মোমবাতিতে ঘরসজ্জা
ঘন ঘন লোডশেডিং এখন নাগরিক জীবনের যেন অন্যতম অনুষঙ্গ। আর তাই অন্ধকার থেকে সাময়িক মুক্তি পেতে মোমবাতির কদর বাড়ছে প্রতিনিয়ত। তবে নিছক আলোর জন্যই নয়, ঘর সাজানোর উপকরণ হিসেবেও মোমবাতি জনপ্রিয়। এর নান্দনিকতা ও সঠিক উপস্থাপনে ঘরের শ্রী কিন্তু অনেকাংশে বেড়ে যায়। কিয়েটোর ইনটেরিয়র ডিজাইনার রাশিদ খান বলেন, ঘর সাজাতে অনেকেই আজকাল মোমের ব্যবহার করছেন। তবে মোমবাতি দিয়ে ঘর সাজানোর সময় অবশ্যই মনে রাখতে হবে, এটি কোন কাজে ব্যবহূত হচ্ছে। বসার ঘরের টেবিলে মোমবাতির ব্যবহার করলে একটু বড় মোমের চারপাশে কয়েকটা ছোট মোম দিয়ে সাজানো যায়। আবার টেবিল বাদ দিয়ে ঘরের কোনো কোনায় হলে মোমটাকে জ্বালিয়ে সাজানো যায়।অনেকে ঝুল-বারান্দার গাছের ফাঁকে ফাঁকে মাটির হারিকেন বা ছিদ্র করা হাঁড়িতে মোম বসিয়ে রাখেন। রাতের আঁধারে মাটির পাত্রের ফাঁকা অংশ থেকে বিচ্ছুরিত মোমের আলোয় গল্প করতে অনেকে পছন্দ করেন। আবার শোবার ঘরের বড় আয়নার পাশে মোম রাখার ব্যবস্থা করা যেতে পারে। এতে আয়নায় মোমের আলো পড়ে এবং আলোর একটা প্রতিফলন ঘটে। এটাও অনেকে পছন্দ করেন। অন্যদিকে খাবার ঘরে একটা মোমবাতি ব্যবহার না করে একাধিক ব্যবহার করাই ভালো। কেননা, মোমের আলোয় রাতের খাবার খাওয়ায় একটা উৎসবের আমেজ পাওয়া যায়। আর যাঁরা কিছুটা শৌখিন, তাঁরা অনায়াসেই গোসলখানার বাথটাবে বা ঝরনার পাশে রাখতে পারেন সুগন্ধিযুক্ত মোম। মোমের মায়াবী আলো ও সুগন্ধি আপনার গোসলে আনবে অনেক বেশি সতেজতা। ডিজাইনার রাশিদ খান বলেন, এখন পূজার সময়। চাইলে পূজার সময় ছোট মোম মাটির ছোট পাত্রে বসিয়ে প্রদীপ আকারেও ঘরে রাখতে পারেন। এতে ঘরে উৎসবের আমেজ আসবে।আড়ংয়ের বিপণন বিভাগের প্রধান ফারজানা হালিম হাই বলেন, ‘আমরা মোমের নকশা এমনভাবে করি, যাতে করে এটি ঘরসজ্জা ও অন্ধকারে আলো ছড়ানো—দুই কাজেই ব্যবহার করা যায়। আর এগুলোর শৈল্পিকতা কোনো অতিথিরই দৃষ্টি এড়ায় না। তবে মোমের আকার যেমনই হোক না কেন, তা যেন ঘরের অন্যান্য অনুষঙ্গ যেমন—পর্দা, চাদর ও আসবাবের সঙ্গে মানিয়ে যায়, সেদিকে খেয়াল রাখা দরকার।’মোমের আরও ব্যবহারএখন উপহারসামগ্রী হিসেবে নান্দনিক মোমবাতি বেশ চলছে। ফুল, গাছ, লতাপাতা, মাছ, বর্ণমালাসহ হরেক রকমের মোম পাওয়া যাচ্ছে ফ্যাশন হাউসগুলোতে। আড়ং, যাত্রা, পিরান, বাংলার মেলা, সাদাকালোতে পাবেন এসব নান্দনিক মোম। কোথায় পাবেন আর দরদাম এখন উপহারসামগ্রী হিসেবে নান্দনিক মোমবাতি কিন্তু চলছে হরহামেশা। ফুল, গাছ, লতাপাতা, মাছ, বর্ণমালাসহ হরেক রকমের মোমবাতি পাওয়া যাচ্ছে ফ্যাশন হাউসগুলোতে। ঘর সাজানোর জন্য ব্যবহূত এই নান্দনিক মোমের দাম কিন্তু ফ্যাশন হাউসভেদে ভিন্ন হয়ে থাকে। ফ্যাশন হাউস আড়ংয়ে বিভিন্ন রং, নকশা আর আকারের মোম পাবেন ১৪ থেকে ৮০০ টাকায়। ফ্যাশন হাউস যাত্রার মোমগুলো বেশির ভাগই মাটির পাত্রের মধ্যে নকশা করে বসানো। হাতি, ঘোড়া, মাছ, ফুল, পাতা—নানা আকৃতির হয় এগুলো। দাম পড়বে ৫০ থেকে ৬০০ টাকা। পিরান, সাদাকালো, বাংলার মেলার মোমগুলো কেনা যাবে ৩০ থেকে ৫০০ টাকার মধ্যে। নিজেও তৈরি করতে পারেনঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের আইডিয়াসের নিপা খালেদ বলেন, কেবল কিনেই মোমের তৈরি সামগ্রী ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। চাইলে তোলা হিসেবে মোম কিনে ঘরে বসে আপনিও তৈরি করতে পারেন নান্দনিক মোমের সামগ্রী। পাশাপাশি মোমের সঙ্গে চুমকি ও পুঁতি ব্যবহার করতে পারেন। দেখতে আরও ভালো লাগবে।