে চিৎকার করতে হতো। এতে গলার ব্যায়াম হতো, জোরও বাড়ত। কিন্তু এখন মোবাইল ফোনের সামান্য দু-একটা বোতাম টিপেই বন্ধুকে একেবারে সপরিবারে ডেকে আনা যায়। দেশের এত এত অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করছে না, কারণ একটাই, কারও গলাতেই জোর নাই। মোবাইল ফোন নিয়ে আজকাল নানা গবেষণা হচ্ছে, তার সঙ্গে চলছে আড়িপাতা। এত কিছুর পরও রস+আলো তো আর চুপচাপ বসে থাকতে পারে না। তাই আপনাদের মোবাইল ফোন নিয়ে লিখতে বলা হয়েছিল। আর আপনারাও যে কী না, বললাম, আর অমনি লেখা পাঠানো শুরু করলেন! বোঝাই যাচ্ছে, রস+আলোর আইডিয়াবাজদের মতো আপনাদেরও অখণ্ড অবসর। সেই অবসরে বাসায় বসে কাগজে কলম ঘষার জন্য ধন্যবাদ আপনাদের।অনেক অনেক লেখার মধ্যে বাছাই করে কিছু লেখা ছাপা হলো এবার। আর যাদের লেখা এবার ছাপা হলো না, যাঁরা লিখব লিখব করেও লিখেননি এবং যাঁরা লেখার চেষ্টাও করেননি, এবার তাঁদের সামনে এক অপূর্ব সুযোগ। পরবর্তী পাঠকসংখ্যা—জীবন থেকে নেওয়া। আপনার জীবনে অথবা অন্য কারও জীবনে ঘটে যাওয়া ছোট ছোট এক অথবা একাধিক মজার ঘটনা সর্বোচ্চ ১৫০ শব্দ করে লিখে পাঠান আমাদের কাছে। প্রকাশিত প্রতিটি লেখার জন্যই দেওয়া হবে সম্মানী। কাজেই লেখার সঙ্গে অবশ্যই পূর্ণ ঠিকানা পাঠাতে হবে। তো আর কী, অখণ্ড অবসর কাজে লাগিয়ে আবারও বসে যান কাগজ-কলম নিয়ে। আর সেটা পাঠিয়ে দিন ১৬ মের মধ্যে। লে খা পা ঠা নো র ঠি কা নাজীবন থেকে নেওয়া, রস+আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। ই-মেইলও করতে পারেন [email protected] এই ঠিকানায়। তবে অবশ্যই বিষয়ের জায়গায় ‘জীবন থেকে নেওয়া’ লিখতে হবে। আপনাদের সবার লেখালেখি শুভ হোক।