মোবাইল ফোনে কথা বলতে বলতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ফোন ব্যবহারে অসতর্কতা ডেকে আনতে পারে  বিপদ। ছবি: প্রথম আলো
মোবাইল ফোন ব্যবহারে অসতর্কতা ডেকে আনতে পারে বিপদ। ছবি: প্রথম আলো

পথ চলতে চলতে, বা এমনকি রাস্তা পার হওয়ার সময়ও অনেকে মোবাইলে কথা বলেন বা টেক্সট মেসেজ পাঠান। ফেসবুক দেখেন। অনেকে মোটরসাইকেল চালাতে চালাতেই মোবাইল ফোনে কথা বলেন। হেলমেটের এক পাশ দিয়ে মোবাইল সেট গুঁজে দিয়ে, মাথা একদিকে চেপে রেখে কথা বলতে থাকেন। এগুলো খুব বিপজ্জনক। এভাবে অনেকে দুর্ঘটনায় পড়েন। শুধু আমাদের দেশেই নয়, আমেরিকা-ইউরোপেও। জটিল সমস্যাটি নিয়ে অনেক গবেষণাও হয়েছে। কিছু বিষয় জেনে রাখার মতো।
১. স্টোনি ব্রিক ইউনিভার্সিটির এরিক এম ল্যামবার্গ ও লিসা এম মুরাটোরি একটি জরিপ চালিয়ে দেখেছেন, হাঁটতে হাঁটতে টেক্সট মেসেজ করতে গিয়ে ৬১ শতাংশ ব্যক্তি আঁকাবাঁকা পথে চলে যান। সাধারণত এঁদের বয়স ১৮ থেকে ৩৪। সেলফোনে টেক্সট বা খুদে বার্তা পাঠাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে যেতে হয় অনেককে। ২০০৪ থেকে ২০১০ সালের মধ্যে এঁদের সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি হয়েছে এবং সংখ্যাটা বেড়েই চলেছে।
২. মজার ব্যাপার হলো তাঁদের অনেকেই বলেন, অন্যরা পথে চলার সময় স্মার্টফোনে কথা বলেন, আর নিজেদের বিষয়ে তাঁরা উদাসীন। আমেরিকান একাডেমি অব অর্থোপেডিক সার্জনসের উদ্যোগে ছয় হাজার জনের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ মনে করেন, এটা ‘অন্যরা করেন’, ২৯ শতাংশ ‘নিজেদের’ কথা বলেন আর ৪৬ শতাংশ মনে করেন এটা ‘বিপজ্জনক’।
৩. হাঁটতে হাঁটতে স্মার্টফোনে কথা বলা বা টেক্সট মেসেজ পাঠানোর সময় আশপাশের প্রতি মনোযোগ বা চোখ-কান খোলা রাখার ক্ষমতা ১০ শতাংশ কমে যেতে পারে। তাই বিশেষজ্ঞরা বলেন, হাঁটার সময় স্মার্টফোনের দিকে নজর আটকে না রেখে পথের দিকে দৃষ্টি রাখতে হবে।
৪. বিশেষজ্ঞরা বলেন, মানুষ একসঙ্গে একটির চেয়ে বেশি কাজে মনোযোগ দিতে পারে না। বিবর্তন প্রক্রিয়ায় এভাবেই মানুষের মস্তিষ্ক বিকশিত হয়েছে। তাই পথ চলা, গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় স্মার্টফোনে কথা বলা, টেক্সট করা বা গান শোনা উচিত নয়।
৫. যদি এসব করতেই হয়, তাহলে শব্দের মাত্রা কমিয়ে রাখতে হবে, এ সময় রাস্তা পার হওয়া যাবে না, খুব জরুরি হলে থেমে ফুটপাতের এক পাশে গিয়ে কথা বা টেক্সট করতে হবে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, ৭ ডিসেম্বর ২০১৫