মোবাইল ভাইরাস
২০০৬ সালে আমার জন্মদিনে আব্বু একটি মোবাইল ফোনসেট উপহার দেন। সেটাই ছিল আমাদের বাড়িতে প্রথম কোনো মোবাইল ফোন। আমি তো নতুন সেট পেয়ে মহা খুশি। সে সময় চারদিকে গুজব ছড়াল, মোবাইল ভাইরাসের কারণে কল রিসিভ করলেই মোবাইল ব্লার্স্ট হয়ে নাকি মাথা ফেটে যাবে। কোথাও কোথাও নাকি এ রকম হয়ে মানুষ মারাও গেছে। এ কথা শুনে আমার ওপর আম্মুর ১৪৪ ধারা জারি হলো। খবরদার, ফোন রিসিভ করবি না। আম্মুর কড়া নজরদারির কারণে সেটটি বেশি নাড়াচাড়া করতে পারি না। সে এক মহা যন্ত্রণা। এরই মধ্যে একদিন অন্য একটি নম্বর থেকে কল আসে। আসলে কলটা করেছিল ভারতে বসবাসরত আমার এক ফুফু। এ রকম নম্বর তো আমি জীবনেও দেখিনি। আম্মুকে দেখাই, আর ভয়ে ভয়ে জিজ্ঞেস করি, ‘আম্মু, রিসিভ করব?’ আম্মু আমার চেয়ে ১০ গুণ বেশি ভয় পেয়ে বলে, ‘খবরদার! রিসিভ করিস না।’ তো এভাবে প্রায় ৩০-৪০ বার কল আসে, তবুও রিসিভ করি না। একসময় বিরক্তির চূড়ান্ত পর্যায়ে গিয়ে আম্মুর দ্বিধান্বিত অনুমতি নিয়ে মোবাইল সেটটি কান থেকে ১০ হাত দূরে রেখে বুকে ফুু দিয়ে রিসিভ বাটনে চাপ দিই। কিন্তু ওই প্রান্ত থেকে শুনতে পাই একধরনের যান্ত্রিক শব্দ। সেই শব্দ শুনে আমার তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। ‘ও মাগো’ বলে চিৎকার দিয়ে উঠি, আর এক ঝটকায় মোবাইল সেটটা দূরে ফেলে দিয়ে ঝেড়ে দৌড় দিই বাড়ির বাইরে। আমার চিৎকার শুনে আম্মু ভয়ে দৌড়ে গিয়ে ঢোকে রান্নাঘরে। দুজন দুই দিকে দৌড়ানোর পরও কারও যখন কোনো ক্ষতি হলো না, তখন আমরা দুই প্রান্ত থেকে ধীর পদক্ষেপে এগোতে থাকি সেটের দিকে। সেটের কোনো ক্ষতি হয়নি, বরং সেটা নিথর হয়ে পড়ে রয়েছে আর সেখান থেকে ভেসে আসছে কার যেন কণ্ঠ, ‘হ্যালো হ্যালো...!’ মহেন্দ্রনগর, লালমনিরহাট।