মোবারকের পর আরব বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী ভুল ভবিষ্যদ্বাণীই না করেছিলাম আমরা!তিউনিসিয়ায় যখন সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলো, তখন বেশির ভাগ বিশ্লেষকই (আমিসহ) বলেছিলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন লৌহমানব বেন আলী বিক্ষোভ গুঁড়িয়ে দিয়ে ঠিকই ক্ষমতা ধরে রাখবেন।প্রেসিডেন্ট বেন আলী আচমকা দেশ ছেড়ে পালিয়ে গেলেন এবং তিউনিসিয়ার বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল মিসরে। এবারও বেশির ভাগ বিশ্লেষকের (আমিসহ) ধারণা সেই আগের মতোই। তাঁরা বললেন, মিসর তিউনিসিয়া নয়। সেখানকার প্রেসিডেন্ট দীর্ঘদিনের লৌহমানব হোসনি মোবারক বিক্ষোভ দমন করে ক্ষমতায় টিকে থাকবেন।গত কয়েক সপ্তাহে এভাবেই বিশ্লেষকদের সব ভবিষ্যদ্বাণী উল্টে গেছে। এ পরিস্থিতিতে সবচেয়ে ঝানু পর্যবেক্ষকও মাথা চুলকাচ্ছেন এটা ভেবে যে, কোন দিকে যাচ্ছে আরব বিশ্ব।এই অভিজ্ঞতার আলোকে একজন ধরা খাওয়া পর্যবেক্ষক হিসেবে মধ্যপ্রাচ্যে এসব ঘটনার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে কিছু বলব।প্রথমত, প্রেসিডেন্ট মোবারকের পদত্যাগ এবং তাঁর কায়রো ত্যাগের মানে এই নয় যে মিসরের সংকট কোনো আশু সমাধানের দিকে যাচ্ছে। বরং প্রেসিডেন্ট মোবারক তাঁর উভয় সংকটকে শীর্ষ সেনা কর্মকর্তাদের ঘাড়ে ফেলে দিয়ে গেলেন মাত্র। সেনা কর্মকর্তারা ওই উভয় সংকট মোবারকের চেয়ে ভালোভাবে মোকাবিলা করা, এমনকি নিজেদের ঐক্য ও সংহতি ধরে রাখায় সক্ষম হবেন কি না, তা খুবই অনিশ্চিত।দ্বিতীয়ত, তিউনিসিয়ায় ‘জনতার শক্তির’ সাফল্যের চেয়ে মিসরে জনতার বিজয় আরব বিশ্বের অন্যান্য দেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মিসর আরব বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী দেশ। মিসরের উদাহরণ ইতিমধ্যেই সচকিত করেছে আরব জনমতকে। আরব বিশ্বের অনেক দেশের অবস্থাই মিসরের অনুরূপ—স্বৈরতন্ত্র, দুর্নীতি, বেকারত্ব ও মর্যাদাহীনতার মতো সমস্যায় জর্জরিত। যেসব আরব একনায়কের নিরাপত্তা বাহিনী মিসরের চেয়ে ছোট আর দুর্বল, তাঁরা ক্ষুব্ধ জনতার ক্ষোভের ব্যাপারে অনেক বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।যেসব দেশের সরকারের কাছে অর্থ রয়েছে, তারা ইতিমধ্যেই ভিন্নমতাবলম্বীদের কেনার চেষ্টা করছে। জর্ডান ও ইয়েমেনের মতো দরিদ্র দেশকে এটি করতে হলে টাকা ধার করতে হবে।তৃতীয়ত, আঞ্চলিক অর্থনীতিতে বিশেষ করে তেলের দাম, পর্যটন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার সামর্থ্যের মতো বিষয়ে ইতিমধ্যেই এই সংকটের গুরুতর প্রভাব পড়েছে।চতুর্থত, হোসনি মোবারকের পতন বেশ কিছু আঞ্চলিক ইস্যুকে প্রভাবিত করবে। যেমন—আরব-ইসরায়েল শান্তিপ্রক্রিয়া, ইরানের ক্রমবর্ধমান প্রভাব, ইসলামি উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ের মতো বিষয়। এসবের ওপর মোবারকের প্রস্থানের প্রভাবটি কেমন হবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করা অসম্ভব না হলেও দুঃসাধ্য হবে।আরব বিশ্বের দেশে দেশে ইসলামি বিপ্লবের আশঙ্কা ভুল। চলমান বেশির ভাগ ভিন্নমতাবলম্বী বিক্ষোভই জাতীয়তাবাদী চেতনা থেকে পরিচালিত হচ্ছে। মিসর ও অন্য দেশগুলোয় অন্যদের শুরু করা আন্দোলনে সুবিধা বুঝে যোগ দিয়েছে ইসলামপন্থীরা।একই কারণে এসব ঘটনা আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য ইরানের দিকে ঝুঁকিয়ে দিতে পারে—এই আশঙ্কাও অপরিপক্ব। ইরান চলমান আলোড়ন পর্যবেক্ষণ করছে, তা নিয়ন্ত্রণ করছে না।শেষত, পাশ্চাত্যের জন্য এতে একটি শিক্ষা রয়েছে। এসব ঘটনা পশ্চিমা বিশ্বকে এমন নীতিগত দোটানায় ফেলেছে, নিকট ভবিষ্যতে যার কোনো সমাধান নেই। ওবামা প্রশাসন যেভাবে মিসরের সংকট মোকাবিলা করেছে, তা অপটু। ইউরোপীয় ইউনিয়নের অবস্থাও তার চেয়ে বিশেষ ভালো নয়। কিন্তু যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া খুব সুনির্দিষ্ট ও দৃঢ় হলেও সংকটের তেমন রকমফের হতো না। কারণ, দশকের পর দশক ধরে পশ্চিমা বিশ্বই সেখানে গণতন্ত্র কিংবা মানবাধিকারের চেয়ে স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিয়েছে। এই পরিস্থিতিতে জরুরিভিত্তিতে কিছু কৌশল পরিবর্তনের চিন্তাভাবনা চলছে পাশ্চাত্যে। সেখানকার নীতিনির্ধারকেরা পরিস্থিতি থেকে সঠিক শিক্ষা নিতে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। পশ্চিমা বিশ্বের জন্য আরেকটি বেদনাদায়ক শিক্ষা হলো, তারা বিপুল পরিমাণ সহায়তা দেয় এমন দেশগুলোর ওপরও তাদের প্রভাব সামান্যই।অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না এবং তা দিয়ে সংকটের সময় জনগণের ক্রোধ থেকে ঘনিষ্ঠ মিত্রকে রক্ষা করাও যায় না।রজার হার্ডি: মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ, উড্রো উইলসন সেন্টার, ওয়াশিংটন ডিসি।ভাষান্তর: দাউদ ইসলাম