মোবাইল বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বাসেই বস্তু মিলবে, তাই তর্কে যাই না কখনোই। মোবাইল বাবার নাম শোনামাত্রই আনন্দে মনটা সাম্বা নেচে উঠল। এবার আর কোনো চিন্তা নেই। যত তাড়াতাড়ি সম্ভব তীর্থযাত্রায় বেরিয়ে পড়লাম। পৌঁছে দেখি এলাহি কারবার। বাবার দরগায় (বেড়ার খুপরি) ঢোকার মুখেই হেড সাগরেদ গর্জে উঠল, ‘বাবার সিস্টেম সব ডিজিটাল। টিকিট, টোকেনের কারবার নাই। হাদিয়া হিসেবে বাবার নম্বরে টাকা পাঠাইতে হবে (ফ্লেক্সি)। পরীক্ষায় পাস এক হাজার, প্রেমে ব্যর্থ দুই হাজার, সম্পত্তির মামলা পাঁচ হাজার...।’ আর যেতে হলো না, আমার সমস্যা কমন পড়ে গেছে। মোটে দুই হাজার টাকার মামলা।বিলকিস আমার লাইফের ফিলিপ্স বাত্তি। ওর জন্য বুকটা ঢিস-ঢিস করে, বাবাগো ওরে ছাড়া বাঁচুম না, বিষ খামু। ‘ধীরে ব্যাটা, ধীরে। বিলকিস তোর, শুধুই তোর।’ ‘কেমনে বাবা? ও আমারে দেখলেই মুখটা বাংলা পাঁচের মতো ভাঁজ মারে। ওই পাড়ার মফিজরে দেখলেই হাসিমুখে ডুবি ডুবি নাচ মারে। দেইখা বুকটা কাচের মতো ভাইঙ্গা যায়।’অনেক অনুনয়, অনুরোধ, অপর পক্ষের মুড মারার পরে সাব্যস্ত হলো, ‘এই নে, আমার ফুঁ দেওয়া দেওরানি সিম। এই সিম দিয়া তোর বিলকিসরে কল করবি। নম্বর দেইখাই তোর কাছে পাগলের মতো ছুইটা আইব। হাদিয়া মাত্র পাঁচ হাজার।’দুই আর পাঁচ, এই সাত হাজারের মামলায় বিলকিসকে পেয়ে যাব, ভাবিনি। মহা আনন্দে বাবার দেওয়া সিম অন করতেই প্রেয়সী বলে উঠল, ‘দুঃখিত!...’ আমার ব্যালান্স শেষ ধ্যাত্, ঝামেলা। তাড়াতাড়ি কার্ড কিনে রিচার্জ করে আবার ফোন করলাম। আবারও সেই প্রেয়সী, ‘দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।’ এবার ফোন লাগালাম দোস্ত আবুলকে। জানতে পারলাম, মফিজের গিফটের মোবাইল ফোনসেট আর সিম পেয়ে বিলকিস আউট অব নেটওয়ার্ক। মনে মনে মোবাইল বাবার বংশ উদ্ধার করলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল মোবাইলের রিংটোনের শব্দে। বাবার দেওয়া সিমে একটি অচেনা নম্বর। আনন্দে আমি দৌড়ে গেলাম, নিশ্চিত এটা বিলকিস। ‘হ্যালো, কেমন আছেন।’ ‘...’ ‘ইস্, শখ কত।’ ‘...’ ‘রাখি, রাতে কথা হবে।’ অচেনা সুন্দরীর আহ্বান শুনে পাগলের মতো হয়ে গেলাম। বিলকিস গোল্লায় যাক। মোবাইল বাবা জিন্দাবাদ।তিন দিন পর। আজকে আমাদের দেখা হবে। সন্ধ্যায় বের হলাম। সিনেমা হলের পেছনের গলিতে, একসঙ্গে নাইট শো দেখব। আগের কথামতোই, হলের পেছনে গাবগাছের নিচে দাঁড়িয়ে কল করলাম আমার প্রেমিকাকে (!)। এমন সময় পেছনে হাতের স্পর্শ। মাথায় শক্ত লোহার আঘাত, অজ্ঞান হয়ে যাওয়া...। [পুনশ্চ: পরের দিনের দৈনিক পত্রিকার শেষের পাতায় ছোট্ট সংবাদ: মোবাইলের সূত্র ধরে লুকিয়ে থাকা প্রতারক গ্রেপ্তার। এই প্রতারক দীর্ঘদিন মোবাইল বাবার বেশ ধরে ঘাপটি মেরে ছিল। তবে গ্রেপ্তার হওয়ার পর তার চেহারা ছিল সম্পূর্ণ পাল্টে যাওয়া। ক্লিন শেভ্ড, লাল শার্ট, জিনস, কেড্স, পকেটে সিনেমার জোড়া টিকিট। জিজ্ঞাসাবাদে সে এসব অস্বীকার করেছে এবং নিজেকে তথাকথিত মোবাইল বাবার খপ্পরের শিকার দাবি করছে।] লক্ষ্মীবাজার, ঢাকা।