মোবাইলের বিশ্বমেলায়
তাড়াহুড়ো করছেন করপোরেট কর্তা; সাতসকালে সভা। হন্তদন্ত হয়ে ফ্ল্যাট থেকে বেরিয়েই চড়লেন গাড়িতে। গন্তব্য অফিস। অফিসে পৌঁছেই বুঝলেন, ভুল হয়েছে। মানিব্যাগটা ফেলে এসেছেন, অফিস শেষে পার্টিতে যাওয়ার স্যুটটাও আনেননি। পার্টি শেষ করে রাতে রওনা হওয়ার কথা চট্টগ্রামে; ভুলে গেছেন বিমানের টিকিটটা আনতেও। বলা যায়, এক কাপড়ে বেড়িয়েছেন করপোরেট। মন খারাপ, মেজাজ তিরিক্ষি। বাসায় যাওয়ার সময় নেই। কী যে করেন!এটুকু গল্প। তবে গল্পটা হয়তো মিলে যাবে অনেকের সঙ্গে। এমন ঘটনা ঘটে বৈকি! মানিব্যাগ না নিয়ে বের হয়ে যাওয়া সাধারণ ঘটনা।চলুন, গল্পটাকে একটু সম্পাদনা করি। পুরো গল্পের চরিত্র আর উপাদান ঠিক রেখে শুধু করপোরেটের হাতের মুঠোফোনটা পাল্টে দিই। তুলে দিই স্মার্টফোন। দেখুন, করপোরেট কর্তার ঠোঁটের কোণে হাসি ফুটেছে। এত্তগুলো ঝামেলা কাঁধে নিয়েও তিনি নির্ভার। ওয়েবপোর্টালে ঢুকে দ্রুত পছন্দ করে নিলেন একটা স্যুট, দাম মেটালেন মুঠোফোন থেকেই। পার্টি শেষে বিমানবন্দরে গিয়ে মোবাইল বারকোড দিয়ে কনফার্ম করে নিলেন টিকিটটা। চট্টগ্রামের ফ্লাইটে বসে একটা কফি চেয়ে নিলেন। আরাম!সম্পাদিত গল্পটা মোটেও অতিদূরের কোনো কল্পকাহিনি নয়। ‘বাস্তব’ আর এইমাত্র বলা গল্পটার ব্যবধান খুব বেশি নয়; ব্যবধান শুধুই একটি স্মার্টফোনের!স্পেনের বার্সেলোনায় হয়ে যাওয়া ২০১৩ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এমন অনেক স্বপ্নই দেখিয়েছে অংশগ্রহণকারী মোবাইল সেবাদাতা, হ্যান্ডসেট, গেমস আর অ্যাপ্লিকেশন নির্মাতাপ্রতিষ্ঠানগুলো। ২০০টি দেশ থেকে আসা এক হাজার ৭০০টি প্রতিষ্ঠান আর তাদের প্রায় ৭২ হাজার কর্মী তাদের পণ্য ও সেবা দিয়ে চমকে দিতে চেষ্টা করেছেন দর্শনার্থীদের। নানা দেশ থেকে আসা বিশ্বের চার হাজার ৩০০ জন প্রধান নির্বাহী অংশ নিয়েছেন মেলায়। ৯৪ হাজার বর্গমিটারের মেলাজুড়ে মুঠোফোন-নির্মাতারা যেমন বাহারি নকশার, নানা সুবিধার হ্যান্ডসেট দিয়ে নজর কেড়েছেন, তেমনি মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতারা দেখিয়েছেন, কীভাবে দুনিয়ার আরও সহজ করে দেবেন তাঁরা। গেমস-নির্মাতারা নিয়ে গেছেন স্বপ্নের ভুবনে।এবারের মোবাইল কংগ্রেসে আরও কিছু চমকে দেওয়া তথ্য দিয়েছেন আয়োজকেরা।জানিয়েছেন, গেল বছর মোবাইল বাজার ছিল ১১ হাজার ৬০০ কোটি ডলারের! ইউরোপের বাজার ১ শতাংশ কমলেও আশার কথা, ৯ শতাংশ বেড়েছে এশিয়ার বাজার। সে কারণেই বাংলাদেশসহ এশিয়ার বাজারে আরও বিনিয়োগের চিন্তা আছে বড় সেবাদাতাদের। আয়োজকদের তথ্যমতে, মোবাইলের ১০০ কোটি ডলারের বাজারে মাত্র ১৫ শতাংশ বরাদ্দ ছিল হ্যান্ডসেটের জন্য! বাকিটা সেবা খাতে; ভয়েস, এসএমএস, ভ্যালু অ্যাডেড সেবা অথবা অ্যাপ্লিকেশন খাতে।মোবাইল মেলার যত কিছুমোবাইল কংগ্রেসে আলোচনা হয়েছে অ্যাপ্লিকেশনগুলো নিয়ে। সে কারণেই রীতিমতো জামাই-আদর ছিল অ্যাপ্লিকেশন-নির্মাতাদের। তাঁদের জন্য দারুণ একটা সেমিনারও করে দিয়েছে স্যামসাং। সমান কদর পেয়েছেন গেমস-নির্মাতারাও। সবচেয়ে গুরুত্ব পেয়েছে মুঠোফোনের মাধ্যমে ‘অর্থ লেনদেন’-এর বিষয়টিও। এর জন্য তৈরি হচ্ছে নিরাপদ সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন।যন্ত্র থেকে যন্ত্র মূলত যন্ত্র থেকে যন্ত্র বা মেশিন টু মেশিন প্রযুক্তিই স্বপ্ন দেখাচ্ছে মুঠোফোন ব্যবহারকারীদের। অফিসে বাসা নিয়ন্ত্রণ কিংবা টাকা পাঠানো—প্রায় সবকিছুই সম্ভব ‘মেশিন টু মেশিন’ প্রযুক্তি ব্যবহার করে। প্রযুক্তির অভিধানে যা পরিচিত ‘এনএফসি’ নামে। আয়োজকদের দাবি, এই প্রযুক্তিই পাল্টে দেবে মোবাইলের দুনিয়া। টাকা লেনদেন, ই-টিকিট, মোবাইল লেনদেন, ব্লুটুথ, সামাজিক যোগাযোগ, আইডেনটিটি তো আছেই, উন্নয়নশীল দুনিয়ায় কমাবে সড়ক দুর্ঘটনাও! প্রতি নয়টি দুর্ঘটনার মধ্যে একটি কমিয়ে আনতে পারবে এই প্রযুক্তি। তবে মুঠোফোনে টাকা আদান-প্রদানের মূল সমস্যা নিরাপত্তা নিয়ে এখনো চিন্তিত গবেষকেরা। আঙুলের ছাপ অথবা চেহারা শনাক্ত করার মাধ্যমেই আপাতত নিরাপত্তা দেওয়ার বিষয়টি ভাবছেন গবেষকেরা।নতুন হ্যান্ডসেটের খবরস্মার্টফোনের মধ্যে অ্যাপলের জনপ্রিয়তা পুরোনো। জনপ্রিয় হয়েছে অ্যান্ড্রয়েডও। তারপর কী; এবারের মেলায় নতুন ঘোষণা দিয়েছে মজিলা ফায়ারফক্স। নিজেদের অপারেটিং সিস্টেমের মাধ্যমে হ্যান্ডসেট-নির্মাতা ‘জেটটিই’-এর সঙ্গে গাঁট বেঁধেছে ফায়ারফক্স। আসছে ফায়ারফক্স হ্যান্ডসেট। এ ছাড়া নকিয়া এনেছে লুমিয়া, নিজস্ব অপারেটিং সিস্টেমে। স্যামসাং আনছে ‘টাইজেন’।আরও যা...উন্নত দেশগুলোর জন্য মোবাইল-সেবা নতুন একটা বার্তাও আনছে বলে মনে করেন আয়োজকেরা। মোবাইলের ব্যবহার উন্নত দেশগুলোর কার্বন নির্গমন কমিয়ে দেবে বলেও দাবি তাঁদের। মোবাইল স্বাস্থ্যসেবা, মোবাইলের কারণে গাড়িঘোড়া কম ব্যবহার হবে। এ ছাড়া মুঠোফোন দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধামুক্ত সমাজ গড়তে সহযোগিতা করবে। মোবাইলের মাধ্যমে আগামী বছরগুলোয় অসংখ্য মানুষ স্বাস্থ্যসেবা পাবে বলেও বিশ্বাস করেন আয়োজকেরা।মুঠোফোনের তৃতীয় প্রজন্মআয়োজকদের মতে, ২০১৭ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি মুঠোফোন ব্যবহারকারী হবেন তৃতীয় প্রজন্মের (থ্রিজি)। বাংলাদেশ প্রসঙ্গ উঠলে সবচেয়ে বড় মুঠোফোন সেবাদাতা গ্রামীণফোনের ৫৪ শতাংশের মালিক প্রতিষ্ঠান টেলিনরের প্রধান নির্বাহী জন ফ্রেডরিক বাকসাস স্পষ্ট জানিয়ে দিলেন তাঁদের আগ্রহের কথা। বললেন, ‘তৃতীয় প্রজন্মের নেটওয়ার্কের জন্য আমরা প্রস্তুত, তবে নীতিমালা হতে হবে স্বচ্ছ ও সহজ; তাতে গ্রাহকের ওপর চাপ কম পড়বে।’ইন্টারনেট নিরাপত্তাতৃতীয় প্রজন্মে ঢুকে গেলে দ্রুতগতির ইন্টারনেট মিলবে। সেই ইন্টারনেটের নিরাপত্তা নিয়ে বেশ বিচলিত সেবাদাতারা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। শিশু-কিশোরদের হাতে পৌঁছে দিতে হবে ইন্টারনেট। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইন্টারনেট থেকে শিশুদের দূরে না রেখে তাদের মনিটরিংয়ের ব্যবস্থা করার প্রতি জোর দিয়েছেন টেলিনরের প্রধান নির্বাহী।এবারের মোবাইল মেলায় জোর অংশগ্রহণ ছিল বাংলাদেশের। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন। ছিল বাংলাদেশের অধিকাংশ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানও। বাংলাদেশের জন্য সুখবর হলো, বাংলাদেশের রেলওয়ের ই-টিকিট সেবা পেয়েছে সেরা সেবার পুরস্কার। তবে পুরস্কারটি পাচ্ছে ভারতের প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিবা।আগামী বছর এই মেলা হবে একই স্থানে, স্পেনের বার্সেলোনার ফিরা গ্রাঁ ভিয়ায়—২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি।