মোবাইল ফোন ব্যবহারেও বৈষম্যে নারী

স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোর ১৭০ কোটি নারীর হাতে মোবাইল ফোন নেই। এসব দেশে মোবাইল ফোন ব্যবহারকারী পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১৪ শতাংশ কম। দক্ষিণ এশিয়ায় এ পার্থক্য আরও বেশি—৩৮ শতাংশ।
মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএর এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। গতকাল সোমবার বার্সেলোনায় বিশ্ব মোবাইল কংগ্রেসে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। মোবাইল ফোনের মালিকানায় লৈঙ্গিক বৈষম্যের এ চিত্রের পাশাপাশি মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও বৈষম্যের চিত্রও উঠে এসেছে ওই প্রতিবেদনে।
পরিকল্পিতভাবে এ বৈষম্য দূর করতে পারলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে মোবাইল ফোন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২০ সালের মধ্যে এসব দেশে মোবাইল টেলিযোগাযোগ খাতের জন্য ১৭ হাজার কোটি ডলারের (প্রায় সাড়ে ১৩ লাখ কোটি টাকা) বাজার তৈরি হবে বলেও আশা প্রকাশ করা হয়।
প্রতিবেদনটি তৈরিতে গবেষণা পরিচালনা করা হয়েছে ১১টি দেশে। চীন, কম্বোডিয়া, কঙ্গো, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, মেক্সিকো, নাইজার ও তুরস্কের ১১ হাজার নারী-পুরুষের ওপর এ গবেষণা পরিচালনা করা হয়। প্রায় ৮০টি ফোকাস গ্রুপ আলোচনা, ১২০ জনেরও বেশি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে সমস্যা চিহ্নিত করা এবং মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে লাভবান হওয়ার ব্যাপারে সুপারিশমালা তৈরি করা হয়েছে।
গবেষণায় পাওয়া তথ্যে প্রধান যে বিষয়টি তুলে ধরা হয়েছে, তা হলো মোবাইলের মালিকানার ক্ষেত্রে বৈষম্য। অন্য বিষয়টি হলো ব্যবহারের বিষয়ে। এতে বলা হয়, পুরুষদের তুলনায় নারীদের মোবাইল ফোন ব্যবহারের পরিমাণও কম। বিশেষ করে মোবাইল ইন্টারনেটের মতো আধুনিক সেবার ব্যবহার অনেক কম। এসব দেশে নারীদের মধ্যে ভয়েস কলের তুলনায় মেসেজ এবং ডেটা সেবা ব্যবহারের প্রবণতা একেবারেই নিম্নমুখী।
নারীদের মোবাইল ফোন ব্যবহার ক্ষেত্রে যেসব বিষয়কে বাধা হিসেবে তুলে ধরা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে আর্থিক সামর্থ্য, নেটওয়ার্কের মান ও কাভারেজ, নিরাপত্তা, মোবাইল ফোনের মাধ্যমে হয়রানির ভয়, কারিগরি জ্ঞানের অভাব, আত্মবিশ্বাস ও বিশ্বাসের অভাব। সামাজিক রীতিনীতি এবং নারী-পুরুষের মধ্যে শিক্ষা ও আয়-বৈষম্যের কারণেও নারীদের মোবাইল ফোনের মালিকানার ক্ষেত্রে বড় বাধা বলে প্রতিবেদনে তুলে ধরা হয়।
মোবাইল ফোন ব্যবহারে নারীর সুবিধা
জরিপে অংশ নেওয়া নিম্ন ও মধ্য আয়ের ১১টি দেশের অধিকাংশ নারীই বলেছেন, মোবাইল ফোন ব্যবহার তাঁদের জন্য প্রয়োজনীয় ও উপকারী। এর মধ্যে যাদের মোবাইল ফোন নেই তাঁরাও মোবাইলের উপকারিতা সম্পর্কে সচেতন। প্রায় ৮৯ শতাংশ নারী বলেছেন পরিবার-স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে যুক্ত থাকতে মোবাইল ফোনের বিকল্প নেই। ৭৪ শতাংশ বলেছেন, মোবাইল অনেক ক্ষেত্রেই সময় বাঁচায়। ৬৮ শতাংশ নারী বলেন, একটি মোবাইল ফোন থাকলে তাঁরা নিরাপদ বোধ করেন বা করবেন। প্রায় ৫৮ শতাংশই মনে করেন মোবাইল ফোন থাকায় তাঁরা নিজেদের স্বতন্ত্র ও স্বাধীনবোধ করেন। ৬০ শতাংশেরও বেশি নারী মনে করেন মোবাইল ফোন তাঁদের জন্য অর্থসাশ্রয়ী। একই সংখ্যক নারী মনে করেন, এর মাধ্যমে তাঁদের খবর পাঠানো অনেক সুবিধাজনক ও সাশ্রয়ী।
সামাজিক ও অর্থনৈতিক সুবিধা
নারী ও পুরুষের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে এ বৈষম্য কমিয়ে আনতে পারলে স্বল্প ও মধ্য আয়ের এসব দেশে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি আনবে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়। এর মাধ্যমে প্রায় ২০ কোটি নারীর জন্য শিক্ষাক্ষেত্রে নতুন ধারা নিয়ে আসা এবং কর্মসংস্থান তৈরি করা সম্ভব। এর মাধ্যমে ২০২০ সালের মধ্যে এসব দেশে মোবাইল টেলিযোগাযোগ খাতের জন্য ১৭ হাজার কোটি ডলারের (প্রায় সাড়ে ১৩ লাখ কোটি টাকা) বাজার তৈরি হবে। আর অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
জিএসএমএর মহাপরিচালক অ্যান বোভেরট বলেন, মোবাইল মালিকানার ক্ষেত্রে লৈঙ্গিক যে বৈষম্য, সেটার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতাগুলো দায়ী। এ জন্য মোবাইল খাত, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সবার উদ্যোগী ভূমিকা প্রয়োজন।

তবে বাংলাদেশের ক্ষেত্রেও প্রতিবেদনের এ চিত্রটি অনেকটাই যৌক্তিক বলে মনে করেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। মোবাইলের মালিকানার ক্ষেত্রে এখানে বৈষম্য অনেক বড় না হলেও ব্যবহারের ক্ষেত্রে বৈষম্য প্রকট বলে মনে করেন তাঁরা। তবে এখানে এ বিষয়ে কোনো গবেষণা নেই বলে জানালেন সংশ্লিষ্টরা। তাঁদের অনেকে বলছেন, বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে মোবাইল ফোন কেনার সময় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নারীদের পরিবর্তে পুরুষের নামেই করা হয়। তাই মোবাইল ফোন কোম্পানিগুলো থেকে এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া মুশকিল।
একাধিক জরিপের কথা উল্লেখ করে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ডিনেটের নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হান বলেন, মোবাইল ফোনের মালিকানার ক্ষেত্রে বাংলাদেশের নারীদের অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বেশি। তবে ব্যবহারের ধরনে এ জরিপের সঙ্গে বাংলাদেশের অনেক মিল। এখানেও নারীরা প্রধানত কল করা এবং রিসিভ করার জন্য মোবাইল ফোন ব্যবহার করেন। ডেটা সেবা ব্যবহারের পরিমাণ বাংলাদেশের নারীদের মধ্যে অনেক কম।