মোবাইল বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল বৃষ্টি। আমাদের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধ রচনাকারী হলো মোবাইল ফোন। বৃষ্টির মোবাইল ফোন ছিল না। সে আমার মোবাইল ফোন ব্যবহার করত। আমরা আলাদা বিল্ডিংয়ে থাকতাম। তবু প্রতিদিন কমপক্ষে পাঁচবার বৃষ্টি আমার রুমে আসত। তার বাড়িতে ভাইবোন আর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য। বৃষ্টি প্রায়ই বলত, আমাকে সে খুব ভালোবাসে। আমাকে না দেখে থাকতে পারে না। আমার মাঝেমধ্যে অস্বস্তি লাগত। তার বারবার আসার কারণে রুমমেটরা বিরক্ত হবে হয়তো। তবু তাকে বুঝতে দিইনি। কেননা কারও ভালোবাসাকে তো উপেক্ষা করা যায় না। সেবার ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাই, ছুটি শেষ হওয়ার কয়েক দিন আগে হলে এলাম। বৃষ্টির দেখা নেই। অথচ আমি জানি, সে হলে আছে। দূর থেকে দেখেছি তাকে। তিন দিন কেটে গেল, সে আমার রুমে এল না। অভিমান করে তার রুমে গেলাম না। আমাকে না দেখে যার তিন ঘণ্টা কাটে না, সে কীভাবে তিন দিন না দেখে থাকতে পারে? হঠাৎ মাথায় একটা চিন্তা এল। কিন্তু এমন বাজে চিন্তা যে সত্যি সত্যি হবে, তা আমি ভাবিনি। ক্লাসে বৃষ্টির সঙ্গে দেখা হলো। ওকে আমি একটাই প্রশ্ন করলাম, ‘তুই মোবাইল ফোন কিনেছিস?’ তার ছোট্ট উত্তর, ‘হ্যাঁ।’ আর কোনো কথা হয়নি তার সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।