মোবারক বিষয়ে বিভক্ত ফিলিস্তিন
আরব ও আফ্রিকা জুড়ে অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্ব ও বৈষম্য থেকে মুক্তির দাবিতে রাজপথে নামা নিম্নবিত্ত মানুষ ও তরুণসমাজের চোখে মিসরের লৌহমানব হোসনি মোবারক এখন কুক্ষিগত ক্ষমতা আর নিষ্পেষণের প্রতীক। মোবারককে যেতে হবে, এ নিয়ে তাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। এ ক্ষেত্রে দৃশ্যত ব্যতিক্রম শুধু ফিলিস্তিনিরা। দেখা যাচ্ছে, নিজেদের বিষয় নিয়ে তারা যেমন বিভক্ত, তেমনি বিভক্ত মোবারকের ক্ষমতায় থাকা না-থাকা নিয়ে।মধ্যপ্রাচ্যের অধিকাংশ মানুষের মতোই ফিলিস্তিনি জনগণ খুব কাছ থেকেই মিসরের ঘটনা দেখছে। তা ছাড়া মিসরের সঙ্গে তাদের সম্পর্কটাও ঐতিহাসিক। দশকের পর দশক ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মিসরের প্রেসিডেন্ট। শুধু তা-ই নয়, ফিলিস্তিনের প্রধান দুই রাজনৈতিক দল হামাস ও ফাতাহর মধ্যকার তিক্ত এবং কখনো কখনো সহিংস ঘটনার মধ্যস্থতাকারীও ছিলেন হোসনি মোবারক। তবে মোবারক ফাতাহ সমর্থক বলেই সবার কাছে পরিচিত। তাই খুব স্বাভাবিকভাবেই তাঁর বিষয়ে ফিলিস্তিনি জনগণের মনোভাব মিশ্র।মিসরে মোবারকবিরোধী বিক্ষোভ নাটকীয়ভাবে তুঙ্গে ওঠার পর থেকে ফিলিস্তিন শাসিত ভূখণ্ডে এ পর্যন্ত কয়েক দফা বিক্ষোভ হয়েছে। তবে এই বিক্ষোভগুলোর উদ্দেশ্য ও বার্তা ছিল ভিন্ন। যেমন, কট্টরপন্থী দল হামাস মিসরের জনতার গণতন্ত্রকামী আন্দোলনে সংহতি জানিয়েছে। নিজেদের নিয়ন্ত্রণে থাকা গাজায় ইতিমধ্যে তারা মোবারকবিরোধী বিক্ষোভও করেছে। তবে লক্ষণীয় হলো, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ নিয়ন্ত্রিত পশ্চিম তীরে মোবারকপন্থী ও বিরোধী উভয় ধরনেরই মনোভাব রয়েছে। হোসনি মোবারক ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে সমর্থন দিতেন বলেই ফাতাহ সমর্থকেরা তাঁকে পছন্দ করেন। আর একই কারণে মোবারক হামাসের চক্ষুশূল। গত তিন বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের পাশাপাশি মিসরও হামাসসহ জঙ্গিদের ‘শায়েস্তা’ করতে গাজার ওপর অবরোধ বজায় রেখেছে। গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী হামাস মিসরের প্রধান বিরোধী দল মুসলিম ব্রাদারহুডের একটি অঙ্গ সংগঠনের মতোই।কৌতূহলের একটি বিষয় হচ্ছে, মিসরে মোবারকবিরোধী বিক্ষোভে উৎসাহিত হয়েই আবার গাজার কিছু তরুণ সেখানে শাসক হামাসের বিরুদ্ধে বিক্ষোভ করে। তাদের অভিযোগ, কট্টরপন্থী হামাসও রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা হরণ করছে।মিসরের ঘটনার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনে হওয়া বিক্ষোভ অপেক্ষাকৃত ছোট এবং দুর্বল হলেও ফিলিস্তিনিদের রাজনৈতিক বিভক্তির বহুমাত্রিকতা বোঝার জন্য এ কয়টি ঘটনাই যথেষ্ট।মিসরের মতো ফিলিস্তিনি জনগণও অনেক ধরনের হতাশায় ভুগছে। দারিদ্র্য, বেকারত্ব, রাজনৈতিক অস্থিতিশীলতা, অপ্রতুল নাগরিক সুবিধা এবং দুর্নীতিতে তাদের জীবনও অতিষ্ঠ।